প্রলেতারিয়েত থেকে সাইবারিয়েত: রাস্তায় নামা জেনজি আসলে কোন শ্রেণি?

একই প্রজন্ম কিন্তু একই শ্রেণি নয়। কেউ ডিজিটাল প্ল্যাটফর্মের মালিক, কেউ সেখানে কাজের অপেক্ষায়, কেউ নিজের সাইকেল বা কম্পিউটার দিয়ে শ্রম বিক্রি করেও নিজের মজুরি বা কাজের শর্ত ঠিক করতে পারেন না। কারও বস মানুষ, কারও বস অদৃশ্য-একটা অ্যাপ, অ্যালগরিদম কিংবা রেটিং। একই প্রযুক্তি কারও জন্য মুনাফার উৎস, কারও জন্য টিকে থাকার হাতিয়ার। তাই রাস্তায় তাদের ক্ষোভের জায়গা এক হলেও, শ্রেণিস্বার্থ এক নয়। 

আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ১০:১৮ এএম

রাত এগারোটায় ঢাকার এক বাসায় দুই ভাই-বোনের দিন শেষ হলো দুইভাবে।

ভাই সাইকেল ঠেলে ফিরল। শেষ অর্ডারের জন্য রেস্তোরাঁর সামনে চল্লিশ মিনিট দাঁড়িয়ে থাকতে হয়েছে। বোন তখনও কম্পিউটারের সামনে। পর্দায় একের পর এক রাস্তার ছবি আসছে। যে ছবিতে সাইকেল আছে, তার চারপাশে বাক্স আঁকতে হবে। ভাই পেছনে দাঁড়িয়ে খানিক দেখে বলল, ‘‘আমি সারা দিন চালাইলাম, তুই সারা দিন খুঁজলি। পাইলি কয়টা?’’

‘‘সাইকেল পাইছি অনেক। তবে কাল কাজ পাবো কি-না জানি না।’’

ভাই-বোন দুজনই কাল্পনিক, কিন্তু তাদের কাজ দুটো আমাদের খুব চেনা। ভাইয়ের ফোনে পরের অর্ডার এলে সে আবার বের হবে। বোনের বিদেশি ক্রেতা নতুন ছবি পাঠালে সে আবার বসবে। ভাই নিজের সাইকেলের মালিক, বোন নিজের কম্পিউটারের। দুজনেই কাল একটু দেরিতে ঘুম থেকে উঠতে পারে, কেউ তাদের হাজিরা খাতায় সই করাচ্ছে না। শুধু মাস শেষে নিজেদের কাজের দর কত হবে, সেটা ঠিক করার স্বাধীনতাটা তাদের নেই।

এই দৃশ্যের সামনে তিনজন চিন্তাবিদ তিনটি আলাদা প্রশ্ন করতেন।

অর্থনীতিবিদ গাই স্ট্যান্ডিং শুরুতেই চোখ রাখতেন অনিশ্চয়তায়। কাল কাজ আছে তো? তার বইয়ের নামই দ্য প্রেকারিয়েত। শ্রমগবেষক উরসুলা হিউজ বোনটির পাশে চেয়ার টেনে বসে জানতে চাইতেন অন্য কথা। ছবিগুলো কে পাঠায়? সাইকেল চিনতে ভুল করলে কে ধরে? ঠিকঠাক চেনানো গেলে সেই বিদ্যা কার সম্পত্তি হয়? তার বইয়ের নাম দ্য মেকিং অব আ সাইবারিয়েত। আর কার্ল মার্ক্স ঘরে ঢুকলে সাইকেল আর কম্পিউটার দেখে সেই পুরোনো প্রশ্নটিই করতেন: “যন্ত্র দুটো তো তোমাদেরই, তাহলে কাজ দুটোর দাম ঠিক করে কে?”

এই লেখা ওই তিন প্রশ্নের পিছু পিছু হাঁটার চেষ্টা। শেষে যে প্রশ্নে পৌঁছাতে চাই, সেটা শিরোনামেই বসানো আছে। কয়েক বছর ধরে ঢাকা থেকে কাঠমুন্ডু, নাইরোবি থেকে লিমা, রাস্তায় নামছে একটা প্রজন্ম। তারা আসলে কোন শ্রেণি, আর তাদের ক্ষোভ কোন সম্পর্কের দিকে তাক হওয়া উচিত?

