ফরিদপুরে বিএনপি কার্যালয়ে আগুন ককটেল, কৃষক দল নেতা নিহত

আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ১০:১৮ এএম

ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল থেকে ছোড়া ককটেল বিস্ফোরণে কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে উপজেলার হামিরদী ইউনিয়নের হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর ওই মহাসড়ক সাড়ে ৯টা পর্যন্ত যান চলচল বন্ধ ছিল।

নিহত রাজু মোল্লা ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আক্তার মোল্লার ছেলে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত সোয়া ৯টার দিকে হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি মিছিল শুরু হয়। এ সময় ঢাকা-বরিশাল মহাসড়ক আটকে মিছিল করে দলটির কর্মী সমর্থকরা।

বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওই মিছিল থেকে হামিরদীতে বিএনপির কার্যালয় ও কয়েকটি যানবাহন ভাঙচুর করা হয়। আগুন দেওয়া হয় মোটরসাইকেলে।

এ সময় সেখানে কৃষক দলের নেতা রাজু মোল্লাকে একা পেয়ে তার ওপর হামলা চালায় আওয়ামী লীগের কর্মী সমর্থকরা। তাদের ছোঁড়া ককটেলে গুরুতর আহত হন রাজু। পরে তাকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাজু মোল্লাকে মৃত ঘোষণা করেন।

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম (বাবুল) গণমাধ্যমকে বলেন, “এক দেড়শজন আওয়ামী লীগ সমর্থক ঢাল, কাতরা, লাঠি, বল্লম নিয়ে ওই এলাকায় মহড়া দিচ্ছিলেন। তারা রাজু মোল্লার ওপর হামলা করেন। খবর পাওয়ার পর কৃষক দলের লোকজন গিয়ে তাদের সরিয়ে দেয়।”