প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে রাষ্ট্র সংস্কার, জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
২৩এ নভেম্বর সোমবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির নেতাদের এ বৈঠক শুরু হয়। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন।
বৈঠকে সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণের দাবি জানিয়েছে দলটি। অন্যদিকে, ‘নোট অব ডিসেন্ট’সহ স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আশ্বাস দিয়েছে সরকার।
বৈঠক শেষে নাহিদ ইসলাম বলেন, জুলাই গণ-অভ্যুত্থান ও ফ্যাসিবাদবিরোধী প্রশ্নে সব শক্তিকে এক জায়গায় আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। এনসিপির পক্ষ থেকে এই ঐক্যের সঙ্গে রাষ্ট্র সংস্কারের বিষয়টিও যুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিবাদী শক্তি সন্ত্রাস চালাচ্ছে। এ পরিস্থিতি থেকে উত্তরণের উপায় নিয়েও আলোচনা হয়েছে।
তার মতে, ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোকে নিয়ে দীর্ঘমেয়াদী রোডম্যাপ প্রয়োজন। একই সঙ্গে আধিপত্যবাদ প্রশ্নে জাতীয় পররাষ্ট্রনীতি তৈরি করা জরুরি।
বৈঠকে ভারতের সঙ্গে গঙ্গা চুক্তিতে ন্যায্য হিস্যা আদায়ে সরকারকে আপস না করার আহ্বান জানিয়েছে এনসিপি। পাশাপাশি ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আদালতের রায় কার্যকরের উদ্যোগ নেওয়ার দাবিও জানানো হয়েছে।
রাষ্ট্র সংস্কার প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, সংবিধান সংশোধনে গঠিত সংসদীয় কমিটি সংস্কার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে। এ কারণে কমিটি বাতিল এবং সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণের দাবি জানিয়েছে এনসিপি। এসব দাবি বিবেচনার আশ্বাস দিয়েছে সরকার।
ভারতের ভূমিকার সমালোচনা করে নাহিদ ইসলাম অভিযোগ করেন, দেশটির ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। তার দাবি, সীমান্তের ওপারে বিজেপির সমাবেশে আওয়ামী লীগের নেতারাও যুক্ত হচ্ছেন। বাংলাদেশকে ঘিরে আন্তর্জাতিক পরিসরেও ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
বৈঠকে এনসিপির সদস্যসচিব আখতার হোসেনও উপস্থিত ছিলেন। তিনি বলেন, ফ্যাসিবাদের আস্ফালন, বিচার কার্যক্রম এবং গঙ্গা চুক্তিসহ বিভিন্ন বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে।
অন্যদিকে, বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন বলেন, সরকার ‘নোট অব ডিসেন্ট’সহ স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করবে। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী বিএনপি সরকার তা বাস্তবায়ন করবে।
তিনি বলেন, নির্বাচিত সরকার যে রাজনৈতিক সহাবস্থান চায়, এনসিপির সঙ্গে এ বৈঠক তার প্রমাণ। জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এ মতবিনিময়ে প্রতিফলিত হয়েছে। ফ্যাসিবাদবিরোধী দলগুলোর মধ্যে ঐক্য ইতিমধ্যে প্রতিষ্ঠিত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
মাহ্দী আমিন বলেন, এনসিপি তাদের দাবিগুলো জানিয়েছে, প্রধানমন্ত্রী সরকারের অবস্থান তুলে ধরেছেন। ফ্যাসিবাদবিরোধী ঐক্য আরও সুসংহত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।
বৈঠক প্রসঙ্গে প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি সালেহ শিবলী বলেন, অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।