তিন ‘তারিয়েত’ আর দরজার বাইরের এক ছায়া

নামগুলো শুনতে ভারী, আসলে একই পরিবারের তিন পুরুষ। পরিচয়টা সেরে নিই।

বংশের দাদা প্রলেতারিয়েত। শব্দটির জন্ম প্রাচীন রোমে। ল্যাটিন প্রোলস মানে সন্তান। রোমে একদল নাগরিক ছিলেন, রাষ্ট্রকে দেওয়ার মতো সম্পদ বলতে যাদের ছিল কেবল সন্তান। মার্ক্স এই পুরোনো শব্দটি তুলে এনে আধুনিক কারখানার মজুরের গায়ে বসিয়ে দিলেন। যার নিজের কোনো কারখানা নেই, বাঁচতে হলে যাকে নিজের শ্রমটাই বেচতে হয়, সে-ই প্রলেতারিয়েত। দাদার একটা বড় সুবিধা ছিল। এক ফটক দিয়ে ঢুকে একই ঘণ্টায় ছুটি পেতো বলে সে বুঝত, তার পাশের মানুষটিও একই নৌকায়।

বাবা প্রেকারিয়েত। ইংরেজি প্রিকারিয়াস মানে অনিশ্চিত। এই শব্দের সঙ্গে প্রলেতারিয়েতের শেষ অংশ জুড়ে নামটি বানিয়েছেন স্ট্যান্ডিং। এখানে কাজ আছে, কিন্তু স্থায়ী নয়। চুক্তি আছে, কিন্তু নবায়নের নিশ্চয়তা নেই। আয় আছে, কিন্তু আয়ের সঙ্গে আসা নিরাপত্তা, পেশাগত পরিচয় আর ইউনিয়নে নিজের কথা বলার জায়গা নেই। ফ্যাক্টরির শ্রমিকের অন্তত একটা স্থায়ী টেবিল ছিল। প্রেকারিয়েতের টেবিলটাও ধার করা।

আর নাতি সাইবারিয়েত। ‘সাইবার’ আর ‘প্রলেতারিয়েত’ জুড়ে উরসুলা হিউজ নাম দিলেন সেই শ্রেণির, যার কাজ পর্দার ভেতর দিয়ে আসে এবং পর্দার ভেতর দিয়েই চলে যায়। ২০০৩ সালের বইটির উপশিরোনাম ভারী সুন্দর, ভার্চুয়াল ওয়ার্ক ইন আ রিয়েল ওয়ার্ল্ড । কাজ ভার্চুয়াল হতে পারে, কিন্তু যিনি করেন তার চোখ জ্বালা করে, কবজি ব্যথা করে, ঘরভাড়াও বাস্তব। কোনো প্রতিষ্ঠানের কাজকে ছোট ছোট অংশে ভাঙতে পারলে এক অংশ ঢাকায়, আরেক অংশ ম্যানিলায় করানো যায়। পুরো ছবিটা কেমন দাঁড়াচ্ছে, তা না জেনেও প্রত্যেকে নিজের টুকরোটা শেষ করেন।

তিন পুরুষকে পাশাপাশি রাখলে ফারাকটা ধরা যায়।

প্রলেতারিয়েতের সমস্যা কম মজুরি। শত্রুকে সে চেনে, কারণ মালিক ফটকের ভেতরেই থাকেন।

প্রেকারিয়েতের সমস্যা অনিশ্চয়তা। মজুরি হয়তো ভালো, কিন্তু কাল কী হবে কেউ জানে না।

সাইবারিয়েতের সমস্যা, নিজের বসের চেহারাটাই সে দেখে না। কখনো বস একটা নোটিফিকেশন, কখনো একটা রেটিং, কখনো একটা অ্যালগরিদম।

ঢাকার ওই মেয়েটি তাই একই সঙ্গে প্রেকারিয়েত ও সাইবারিয়েত। প্রথম শব্দটি বলে, তার জীবিকার ভিত কতটা নড়বড়ে। দ্বিতীয়টি বলে, ডিজিটাল উৎপাদনে তার শ্রম ঠিক কোন কোণে রয়েছে।

আর দরজার বাইরে দাঁড়িয়ে আছে এক অচেনা ছায়া, যে এখনো বংশের সদস্য হয়নি। ইতিহাসবিদ ইউভাল নোয়া হারারি তার আসার আশঙ্কা করেন। তার নাম ইউজলেস ক্লাস, বাংলায় অকেজো শ্রেণি। শব্দটা ইচ্ছে করেই উসকানিমূলক, কারণ মানুষ কখনও অকেজো নয়। হারারির ভয় অন্য জায়গায়। অর্থনীতি যদি একদিন বহু মানুষকে বলে, “তোমার দক্ষতা আমার আর লাগে না”, তখন কী হবে? প্রলেতারিয়েতকে শোষণ করা হতো, কিন্তু তাকে দরকার ছিল। এই ছায়াকে শোষণও করা হয় না, কারণ দরকারটাই ফুরিয়ে গেছে। এই আশঙ্কায় ফিরব পরে।

