বোমারু মামুন

পুলিশকে বললেন তিনি ‘ভাড়াটে খুনী’

মুখে সবসময় মাস্ক। কখনো কাঁধে, আবার কখনো হাতে ব্যাগ। সেই ব্যাগের মধ্যে বোমা ও ছুরি। তিনি নব্য জেএমবির শীর্ষ নেতা ‘বোমারু মামুন’। কিন্তু একেক সময় একেক পরিচয় দেন।  তাকে গ্রেপ্তারের পর বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য। ভাড়া বাসার উঠানে মাটির নিচে মিলেছে ১১টি আইইডি। বিভিন্ন স্থানে সাম্প্রতিক বোমা ও আইইডি উদ্ধারের ঘটনায় তার নেটওয়ার্কের সম্পর্ক কতটা গভীর? 

আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৪০ পিএম

লক্ষীপুরের রায়পুর থানার চরবংশী খাসেরহাট বাজারের সেদিনের সন্ধ্যাটা যে ‘ককটেল’ সন্ধ্যায় পরিণত হবে জানা ছিল না এবাদুল্লা গাজীর। সয়াবিনের পাইকারি ব্যবসায়ী এবাদুল্লা বসেছিলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠানে। হঠাৎই তার চোখে পড়ে অপরিচিত এক যুবকের সন্দেহজনকভাবে ঘোরাফেরা। 

এবাদুল্লার মতো আরো অনেকের নজরেও আসে বিষয়টি। কিছু একটা জিজ্ঞাসা করতেই পর পর তিনটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর চেষ্টা করেন ওই যুবক। তার কাছে ছিল ছুরি। ওই ছুরির আঘাতেই এবাদুল্লা ও তার ছেলে রায়হান গাজীসহ ৩ জন গুরুতর আহত হন। 

পরে স্থানীয় জনতা ধাওয়া দিয়ে ধরে ফেলে ওই যুবককে। দেওয়া হয় গণপিটুনি। তখন সেই যুবক নিজেকে পরিচয় দেন সাইফুল ওরফে সুজন নামে। গণপিটুনির পর স্থানীয়রা তাকে তুলে দেন হাজীমারা ফাঁড়ির পুলিশের কাছে। 

গত ৩রা নভেম্বরের ওই ঘটনা আলাপ-এর কাছে এভাবেই বর্ণনা করেন এবাদুল্লা গাজীর ছেলে ফারুক হোসেন, যিনিও সেদিন ছিলেন ঘটনাস্থলে। 

“ধরা পড়ার পর সুজন নিজেকে ভোলা সদর উপজেলার শ্যামপুর বেদুইনের বাসিন্দা বলে পরিচয় দেন,” যোগ করেন তিনি। 

কিন্তু সুজনের আসল পরিচয় ভিন্ন। তিনি হলেন নিষিদ্ধ জঙ্গি সংগঠন নব্য জেএমবির শীর্ষ নেতা নাজমুল হাসান মামুন ওরফে বোমারু মামুন। 

যেভাবে পুলিশ জানল আসল পরিচয়

১২টি মামলার আসামি বোমারু মামুন হলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে ‘মোস্ট ওয়ান্টেড’-দের একজন। 

'মাদার অব সেটান' নামে পরিচিত ট্রাইঅ্যাসিটোন ট্রাইপারঅক্সাইড (টিএটিপি) বিস্ফোরক দিয়ে বোমা তৈরিতে ‘অত্যন্ত পারদর্শী’ হওয়ার কারণে তার পরিচিতি ‘বোমারু মামুন’ নামে।

হাজীমারা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ধনতোষ ত্রিপুরা আলাপ-কে বলেন, “ধরা পড়ার পর সুজন নিজেকে ‘কন্ট্রাক্ট কিলার’ হিসাবে পরিচয় দেন।”  

“জিজ্ঞাসাবাদে বলেন, দীর্ঘদিন ধরে ঢাকায় বসবাস করেন তিনি। রায়পুরের একজনের মাধ্যমে চরবংশীতে এসেছেন। একজনকে খুনের জন্য ভাড়া করে আনা হয়েছে তাকে।”

