দীর্ঘদিনের আইনি জটিলতায় আটকে থাকা দেশের প্রায় ৩২ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে আর কোনো আইনগত বাধা নেই বলে রায় দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
২ জুলাই প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ রায় দেন। এর ফলে স্থগিত থাকা প্রধান শিক্ষক নিয়োগ প্রক্রিয়া এখন পুনরায় এগিয়ে নিতে আর কোনো আইনি প্রতিবন্ধকতা থাকছে না।
এ বিষয়ে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানান, দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষক সংকট নিরসনে প্রায় ৩২ হাজার ৫০০ জন প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে বিভিন্ন আইনি জটিলতা ও আদালতের স্থগিতাদেশের কারণে এতদিন এ নিয়োগ কার্যক্রম বন্ধ ছিলো।
এর ফলে বছরের পর বছর অনেক বিদ্যালয়েই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে কার্যক্রম পরিচালনা করতে হয়েছে, যা প্রশাসনিক ও শিক্ষাগত কাজে বিভিন্ন জটিলতা তৈরি করে।
আপিল বিভাগের রায়ের পর এখন নিয়োগ প্রক্রিয়া দ্রুত এগিয়ে নেওয়ার পথ উন্মুক্ত হয়েছে বলে আশা করা হচ্ছে।