চাকরি গেল কোথায়, কাজ তো আছে

‘গিগ’ শব্দটা বুঝতে বিয়েবাড়ির গানের দলের কথা ভাবুন। আজ এক বাড়িতে বায়না। গান শেষ, টাকা মিটল, সম্পর্কও শেষ। সামনের শুক্রবার আরেকটা বায়না জুটতেও পারে, না-ও পারে। এই পুরোনো বন্দোবস্তের সঙ্গে স্মার্টফোনের বিয়ে দিয়ে ব্যবসাটা এখন বিশ্বজোড়া। একটা অর্ডারের খাবার পৌঁছে দেওয়া, একটা লোগো আঁকা, হাজারটা ছবিতে সাইকেল চিহ্নিত করা। কাজকে এত ছোট ছোট টুকরোয় কেটে বেচা হচ্ছে যে কিনতে সুবিধা, কিন্তু যাকে বেচতে হচ্ছে তার ভাত জোটানো কঠিন। যিনি কাজ দেন, তার সুবিধা স্পষ্ট। যতটুকু সময় দরকার, ঠিক ততটুকুই কেনা। অথচ যিনি কাজ করেন, তাকে বাকি সময়টাতেও খেয়ে-পরে থাকতে হয়।

তাই মজুরির অঙ্কের পাশাপাশি আরেকটা হিসাব জরুরি। ভাইটি যে চল্লিশ মিনিট খাবারের জন্য অপেক্ষা করল, ওই সময়টা কে কিনল? বোন যে তিনটি নমুনা বানিয়ে চার জায়গায় পাঠিয়ে এক জায়গা থেকে সাড়া পেল, বাকি শ্রমের দাম কে দেবে? স্ট্যান্ডিংয়ের বইয়ে এর একটা চমৎকার ধারণা আছে, ওয়ার্ক-ফর-লেবার, মানে পারিশ্রমিক পাওয়া কাজটুকু জোটাতে আর ধরে রাখতে যে বাড়তি খাটুনি যায়। এই হিসেবে একজন বেকার তরুণও ভয়ানক ব্যস্ত মানুষ। তার সপ্তাহে ছুটি নেই, কারণ চাকরি খোঁজাটাই তার পূর্ণকালীন, বিনা বেতনের চাকরি।

এর সঙ্গে মার্ক্সের আরেকটা পুরোনো ধারণা জুড়ে দিলে ছবিটা পরিষ্কার হয়, শ্রমের রিজার্ভ বাহিনী । কারখানার গেটের বাইরে সবসময় কিছু মানুষ কাজের আশায় দাঁড়িয়ে থাকলে ভেতরের মানুষটি মজুরি বাড়ানোর কথা বলতে ভয় পায়। অ্যাপে নতুন একজনের যোগ দেওয়া একটা রেজিস্ট্রেশনের ব্যাপার মাত্র। অর্থাৎ কর্মীরা নিজেরাই একে অন্যের দর নিচে নামানোর কারণ হয়ে যান, কাউকে বদনাম না দিয়েও ব্যবস্থাটা কাজ করে।

বাংলাদেশের একজন দিনমজুর এতক্ষণে হেসে বলতে পারেন, “কাইল কাম পামু কি-না জানি না, এই কথা কইতে আপনাদের বই লাগলো!’’ তার কথা ঠিকই। অনিশ্চিত শ্রম এদেশে বহু পুরোনো। নতুন ব্যাপারটি অন্য জায়গায়। যে বাবা দিনমজুরি করে মেয়েকে কম্পিউটার কিনে দিলেন, তার বিশ্বাস ছিল, লেখাপড়া শিখে মেয়ে অন্তত আগামীকালটা নিয়ে নিশ্চিন্ত হবে। এখন বাবা হাটে বসে কাজের অপেক্ষা করেন, মেয়ে ঘরে বসে ব্রাউজার রিফ্রেশ করে। দুজনের দক্ষতায় আকাশ-পাতাল ফারাক। কিন্তু অপেক্ষার ভঙ্গিটা আশ্চর্য রকম কাছাকাছি।

সেখানেই নতুন প্রশ্নটি আসে। অপেক্ষাটা যদি এক হয়, তাহলে কারখানা কোথায়? সাইবারিয়েত কোন যন্ত্রে উৎপাদন করে?

