যুক্তরাষ্ট্রের ট্যুরিস্ট ভিসা বন্ধ হচ্ছে না

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১৭ পিএম

বাংলাদেশসহ ৭৫টি দেশের জন্য ইমিগ্রেন্ট বা অভিবাসী ভিসা ইস্যু করা বন্ধ রাখবে যুক্তরাষ্ট্র। তবে ট্যুরিস্ট ভিসাসহ যেকোন ধরনের নন ইমিগ্রেন্ট ভিসায় কোন পরিবর্তন আসছে না।

যুক্তরাষ্ট্রে পররাষ্ট্র দপ্তর বা ডিপার্টমেন্ট অব স্টেট এক্স হ্যান্ডেলে জানিয়েছে, “পররাষ্ট্র দপ্তর ৭৫টি দেশের ইমিগ্র্যান্ট ভিসাপ্রক্রিয়া স্থগিত করবে, যেসব দেশের অভিবাসীরা আমেরিকান জনগণের কাছ থেকে অগ্রহণযোগ্য হারে কল্যাণমূলক সুবিধা নিয়ে থাকেন।”

একই পোস্টে জানানো হয়েছে, “নতুন অভিবাসীরা আমেরিকান জনগণের কাছ থেকে সম্পদ বের করে নেবেন না, এটা যত দিন পর্যন্ত যুক্তরাষ্ট্র নিশ্চিত করতে না পারবে, তত দিন পর্যন্ত এই স্থগিত অবস্থা বহাল থাকবে।”

২১ জানুয়ারি থেকে এই স্থগিতের সিদ্ধান্ত কার্যকর হবে। তবে এটি শুধুমাত্র অভিবাসী ভিসার জন্যই প্রযোজ্য।
যুক্তরাষ্ট্রে ভ্রমণ বিষয়ক ওয়েবসাইট ট্রাভেল ডট স্টেট-এ জানানো হয়েছে, যাদের অভিবাসী ভিসা আবেদনের সাক্ষাৎকারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে তারা নির্ধারিত দিনেই সাক্ষাৎকার দিতে পারবেন।

যারা আবেদন করতে চান তারা আবেদন করতে পারবেন, সাক্ষাৎকার দিতে পারবেন, এমনকি সাক্ষাৎকারের জন্য সময়সূচি নির্ধারণের কাজও চলবে। তবে যতদিন স্থগিত থাকবে ততদিন কোন নতুন ভিসা ইস্যু করা হবে না।

যাদের বৈধ অভিবাসী ভিসা আছে তাদের যুক্তরাষ্ট্রে আসা যাওয়ায় কোন বাধা নেই। আর ইমিগ্রেন্ট ভিসা ছাড়া ট্যুরিস্ট ভিসাসহ যেকোন ধরনের নন ইমিগ্রেন্ট ভিসার কার্যক্রম থাকছে আগের মতো।

অভিবাসী ভিসা ইস্যু করার প্রক্রিয়ার পুনর্মূল্যায়নের পর এ বিষয়ে নতুন সিদ্ধান্ত জানাবে যুক্তরাষ্ট্র। তবে কতদিন এ স্থগিতের সিদ্ধান্ত কার্যকর থাকবে তা স্পষ্ট করেনি স্টেট ডিপার্টমেন্ট।

 

বাংলাদেশ ছাড়া স্থগিতাদেশের আওতায় থাকা অন্য দেশগুলো হলো:

আফগানিস্তান, আলবেনিয়া, আলজেরিয়া, অ্যান্টিগুয়া ও বারবুডা, আর্মেনিয়া, আজারবাইজান, বাহামাস, বার্বাডোস, বেলারুশ, বেলিজ, ভুটান, বসনিয়া ও হার্জেগোভিনা, ব্রাজিল, মিয়ানমার, কম্বোডিয়া, ক্যামেরুন, কেপ ভার্দে, কলম্বিয়া, কোট দিভোয়ার, কিউবা, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, ডোমিনিকা, মিশর, ইরিত্রিয়া, ইথিওপিয়া, ফিজি, গাম্বিয়া, জর্জিয়া, ঘানা, গ্রেনাডা, গুয়াতেমালা, গিনি, হাইতি, ইরান, ইরাক, জ্যামাইকা, জর্ডান, কাজাখস্তান, কসোভো, কুয়েত, কিরগিজ প্রজাতন্ত্র, লাওস, লেবানন, লাইবেরিয়া, লিবিয়া, মলদোভা, মঙ্গোলিয়া, মন্টেনেগ্রো, মরক্কো, নেপাল, নিকারাগুয়া, নাইজেরিয়া, উত্তর মেসিডোনিয়া, পাকিস্তান, কঙ্গো প্রজাতন্ত্র, রাশিয়া, রুয়ান্ডা, সেন্ট কিটস ও নেভিস, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডিনস, সেনেগাল, সিয়েরা লিওন, সোমালিয়া, দক্ষিণ সুদান, সুদান, সিরিয়া, তানজানিয়া, থাইল্যান্ড, টোগো, তিউনিসিয়া, উগান্ডা, উরুগুয়ে, উজবেকিস্তান এবং ইয়েমেন।