ধনতোষ ত্রিপুরা আরো জানান, ৪ঠা নভেম্বর সুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, “গ্রেপ্তারকৃত সুজনের বিস্তারিত জানার অংশ হিসাবে সোর্স নিয়োগ করা হয়। সোর্স এমন একজন রিকশাচালককে খুঁজে পায়, যে রিকশায় যাতায়াত করতেন তিনি। পরে ওই রিকশাচালকের সূত্র ধরে সুজনের ভাড়া বাসা শনাক্ত করা হয়।”

পুলিশের আরেক কর্মকর্তা জানান, সুজন ওরফে বোমারু মামুনের ভাড়া বাসার উঠানের মাটির নিচে গর্ত থেকে ১১টি (ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) আইইডি উদ্ধার করা হয়। এরপর যোগাযোগ করা হয় ঢাকায় কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সাথে।

খবর পেয়ে ১২ই নভেম্বর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়করণ দল সেখানে পৌঁছে নিষ্ক্রিয় করে বোমাগুলো।

রায়পুর থানার পরিদর্শক (তদন্ত) আবদুল মান্নান বলেন, “রিমান্ডে জিজ্ঞাসাবাদে সুজনের প্রকৃত পরিচয় প্রকাশ পায়। আটকের পর তিনি ভুয়া পরিচয় দিয়েছিলেন। কিন্তু রিমান্ডে আমরা নিশ্চিত হয়েছি তিনি নব্য জেএমবির শীর্ষ নেতা বোমারু মামুন।” 

১৭ই নভেম্বর তাকে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার পরই প্রকৃত পরিচয় বেরিয়ে আসে বলে জানান ওই কর্মকর্তা। 

আবদুল মান্নান আরো বলেন, “গ্রেপ্তারের প্রায় দুই মাস আগে পরিচয় গোপন করে চরবংশী এলাকায় বাড়ি ভাড়া নেন মামুন। সেখানে এক নারী ও এক পুরুষের সঙ্গে বসবাস করতেন তিনি। বাড়ির মালিককে জানিয়েছিলেন চর এলাকায় পোলট্রি খামার করবেন তারা।”

চরবংশীর খাসেরহাট বাজারের হামলার পর বিস্ফোরক আইনে মামলা হয় ৪ঠা নভেম্বর। বাদী হলেন এবাদুল্লা গাজীর ছেলে ফারুক হোসেন। মামলায় বোমারু মামুন ছাড়াও আরো ৬ জনকে আসামি করা হয়েছে, যাদের সবাই চরবংশীর চর ঘাসিয়া ও উত্তর চরবংশীর বাসিন্দা। 

মামুন ছাড়া অন্য আসামিরা হলেন- ইমাম হোসেন গাজী, নুর ইসলাম প্রকাশ ওরফে বসু সরদার, মো. আবু খাঁ, তামিম গাজী, বাচ্চু সরদার ও শামীম গাজী।

অজ্ঞাতনামা হিসাবে মামলায় উল্লেখ করা হয়েছে আরও ৮ জনের কথা। সেখানে বলা হয়েছে, আসামিরা এবাদুল্লা গাজীর ব্যবসা প্রতিষ্ঠানের ক্যাশ বাক্স থেকে ৪ লাখ ৮৫ হাজার টাকা লুট করেছে। 

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হন্যে হয়ে খুঁজে বেড়ালেও নানা ছদ্মবেশ ধারণ করে আইনের চোখ ফাঁকি দিয়ে বেড়াচ্ছিলেন বোমারু মামুন। 

সিসিটিভি ফুজেট থেকে তার যেসব চিত্র পাওয়া গেছে, তা বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, বাইরে চলাফেলার সবসময় মাস্ক পরতেন তিনি। কখনো কাঁধে, আবার কখনো হাতে থাকত ব্যাগ। সেই ব্যাগের মধ্যেই রাখা থাকত বোমা ও ছুরি।    

কে এই বোমারু মামুন

২০১৭ সালের ১৫ই অগাস্ট রাজধানী ঢাকার পান্থপথের ওলিও হোটেলে আত্মঘাতী বোমা হামলা মামলার আসামি ছিলেন ‘বোমারু মামুন’। ওই বছরের ৩১এ ডিসেম্বর ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার করা হয় তাকে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হন্যে হয়ে খুঁজে বেড়ালেও নানা ছদ্মবেশ ধারণ করে আইনের চোখ ফাঁকি দিয়ে বেড়াচ্ছিলেন বোমারু মামুন

