উক্রেইনে পুরোপুরি সচল স্টারলিংক সেবা

আপডেট : ২৫ অক্টোবর ২০২৬, ০২:১০ পিএম

উক্রেইনে স্টারলিংক ও স্টারশিল্ড স্যাটেলাইট ব্যবস্থার গতি স্বাভাবিক হয়েছে। এক সপ্তাহের বেশি সময় ধরে দেশটিতে এই সেবায় বিঘ্ন ও ধীরগতি ছিল।

এবিসি নিউজ বলছে, শনিবার উক্রেইনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, স্টারলিংক-স্টারশিল্ডের কার্যক্ষমতা পুরোপুরি পুনরুদ্ধার হয়েছে। ঘণ্টায় ৪০০ কিলোমিটারের বেশি গতিতে চলার সময়ও স্যাটেলাইট সংযোগ স্থিতিশীল আছে।

উক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও যুক্তরাষ্ট্রের অন্য কর্মকর্তাদের কাছে সেবা পুনরুদ্ধারে সহায়তা চেয়েছিলেন।

ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্স স্টারলিংক পরিচালনা করে।

উক্রেইনের প্রতিরক্ষামন্ত্রী ইয়েভহেন খমারা শনিবার এক বিবৃতিতে বলেন, “এটি আরেকটি উদাহরণ যে, সরাসরি আলোচনা এবং উক্রেইনের প্রেসিডেন্টের দৃঢ় অবস্থান সুফল আনতে পারে।”

তিনি বলেন, সম্মুখসারিতে থাকা সেনা, ড্রোন পরিচালনা, রসদ সরবরাহ ও যোগাযোগের জন্য এই সেবা বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

জেলেনস্কি বলে আসছিলেন, স্টারশিল্ড ও স্টারলিংক নেটওয়ার্কে গতিসীমা আরোপের কারণে তার দেশের সামরিক সক্ষমতা ব্যাহত হয়েছে।

অন্যদিকে, শনিবার এক পোস্টে ইলন মাস্ক বলেন, উক্রেইন স্টারলিংকের ব্যবহারের শর্ত লঙ্ঘন করছিল।

তিনি লেখেন, “বেসামরিক বাণিজ্যিক সেবা স্টারলিংক ব্যবহার করে মানুষ হত্যার জন্য ড্রোন হামলা চালানোর অনুমতি কখনোই ছিল না, আর তা থাকা উচিতও নয়।”

মাস্ক আরও বলেন, সামরিক কাজে ব্যবহারের উপযোগী স্টারশিল্ড ব্যবস্থা যুক্তরাষ্ট্র সরকারের নিয়ন্ত্রণে। তিনি লেখেন, “তারা কী করবে, তা তাদের সিদ্ধান্ত।”

এর আগে গত সপ্তাহে এক পোস্টে মাস্ক বলেছিলেন, স্টারশিল্ড ব্যবস্থার মালিকানা ও নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্র সরকারের হাতে। এর গতি বা ব্যবহারের ওপর যেকোনো সীমা নির্ধারণ করে মার্কিন সামরিক বাহিনী এবং শেষ পর্যন্ত প্রেসিডেন্ট।

অন্যদিকে, স্টারলিংক স্পেসএক্সের মালিকানাধীন ও নিয়ন্ত্রিত একটি বাণিজ্যিক সেবা। মাস্কের বক্তব্য অনুযায়ী, এটি বেসামরিক বা প্রতিরক্ষামূলক কাজে ব্যবহার করা যায়, তবে আক্রমণাত্মক সামরিক অভিযানে নয়।

শুক্রবার ট্রাম্প সাংবাদিকদের বলেন, এ বিষয়ে তিনি মাস্কের সঙ্গে কথা বলেননি। তবে বিঘ্ন অব্যাহত থাকলে কথা বলবেন। তিনি বলেন, “শুনেছি সমস্যাটি ঠিক হয়েছে। তবে না হয়ে থাকলে আমি তার সঙ্গে কথা বলবো।”

শনিবার ট্রাম্প জানান, উক্রেইন পরিস্থিতি নিয়ে মাস্কের সঙ্গে তার কথা হয়েছে। তবে তাদের মধ্যে কী আলোচনা হয়েছে, তা তিনি প্রকাশ করেননি।