প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে হবে মাদক-জুয়া প্রতিরোধ কমিটি

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ পিএম

বাংলাদেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বার্তায় এ তথ্য জানানো হয়।

মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কার্যকর উদ্যোগ গ্রহণের লক্ষ্যে এসব কমিটি গঠন করা হবে।

শিক্ষার্থীদের মাদকাসক্তি ও জুয়ার মতো ক্ষতিকর কর্মকাণ্ড থেকে দূরে রাখা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে সুস্থ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

তবে কমিটির গঠনপ্রক্রিয়া, সদস্যসংখ্যা, দায়িত্ব ও কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য মন্ত্রণালয়ের বার্তায় জানানো হয়নি।

সম্প্রতি মাদক ও জুয়াকে দেশের অন্যতম প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত করে এসব নির্মূলে কার্যকর পদক্ষেপ নেয়ার সুপারিশ করে ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। সংসদ ভবনে কমিটির সভাপতি জয়নুল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এই সুপারিশ করা হয়।