পিস্তল হাতে প্রকাশ্য প্রতিমন্ত্রী, আইনের লঙ্ঘন হলে ব্যবস্থা নেবে পুলিশ

আপডেট : ১৮ অক্টোবর ২০২৬, ০৩:২৫ পিএম

একহাতে হ্যান্ডমাইক, আরেক হাতে নিয়ে পিস্তল প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের মাদকবিরোধী অভিযানে আইনের লঙ্ঘন হয়েছে কি-না তা তদন্ত করবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ।

শনিবার স্যোশাল মিডিয়াতে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেনের ফেইসবুক পেইজ থেকে মাদকবিরোধী অভিযানের ভিডিও আপলোড করা হয়।

ভিডিওতে তিনি বলেন, দৌঁড়ে মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছেন তিনি। অভিযানের সময় ধাওয়া করার পাশাপাশি পিস্তল দেখিয়ে তাদের দাঁড়িয়ে থাকতেও নির্দেশ দেন। 

শনিবার বিকাল সোয়া ৫টার দিকে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, গাড়ি থেকে নেমে এক হাতে হ্যান্ড মাইক ও অন্য হাতে পিস্তল নিয়ে একদল লোককে তাড়া করছেন তিনি। সাদা পোশাকের অন্য একজনকেও অস্ত্র হাতে লোকজনকে তাড়া করতে দেখা যায়।

ঘটনাটি ঢাকার গেণ্ডারিয়া রেললাইনসংলগ্ন এলাকায় ঘটেছে বলে জানা গেছে।  এই ঘটনায় কোনো আইনের ব্যত্যয় থাকলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশ গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম।

মো. শফিকুল ইসলাম, অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা বিভাগ), ঢাকা মেট্রোপলিটন পুলিশ

রবিবার সংবাদ সম্মেলনে তিনি বলেন, ঘটনাটি মূল্যায়নের জন্য এখনই মন্তব্য করার সময় আসেনি। সংশ্লিষ্ট বিভাগের উপ-পুলিশ কমিশনার বিষয়টি পর্যালোচনা করে প্রতিবেদন দেবেন।

অভিযানে একজন প্রতিমন্ত্রী পুলিশের দায়িত্ব পালন করতে পারেন কি-না এমন প্রশ্নের জবাবে এই অতিরিক্ত পুলিশ কমিশনার কোনো মন্তব্য করতে চাননি।

এদিকে, শনিবার সন্ধ্যা ৭টা ২২ মিনিটে ইশরাক হোসেনের ফেইসবুক পেইজে দেওয়া আরেকটি পোস্টে ঢাকা-৬ আসনকে মাদকমুক্ত না করা পর্যন্ত অভিযান অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয়।

পোস্টে বলা হয়, মাদক কারবারিরা যে দলেরই হোক, তাদের ছাড় দেওয়া হবে না। এমনকি নিজের দলের কেউ মাদক কারবারে জড়িত থাকলে তার শাস্তি আরও বড় হবে বলেও ঘোষণা দিয়েছেন ইশরাক হোসেন।