বাংলাদেশে বিনিয়োগ বাড়াবে যুক্তরাষ্ট্র

আপডেট : ০১ আগস্ট ২০২৬, ০২:১২ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর।

শনিবার সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান সার্জিও গর। বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো, আঞ্চলিক সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ও বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন।

বৈঠক শেষে সার্জিও গর জানান আগামী সপ্তাহেই যুক্তরাষ্ট্রের একটি ব্যবসায়ী প্রতিনিধি দল বাংলাদেশ সফর করতে যাচ্ছে, যারা বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী।

সার্জিও গর বলেন, “আমরা এই বার্তাটি সবার কাছে পৌঁছে দিতে চাই যে, এখানে অবিশ্বাস্য সম্ভাবনা রয়েছে। তা ওষুধ শিল্প হোক বা তথ্যপ্রযুক্তি। এমন অনেক ক্ষেত্র আছে যেখানে যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ একসাথে কাজ করতে পারে। এর ওপর ভিত্তি করে সামনে এগিয়ে যাওয়ার এবং আমাদের সম্পর্ককে পরবর্তী ধাপে নিয়ে যাওয়ার প্রত্যাশা করছি।”

এর আগে যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য বাংলাদেশে ভ্রমণ সতর্কতার মাত্রা কমানো হয়েছে বলে জানিয়েছেন সার্জিও গর। তিনি বলেন, “মানুষকে কেবল পর্যটক হিসাবেই নয়, বরং বিনিয়োগের অনুকূল পরিবেশ বিবেচনা করেও এখানে আসার আহ্বান জানানো হচ্ছে।”

গত ৩০এ জুলাই ঢাকায় পৌঁছান সার্জিও গর। সফরের প্রথম দিন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন। শুক্রবার কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবির দেখতে যান। ক্যাম্পের বিভিন্ন মানবিক ও সেবামূলক কাজ ঘুরে দেখেন ও রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন।