পরীমনির বিরুদ্ধে মাদক মামলার চার্জ গঠন শুনানি পেছাল

আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ০২:৪১ পিএম

রাজধানীর বনানী থানায় করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায়, চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে চার্জগঠনের শুনানির তারিখ পিছিয়ে আগামী ২৩এ ডিসেম্বর নির্ধারণ করেছেন আদালত। মঙ্গলবার দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেন শুনানি শেষে এই আদেশ দেন। 

পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী বলেন, “সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক রবিউল আলমের আদালতে মামলার চার্জগঠনের শুনানি ছিলো সকাল সাড়ে ১০টায় চিত্র নায়িকা পরীমনি আদালতে উপস্থিত হন। এরপর আদালতে আসার পর জানতে পারি, এই মামলাটি সিএমএম আদালতে বদলি করা হয়েছে। ”

তিনি আরও জানান, সিএমএম আদালতে পরীমনি হাজির হন। এরপর বিচারক চার্জগঠনের শুনানির জন্য আগামী ২৩ ডিসেম্বর দিন ঠিক করেন।

এর আগে, গত ২৯এ সেপ্টেম্বরও চার্জগঠনের শুনানির জন্য তারিখ ঠিক ছিল। কিন্তু সেদিনও পরীমনি ‘পায়ে ব্যথার’ জন্য আদালতে হাজির হতে পারেননি। পরে তার আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে শুনানির তারিখ পিছিয়ে ১৭ই নভেম্বর ধার্য করা হয়।

২০২১ সালের ৪ঠা অগাস্ট পরীমনির বাড়িতে অভিযান চালিয়ে মাদক উদ্ধারের কথা জানায় ওই সময়ের র‌্যাব (বর্তমানে এসআরবি)। দায়ের করা হয় মাদক মামলা। এক মাস কারাভোগের পর মুক্তি পান পরীমনি।

ওই বছরের ৪ঠা অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী গোলাম মোস্তফা পরীমনিসহ তিন জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন। মামলার অপর দুই আসামি হলেন, পরীমনির ম্যানেজার আশরাফুল ইসলাম দিপু এবং পরীমনির খালু কবীর হোসেন হাওলাদার।

২০২২ সালের ৫ই জানুয়ারি পরীমনিসহ ছাড়াও ৩ জনের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়। পরে ওই মামলার বাদী র‌্যাব-১ এর কর্মকর্তা মজিবর রহমান আদালতে সাক্ষ্য দেয়া শুরু করেন। 

তবে অভিযোগ গঠনের পর ওই মামলা বাতিল চেয়ে পরীমনি হাইকোর্টে আবেদন করেন। ২০২২ সালের ১লা মার্চ হাইকোর্ট রুল দিয়ে মামলার কার্যক্রম পরীমনির ক্ষেত্রে তিন মাসের জন্য স্থগিত করেন। পরে আলোচিত এই মামলাটি উচ্চ আদালতে পুনরায় চার্জ গঠনের আদেশ আসে।