জুলাইয়ের একটি প্রজন্মের ভেতরে আছে অনেক শ্রেণি।

সাইবারিয়েতের কারখানা কোথায়?

মার্ক্সের কাছে শ্রেণি চেনার উপায় মাসিক আয় জিজ্ঞেস করা না। দেখতে হয়, উৎপাদনের উপায় কার হাতে, আর বাঁচতে হলে কাকে নিজের শ্রমক্ষমতা বিক্রি করতে হয়। কারখানার মালিক যন্ত্র, কাঁচামাল আর শ্রমক্ষমতা কেনেন। শ্রমিক দিনের একটা অংশে নিজের মজুরির সমান মূল্য তৈরি করেন। বাকি সময়ের উদ্বৃত্ত মূল্য যায় মালিকের হাতে। মালিক ব্যক্তিগত জীবনে যত সদাশয়ই হোন না কেন, সম্পর্কটা বদলায় না। ক্যাপিটাল বইয়ে তাই কর্মদিবসের দৈর্ঘ্য নিয়ে এত কথা। দিনের শেষ ঘণ্টাটা কার?

এবার রাইডারের কথা ভাবুন। সাইকেলটা তো তার নিজের। তাহলে কি সে পুঁজিপতি? না। সাইকেল কলমের মতো, দরকারি হাতিয়ার, কিন্তু বাজারের চাবি নয়। চাবি আছে অ্যাপের কাছে। শহরের হাজারো রেস্তোরাঁ, লাখো ক্রেতার ঠিকানা, অর্ডারের ইতিহাস, পেমেন্ট ব্যবস্থা, আর কে কোন অর্ডার পাবে তার হিসাব। একটা সাইকেল নিয়ে এই বাজারে ঢোকা যায় না। তাই মার্ক্সের প্রশ্নটা টিকে আছে, শুধু উত্তরের তালিকাটা বদলেছে। সাইবারিয়েতের উৎপাদনের উপায় চারটি:

  • প্ল্যাটফর্ম: ক্রেতা আর কর্মীর মাঝখানের সেতু, যার টোল নেওয়ার অধিকার একজনের।
  • ডেটা: কাঁচামাল। কে কোথায় কী কিনল, কে কত দ্রুত পৌঁছাল, কোন ছবিতে সাইকেল আছে।
  • অ্যালগরিদম: একসঙ্গে ম্যানেজার আর নিলামকারী। কাজ কে পাবে, দাম কত, তা ঠিক করে।
  • ক্লাউড ও কম্পিউটিং ক্ষমতা: আজকের কারখানার ছাদ, যার নিচে এসব চলে।

অর্থনীতিবিদ নিক স্রনিচেক এই ধরনের কোম্পানিকে বলেন প্ল্যাটফর্ম পুঁজিবাদ। গ্রিসের সাবেক অর্থমন্ত্রী ইয়ানিস ভারুফাকিস টেকনোফিউডালিজম বইয়ে আরও কড়া ভাষায় বলেছেন, এই মালিকেরা এখন মুনাফার পাশাপাশি আদায় করছেন ক্লাউড রেন্ট, মানে প্রবেশাধিকারের ভাড়া। 

ব্যাপারটা বুঝতে ঢাকার কোনো শপিংমলের কথা ভাবুন। ভবনের মালিক দোকান ভাড়া নেন, এতো চেনা গল্প। এবার ভাবুন, ক্রেতা ঢোকামাত্র মালিক তার জন্য সিঁড়ির মুখ ঘুরিয়ে দিতে পারেন। যে দোকানে আপনি গেলেন, সেখানে যাওয়ার ইচ্ছাটুকু কতটা আপনার, কতটা স্থাপত্যের? ভারুফাকিস আরও বলেন, আমরা যারা ফেইসবুকে স্ক্রল করি, লাইক দিই, ছবি তুলি, সবাই ক্লাউডের জমিতে বিনা মজুরিতে ফসল ফলাই। তার ভাষায় আমরা ক্লাউড-দাস।

