মবের ঘটনায় ‘জিরো টলারেন্স’, বিচারের এ কেমন অবস্থা

আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ১২:৫৫ পিএম

২০২৪ সালের ৫ই অগাস্টের পর থেকে বাংলাদেশের জননিরাপত্তা এবং বিচারব্যবস্থার জন্য গুরুতর উদ্বেগের কারণ হয়ে উঠেছে মব সহিংসতা ও গণপিটুনির ঘটনা। 

হত্যাকাণ্ড চলছে হাসপাতালের ভেতরে, জনসমক্ষে, মানুষের উপস্থিতিতে। এমনকি শত শত মানুষ নারকীয় উল্লাস করে প্রকাশ্যে পিটিয়ে, পুড়িয়ে মারছে মানুষ। একদল লোক নিজেরাই হয়ে উঠছে অভিযোগকারী, বিচারক ও শাস্তিদাতা। 

চলতি বছরের জানুয়ারি থেকে নয় মাসে মব সহিংসতায় নিহতের সংখ্যা নিয়ে বিস্তর ফারাক দেখা গেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন ও সালিশ কেন্দ্র এবং হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির হিসাবের মধ্যে। সরকারি হিসাবের তুলনায় কয়েকগুণ বেশি মানুষের নিহত হওয়ার খবর দিচ্ছে বেসরকারি সংস্থা দুটি। 

সরকারের ঘোষিত কঠোর অবস্থান ও মাঠপর্যায়ের বাস্তবতার মধ্যে এত ব্যবধান কেন? মব সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা থাকলেও বাস্তবে কোথায় আটকে আছে বিচার? প্রশ্ন আসে, বিচারহীনতার এই অভিজ্ঞতা কি মব সহিংসতায় জড়িতদের আরও বেপরোয়া করে তুলছে?