পরে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন তিনি। জবানবন্দির তথ্য অনুযায়ী, ২০১৬ সালের জুন অথবা জুলাই মাস থেকে নব্য জেএমবির সাথে যুক্ত হন মামুন।

২০১৬ সালে জুন-জুলাইয়ের দিকে আবু মুসলিমা নামে একজনের সাথে পরিচয়ের পর সে বছরের অক্টোবর মাসে চট্টগ্রামে চলে যান মামুন। সেখানে ২০১৭ সালের শুরুর দিকে মামুনকে বোমা বানানোর প্রশিক্ষণ দেন নৌবাহিনীর সদস্য মো. সাখাওয়াত হোসেন। সংগঠনে যার নাম ছিল ‘মাহফুজ’, ‘সবুজ পাখি’, ও ‘তাহুশ’। 

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় এক সরকারি কর্মচারীর ছেলে সাখাওয়াতের জন্ম ১৯৮৪ সালে। স্থানীয় আল হেরা একাডেমি থেকে ২০০২ সালে এসএসসি পাশ করে ফুলবাড়িয়া কলেজে ভর্তি হন, কিন্তু এইচএসসি শেষ করার আগেই ২০০৪ সালে যোগ দেন নৌবাহিনীতে। সেখানে থাকা অবস্থায় ২০১৪ সালে জঙ্গিবাদে জড়িয়ে পড়েন। সে সময় ডেপুটেশনে চট্টগ্রামে র‌্যাব-১২ তে কর্মরত ছিলেন মাহফুজ। এর আগে ২০১৩ সালে নীলফামারী ও টাঙ্গাইলে র‌্যাবের বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালন করেন তিনি। 

এই মাহফুজের কাছেই চট্টগ্রামে ২০১৭ সালের শুরুতে দুই মাসের প্রশিক্ষণে সালফিউরিক এসিড, নাইট্রিক এসিড, হাইড্রোজেন পার-অক্সাইড দিয়ে বোমা বানানো শিখে এক সময় 'মাদার অব সেইটান' নামে পরিচিত ট্রাইঅ্যাসিটোন ট্রাইপারঅক্সাইড (টিএটিপি) বিস্ফোরক দিয়ে বোমা বানাতে দক্ষ হয়ে ওঠেন মামুন। 

এরপর ঝিনাইদহে আরেক দফা বোমা বানানোর প্রশিক্ষণ নেন মামুন। এবারের প্রশিক্ষক আব্দুস সবুর খান ওরফে হাসান ওরফে সোহেল মাহফুজ ওরফে নসরুল্লাহ ওরফে ‘হাতকাটা সোহেল’। 

২০১৬ সালের ১লা জুলাই ঢাকার গুলশানে হোলি আর্টিজান বেকারিতে হামলার অন্যতম পরিকল্পনাকারী এই হাতকাটা সোহেল নব্য জেএমবির ভারতীয় শাখার আমিরও ছিলেন। ভারতের খাগড়াগড় বিস্ফোরণ মামলার আসামি, হাতকাটা সোহেলকে ধরিয়ে দিতে সেদেশের পুলিশ ২০১৪ সালে ১০ লাখ রুপি পুরস্কার ঘোষণা করেছিলো। 

২০১৭ সালের মার্চ থেকে এপ্রিলের মাঝামাঝি সময় পর্যন্ত হাতকাটা সোহেলের কাছে টাইম বোমা, রিমোট বোমা, প্রেসার কুকার বোমা ও সুইসাইড ভেস্ট বানানোর প্রশিক্ষণ নেন মামুন।

দীর্ঘদিন কারাবন্দি থেকে ২০২৪ সালের সেপ্টেম্বরে জামিনে বেরিয়ে আসেন মামুন। আট বছরের বেশি সময় ধরে চলার পর হোটেল ওলিও বিস্ফোরণ মামলায় এই বছরের ৫ই জানুয়ারি মামুনসহ ১১ জন বেকসুর খালাস পান। ওই রায় দেন ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল। 

