গাজীপুরে শিশু নিপীড়ন মামলার আসামির জামিন নামঞ্জুর

আপডেট : ২৫ অক্টোবর ২০২৬, ০৭:০৪ পিএম

গাজীপুর টঙ্গিতে মাদ্রাসায় শিশু নিপীড়ন মামলার আসামি শিক্ষক মোসলেম আহমেদকে জামিন দেয়নি আদালত। রবিবার, ২৫এ অক্টোবর দুপুরে গাজীপুরের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওমর হায়দারের আদালত তার জামিন নামঞ্জুর করেন। 

তদন্ত কর্মকর্তা রিমান্ডের আবেদন না করায় আসামির অনুপস্থিতিতেই এই জামিন শুনানি হয়। উভয় পক্ষের শুনানি শেষে ও ভুক্তভোগী শিক্ষার্থীর নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ২২ ধারার জবানবন্দি দেখে আদালত এ সিদ্ধান্ত দেন।

গাজীপুরের টঙ্গীর আউচপাড়া এলাকার একটি কওমি মাদ্রাসার প্রথম শ্রেণির এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ এনে শিক্ষককে মারধরের ঘটনায় সারা দেশে চলছে আলোচনা সমালোচনা। এরই মধ্যে গ্রেপ্তার হয়েছেন অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক মোসলেম আহমেদ। 

রবিবার অভিযুক্ত শিক্ষকের জামিন চেয়ে আবেদন করেন আসামিপক্ষের আইনজীবীরা। এসময় উপস্থিত ছিলেন বাদী পক্ষের আইনজীবীরাও। শুনানির এক পর্যায়ে আদালতে দেওয়া শিশুটির ২২ ধারার জবানবন্দি দেখতে চান বিচারক। দীর্ঘ শুনানি ও ভুক্তভোগীর জবানবন্দির পর আসামির জামিন নামঞ্জুর করেন গাজীপুরের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওমর হায়দার। 

যদিও আসামিপক্ষের আইনজীবীর দাবি, মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা। তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। ভুক্তভোগী শিশু শিক্ষার্থীর স্বজনরাও উপস্থিত ছিলেন আদালতে। তাদের দাবি, মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে মামলা করায় হুমকি দেওয়া হচ্ছে।