ঢাকার সাভার-আশুলিয়ায় পোশাক শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে হওয়া সহিংসতায় জড়িত থাকার অভিযোগে পাঁচজন শ্রমিক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এর মধ্যে সাভার থানার একটি মামলায় ঢাকার পল্লবীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এক এমপির বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে দুইজনকে। তারা হলেন গ্রিন বাংলা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মোছা. সুলতানা বেগম ও সাধারণ সম্পাদক মো. ইলিয়াস।
এই দুজনের বিরুদ্ধে গার্মেন্টস মালিকদের কাছে চাঁদা দাবি ও হুমকির অভিযোগও আছে।
আশুলিয়া থানায় হওয়া আরেকটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে বাংলাদেশ ন্যাশনাল ট্রেড ইউনিয়নের ভারপ্রাপ্ত কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. শামীম, বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক মো. মনসুর আলী এবং জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের আশুলিয়া থানার সাধারণ সম্পাদক মো. আবদুল হালিম।
তবে এই তিনজনকে কোন জায়গা থেকে গ্রেপ্তার করা হয়েছে তা জানায়ানি ঢাকা জেলা পুলিশ।
গত ৪ই নভেম্বর ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে বিক্ষোভ শুরু করেন পোশাক শ্রমিকরা। ওইদিন হঠাৎ পাঁচ থেকে ছয় হাজার মানুষ অবরোধ করে ঢাকা-আরিচা মহাসড়ক। বন্ধ হয়ে যায় যান চলাচল, আটকে পড়েন যানবাহনে থাকা শত শত যাত্রীরা।
ওই সড়কের যান চলাচল স্বাভাবিক করতে গেলেই বাধে বিপত্তি। বিক্ষোভকারীরা পুলিশের ওপর হামলে পড়ে। পুলিশের দিকে ছোড়া হয় পেট্রোলবোমা, ককটেল ও ইটপাটকেল।
হামলায় সাভার মডেল থানার ওসিসহ ২০ থেকে ৩০ জন পুলিশ সদস্য আহত হন। পুড়িয়ে দেওয়া হয় তাদের ব্যবহৃত একটি পিকআপ ভ্যান ও দুইটি মোটরসাইকেল।
ঢাকা জেলা পুলিশের এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আশুলিয়ার ঘোষবাগ এলাকায় দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে ৪০০ থেকে ৫০০ জনের একটি দল একটি তৈরি পোশাক কারখানায় ভাঙচুর চালায়।
ওই কারখানার এক ঊর্ধ্বতন কর্মকর্তার ওপর হামলা চালালে তিনি গুরুতর আহত হন। হামলায় কারখানার প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়। কারখানার গেটে আগুন দেওয়া হয়। ঘটনাস্থল থেকে তিনটি ককটেল উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় আশুলিয়া থানার মামলায় হয়।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেপ্তার হওয়া শ্রমিক নেতারা শ্রমিকদের দাবি নিজেদের স্বার্থে ব্যবহারের চেষ্টা করেছেন। শ্রমিক আন্দোলনে যোগ দিতে বা চুপ থাকতে চাপ ও হুমকি দিয়েছেন তারা।
আন্দোলনকে সহিংস রূপ দিতে অর্থায়নেরও তথ্যও পাওয়া গেছে। এ ছাড়া তদন্তে নিষিদ্ধ একটি রাজনৈতিক সংগঠনের সঙ্গে সমন্বয় করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির ইঙ্গিত মিলেছে বলেও জানিয়েছে পুলিশ।
বিজ্ঞপ্তিতের পুলিশ জানায়, কোনো শ্রমিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ততা বা ন্যায্য মজুরির দাবিতে শান্তিপূর্ণ আন্দোলনের কারণে কাউকে গ্রেপ্তার করা হয়নি। সুনির্দিষ্ট মামলা ও প্রাথমিক তদন্তে প্রমাণ পাওয়ায় তাদের আইনের আওতায় আনা হয়েছে।
ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন আলাপ-কে বলেন, “আমরা সহিংসতায় অর্থদাতা হিসেবে সাভারের এক ছাত্রলীগ নেতার নাম পেয়েছি। সে ভারত থেকে নানাভাবে অর্থ সরবরাহ করছে বলে প্রমান পাওয়া গেছে। বিকাশে অর্থ লেনদেনের প্রমানও পাওয়া গেছে।”
এছাড়া কারাবন্দি সাবেক প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, পলাতক এমপি সাইফুুল ইসলাম, সাভারের সাবেক উপজেলা চেয়ারম্যান রাজিবসহ ও তাদের লোকজন অর্থ জোগান দিচ্ছেন বলেনও পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে।
এখন সাভার-আশুলিয়ায় পরিবেশ স্বাভাবিক বলে জানিয়েছেন ঢাকার পুলিশ সুপার।
পুলিশের তথ্য বলছে, গত ২৯এ অক্টোবর থেকে ১৯এ নভেম্বর পর্যন্ত সাভার-আশুলিয়ায় পোশাক শ্রমিকদের অসন্তোষ ঘিরে ঢাকা জেলা ও শিল্প পুলিশের ৭টি যানবাহন ক্ষতিগ্রস্ত হয় এবং আহত হন ৫০ জন পুলিশ সদস্য। এক শ্রমিক নিহত হয়েছেন। এসব ঘটনায় এখন পর্যন্ত ১৬টি মামলায় ৯৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।



