এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬-এর ফল পুনর্নিরীক্ষণসহ মূল্যায়নের ফল প্রকাশ হয়েছে। পুনর্নিরীক্ষণে গ্রেড পরিবর্তন হয়েছে ২৭ হাজার ৮৩৬ জন পরীক্ষার্থীর। নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ৭৯ জন। আর ফেল থেকে পাস করেছেন ৪ হাজার ৫৮৫ জন শিক্ষার্থী।
গত ১০ আগস্ট এসএসসি ও সমমান পরীক্ষার প্রাথমিক ফল প্রকাশ করা হয়। ১১টি শিক্ষা বোর্ড মিলিয়ে এবার পরীক্ষায় অংশ নেন ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন শিক্ষার্থী। এর মধ্যে উত্তীর্ণ হন ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন। প্রাথমিক ফলাফলে জিপিএ-৫ পেয়েছিলেন ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন।
এবারের পরীক্ষায় ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে গড় পাসের হার ছিল ৬২ দশমিক ২৫ শতাংশ। শুধু ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার ছিল ৬৪ দশমিক শূন্য ৫ শতাংশ, যা গত ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন। গত বছরের তুলনায় এবার পাসের হার ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা দুটিই কমেছে।
প্রাথমিক ফল প্রকাশের পর পুনর্নিরীক্ষণের জন্য ১১ থেকে ১৭ আগস্ট পর্যন্ত আবেদন গ্রহণ করা হয়। ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ৪ লাখ ২ হাজার ৫১ জন পরীক্ষার্থী উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য মোট ১২ লাখ ৮৭ হাজার ৯২৬টি আবেদন জমা পড়ে।