সুইসাইড ভেস্ট থেকে এখন সায়ানাইড, আত্মঘাতী হওয়ার পন্থা বদলাচ্ছেন নব্য জেএমবির জঙ্গিরা। সাভারের হেমায়েতপুর থেকে বোমা তৈরির সরঞ্জামের সঙ্গে উদ্ধার হওয়া সন্দেহজনক রাসায়নিক দ্রব্য পরীক্ষায় সায়ানাইড শনাক্ত হওয়ার পর সামনে এসেছে এই নতুন তথ্য। আর এই ঘটনার কেন্দ্রে রয়েছেন ‘বোমারু মামুন’।

অগাস্ট মাসে জঙ্গি আস্তানা সন্দেহে সাভারে বড় ধরনের চালায় জঙ্গিবাদ নিয়ে কাজ করা পুলিশের দুই বিশেষায়িত ইউনিট, কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট এবং এন্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)। 

সিটিটিসি ও এটিইউ-এর কর্মকর্তারা আলাপ-কে বলেন, চলতি বছরের অগাস্টে সাভারে চালানো অভিযানের মূল টার্গেটই ছিলেন মামুন। কিন্তু তার আগেই পালিয়ে যেতে সক্ষম হন তিনি। সাভারের হেমায়েতপুরের দক্ষিণ শ্যামপুরের তিন তলা ভবনে চালানো ওই অভিযানে বোমা তৈরির কেমিক্যালের সাথে সায়ানাইডও উদ্ধার হয়

গত বছরের ডিসেম্বর থেকেই মামুনের সন্ধানে এক জায়গা থেকে আরেক জায়গায় অভিযান চালিয়ে আসছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

সম্প্রতি ঢাকা ও ঢাকার বাইরে সংঘটিত বোমা বিস্ফোরণ, উদ্ধার ও গ্রেপ্তার অভিযান পর্যালোচনায় বারবার উঠে এসেছে ‘বোমারু মামুনের’ নাম। ওইসব ঘটনার মধ্যে আছে:

