কোস্ট গার্ডের অভিযানে সুন্দরবনে অস্ত্র ভাণ্ডারের সন্ধান

আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ০৫:৪৯ পিএম

সুন্দরবনে বনদস্যুদের গোপন অস্ত্রভাণ্ডারের সন্ধান পেয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড। খুলনার দাকোপে শিবসা নদীর শরবতখালী খালের পাশে বনের ভিতরে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

অভিযান থেকে ১০টি একনলা বন্দুক, দুটি এয়ারগান, দুটি দেশীয় ওয়ান শুটার, চারটি একনলা বন্দুকের পাইপ, ৫৫ রাউন্ড তাজা কার্তুজ, ৩২ রাউন্ড ফাঁকা কার্তুজ, ১৭২ রাউন্ড এয়ারগানের গুলি এবং দুটি ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়।

মঙ্গলবার সকালে মোংলার কোস্ট গার্ড বেইস ও নলিয়ানের আউটপোস্টের সদস্যরা যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন। দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে কোস্ট গার্ড।

বাহিনীটির গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত গণমাধ্যমকে জানান, সুন্দরবনের বনদস্যুদের নির্মূল ও উপকূলীয় অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করতে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ এবং ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি বিশেষ অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি ডাকাতদল ডাকাতির উদ্দেশ্যে সুন্দরবনের শরবতখালী খালসংলগ্ন এলাকায় বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ মজুত করেছে।

কোস্ট গার্ড আরও জানায়, ডাকাতদলের সদস্যদের শনাক্ত ও আটকের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। পাশাপাশি ওই এলাকায় টহল কার্যক্রমও বাড়ানো হয়েছে। উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।