তিস্তা প্রকল্পে বাংলাদেশকে সহায়তার আশ্বাস চীনের

আপডেট : ০২ জুলাই ২০২৬, ০৫:১৪ পিএম

তিস্তা প্রকল্পে বাংলাদেশকে সহযোগিতা করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে চীন। ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, বাংলাদেশের অনুরোধ পেলেই তিস্তা প্রকল্পে কাজ করবে চীন। 

বৃহস্পতিবার ঢাকায় চীনা দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর নিয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনে বিভিন্ন বিষয়ে কথা বলেন রাষ্ট্রদূত।

রাষ্ট্রদূত বলেন, তিস্তা প্রকল্পে চীন কাজ করবে। বাংলাদেশের অনুরোধে তিস্তা প্রকল্পে চীন কাজ করবে।

তিনি আরও বলেন, তিস্তা প্রকল্পে চীনের অবস্থান অপরিবর্তিত রয়েছে। চীন তাদের সামর্থ্যের মধ্যে থেকে এই প্রকল্পে বাংলাদেশকে সহায়তা অব্যাহত রাখবে। এর বাইরে অন্য কেনো ইস্যু চীনের ভাবনার বিষয় নয়। তিস্তা ইস্যুতে চীনের সমর্থন অব্যাহত থাকবে।

তিস্তা প্রকল্প বাস্তবায়নে ভারতের উদ্বেগের প্রশ্নে তিনি বলেন, তিস্তা একটি বাংলাদেশি প্রকল্প। এটি আপনাদের প্রকল্প। তিস্তা প্রকল্পে বাংলাদেশ যত দ্রুত চাইবে, চীন তত দ্রুতই এগোবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর অত্যন্ত সফল উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, নতুন সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চীন সফর সম্পূর্ণভাবেই সফল হয়েছে। এটি বাংলাদেশ-চীন সম্পর্কের ক্ষেত্রে একটি মাইলফলক, যা এক নতুন কৌশলগত উচ্চতায় পৌঁছেছে। এই সফরের মাধ্যমে দুই দেশের মধ্যে আস্থার এক নতুন স্তর তৈরি হয়েছে।