  • ২৬এ ডিসেম্বর, ২০২৫: দক্ষিণ কেরাণীগঞ্জের হাসনাবাদ হাউজিংয়ে উম্মুল কুরা ইন্টারন্যাশনাল মাদ্রাসায় বোমা তৈরির সময় বিস্ফোরণ। ঘটনাস্থল থেকে ককটেল, দাহ্য পদার্থ ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার। নেপথ্যে উঠে আসে ‘বোমারু মামুনের’ নাম।
  • ৫ই জানুয়ারি, ২০২৬: সন্ত্রাসী হামলা মামলায় মামুনসহ ১৪ আসামি বেকসুর খালাস পান।
  • ১০ই জানুয়ারি ফরিদপুর শহরের আলীমুজ্জামান ব্রিজের দক্ষিণ অংশে একটি ব্যাগের মধ্যে রাখা বোমা উদ্ধার ও নিষ্ক্রিয়।  
  • ৩০এ জানুয়ারি: কেরাণীগঞ্জ মাদ্রাসার বিস্ফোরণে সংশ্লিষ্ট সন্দেহে আবদুর রহমান গ্রেপ্তার।
  • ৩১এ জানুয়ারি: যশোরের বাঘারপাড়ায় নব্য জেএমবির শীর্ষ পর্যায়ের নেতা হাফিজ খালিদ ইব্রাহিমের ব্যক্তিগত গাড়িচালকের বাসায় যৌথ বাহিনীর অভিযান। ১০টি শক্তিশালী গ্রেনেড, ৩টি বিদেশি পিস্তল, পিস্তলের ১৯টি গুলি, ১টি চাপাতি, ১টি ছুরি ও ১টি ক্ষুর উদ্ধার।
  • ২১এ ফেব্রুয়ারি: ঢাকার যাত্রাবাড়ীর কুতুবখালীতে পুলিশকে ছুরিকাঘাত, ককটেল বিস্ফোরণ।
  • ২৩এ ফেব্রুয়ারি: ঢাকার কদমতলী এলাকা থেকে উম্মুল কুরা ইন্টারন্যাশনাল মাদ্রাসায় বিস্ফোরণ মামলার প্রধান আসামি নব্য জেএমবি নেতা শেখ আল-আমিন ওরফে রাজিব ইসলাম গ্রেপ্তার।
  • ২৫এ ফেব্রুয়ারি: শেখ আল-আমিন ওরফে রাজিব ইসলামকে আদালতে হাজির, রিমান্ড মঞ্জুর।
  • ৭ই মার্চ: কুমিল্লার একটি মন্দির ও মসজিদের সামনে ককটেল বিস্ফোরণ।
  • ১২ই মার্চ: ফেনীতে সংখ্যালঘু সম্প্রদায়ের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা।
  • ২৫এ মার্চ: ঢাকার সায়েদাবাদের জনপদ মোড়ে বিস্ফোরণ।
  • ২৫এ মার্চ: যাত্রবাড়ি ফ্লাইওভার থেকে আইইডি উদ্ধার।
  • ২২এ জুন: ঢাকার উত্তরার দক্ষিণখানে রাষ্ট্রীয় একটি গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের ওপর বোমা হামলা।
  • ২৪এ জুলাই:  ঢাকার মতিঝিল মেট্রো স্টেশনের নিচে দূর-নিয়ন্ত্রিত আইইডি উদ্ধার ও নিষ্ক্রিয়।
  • ৩০এ জুলাই: আশুলিয়ায় প্রেসার কুকার বোমা উদ্ধার ও নিষ্ক্রিয়।
  • ১লা অগাস্ট: ঢাকার মিরপুর ১০ ও ফার্মগেটে বোমাতঙ্ক।
  • ১১ই অগাস্ট সাভারের হেমায়েতপুর থেকে নব্য জেএমবির সদস্য মোহাম্মদ আরিফকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্য অনুযায়ী, ওই দিন রাতে সাভারের দক্ষিণ শ্যামপুর এলাকায় তিনতলা একটি বাড়িতে অভিযান চালিয়ে ১১টি পাইপবোমাসহ (আইইডি) বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে সাভার থানায় আরিফসহ ছয়জনের নাম উল্লেখ করে মামলা করে পুলিশ। মামলায় বোমারু মামুনকে প্রধান আসামি করা হয়।
  • ১১ই অগাস্ট দিবাগত রাতে সাভারের সাধাপুর এলাকায় মসজিদের মাঠ থেকে কালো স্কচটেপে মোড়ানো একটি প্রেশার কুকার উদ্ধার হয়। স্থানীয় লোকজন একটি নীল রঙের প্লাস্টিকের ড্রাম দেখতে পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে খবর পাঠায়। ওই ড্রামের ভেতরেই কালো স্কচটেপে মোড়ানো ছিল প্রেশার কুকার বোমা।
  • ১২ই অগাস্ট বরিশাল জেলা ও দায়েরা জজ আদালতে চত্বরে ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ।
  • ১৬ই অগাস্ট ঢাকার ডেমরা থানা এলাকা থেকে  ‘দাওলাতুল ইসলামের’ সদস্য জুয়েল ভূঁইয়া ও আরিফ চৌধুরী গ্রেপ্তার। কালো স্কচটেপ দিয়ে মোড়ানো দুটি তাজা ডেটোনেটর বোমা উদ্ধার।

এক সময় হোলি আর্টিজান হামলার পরিকল্পনাকারীদের কাছ থেকে বোমা তৈরির প্রশিক্ষণ নেওয়া মামুন দীর্ঘদিন কারাগারে থাকার পর জামিনে মুক্ত হন। এরপর পরিচয় গোপন করে একের পর এক এলাকায় আস্তানা গড়েছেন বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের দাবি।

সাভারে তাকে ধরতে অভিযান চালিয়েও পাওয়া যায়নি। শেষ পর্যন্ত লক্ষ্মীপুরে একটি হামলার ঘটনায় গ্রেপ্তারের পর তার ভাড়া বাসা থেকে উদ্ধার হয়েছে আইইডি।

তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো, মামুন কি একাই এই নেটওয়ার্ক পরিচালনা করছিলেন, নাকি তার সঙ্গে সক্রিয় আরও সংগঠিত একটি চক্র রয়েছে? 

সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে বোমা ও আইইডি উদ্ধার, বিস্ফোরণ এবং জঙ্গি সন্দেহে গ্রেপ্তারের ঘটনাগুলো সেই প্রশ্নকে করেছে আরও গুরুত্বপূর্ণ।