ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও ঢাকা-৬ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সাঈদ খোকনকে গ্রেফতার করেছে এসআরবি।
১৭ই নভেম্বর মঙ্গলবার সকাল ৭ টায় রাজধানীর বারিধারার একটি বাসায় অভিযান চালিয়ে সাঈদ খোকনকে গ্রেফতার করে এসআরবি-১ এর একটি দল। পরে তাকে ডিবিতে হস্তান্তর করা হয়।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম আলাপ-কে জানান, "সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর করেছে এসআরবি। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনাসহ অনেকগুলো মামলা আছে। এর মধ্যে একটি মামলায় সাঈদ খোকনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।"
সাঈদ খোকনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সর্বশেষ ২০২৫ সালের ১৩ই নভেম্বর তার বিরুদ্ধে ৫৪ কোটি টাকা অর্থ পাচারের অভিযোগে মামলার অনুমোদন দেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)।
এ মামলায় সাঈদ খোকনের পাশাপাশি তার বোন শাহানা হানিফ ও একজন কর্মচারীকেও আসামি করা হয়।
এর আগে ঢাকা-৬ আসনের সাবেক এই সংসদ সদস্য, তার মা শাহানা হানিফ, স্ত্রী ফারহানা সাঈদ এবং ভাই জাবেদ আহমেদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত।
২০১৫ সালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন সাঈদ খোকন। পরে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে ২০২৪ সালের বিতর্কিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।