তার বড় দাবিটা, পুঁজিবাদ নাকি মরে গিয়ে নতুন সামন্ততন্ত্র এসেছে, নিয়ে দ্বিমতের যথেষ্ট কারণ আছে। যে গুদাম থেকে পণ্য বের হয়, সেখানে মজুরিতে মানুষ খাটছেন। যে কারখানায় তৈরি হয়, তার মালিক মুনাফা করছেন। মার্ক্সের কারখানা দিব্যি চলছে। ভারুফাকিসকে পড়ার সবচেয়ে ভালো কারণ তাই তার ঘোষণা মেনে নেওয়া নয়, তার আঁকা মালিকের ছবিটা চিনে নেওয়া। এই মালিক নিজে জুতা বানান না, জুতার দোকানও চালান না, অথচ শহরের প্রায় সব জুতার দোকানে ঢোকার রাস্তাটা তার। ভবিষ্যতের শ্রেণিসংঘাতে কারখানার মালিক আর রাস্তার মালিক কখনো সহযোগী হবেন, কখনো ভাগ নিয়ে নিজেরাই বিবাদ করবেন।

সবচেয়ে অদ্ভুত হলো কাজের অদৃশ্যতা। আঠারো শতকে ইউরোপে এক দাবা-খেলোয়াড় যন্ত্রের খ্যাতি ছড়িয়েছিল, নাম মেকানিক্যাল টার্ক। আসলে তার পেটের ভেতর লুকিয়ে বসে থাকতেন একজন মানুষ। অ্যামাজন তাদের কাজের বাজারের নাম রেখেছে ঠিক সেই নামে, মেকানিক্যাল টার্ক, যেখানে ছোট ছোট কাজ বিশ্বজুড়ে মানুষ দিয়ে করানো হয়। যন্ত্রের মুখোশের পেছনে মানুষ, গবেষক মেরি গ্রে আর সিদ্ধার্থ সুরি একে বলছেন গোস্ট ওয়ার্ক। আরেকটা উদাহরণ আপনার-আমার হাতেই। ওয়েবসাইটে ‘আমি রোবট নই’ প্রমাণ করতে গিয়ে যখন বাসের ছবি বেছে দেন, সম্ভবত যন্ত্রকে শেখানোর বিনা মজুরির কাজটাই করে দিচ্ছেন। এই কাজ করে আমরা ‘ব্যবহারকারী’, আর ঢাকার বোন ‘কর্মী’। তফাত শুধু এতটুকুই, বোন পারিশ্রমিক পায়।

ঢাকা একা নয়, কলম্বো থেকে কাঠমান্ডু, নাইরোবি থেকে লিমা এমন আরো অনেক প্রজন্ম আছে।

পাঁচ তারার ফোরম্যান

নেটফ্লিক্সের ব্ল্যাক মিরর সিরিজের ‘নোজডাইভ’ পর্বে লেসি পাউন্ড একটা অ্যাপার্টমেন্ট পছন্দ করে। দাম কিছুটা কমতে পারে, যদি তার সামাজিক রেটিং ৪.৫ হয়। মুশকিল হলো, লেসির স্কোর ৪.২। ওই জগতে চেনা-অচেনা সবাই মোবাইলে একে অপরকে স্টার অর্থাৎ তারা দেয়। এমন সময় বেশি রেটিংওয়ালা এক বান্ধবীর বিয়েতে বক্তৃতার সুযোগ আসে। বন্ধুর বিয়েতে লেসি কী বলবে, তার ভেতরে এভাবে ভবিষ্যত বাসাভাড়াও ঢুকে পড়ে। সবচেয়ে নির্মম আবিষ্কার ওই ০.৩ পয়েন্ট। মানুষের হাসি বদলে দিতে বড় শাস্তি লাগে না। নাগালের একটু বাইরে একটা পছন্দের বাসা রাখলেই চলে।

এই সিরিজের আরেকটি পর্বের নাম ‘ফিফটিন মিলিয়ন মেরিটস’, যার সঙ্গে আমাদের রাইডারের গল্প অদ্ভুতভাবে মেলে। সেখানে মানুষ সারা দিন স্থির সাইকেল চালায়, প্যাডেল ঘুরিয়ে জমায় ‘মেরিট’, আর সেই মেরিট দিয়েই কেনে খাবার, এমনকি দেয়ালজোড়া বিজ্ঞাপন এড়ানোর অধিকার। আমাদের রাইডারের চাকা ঘোরে ভাত পেতে, ওদের চাকা ঘোরে মেরিট পেতে, অথচ কেউই কোথাও পৌঁছায় না।

চিন্তাবিদ ফুকো এ জাতীয় ব্যবস্থাকে বোঝাতে এনেছিলেনপ্যানোপটিকন-এর ধারণা। জেরেমি বেনথামের নকশা করা এক গোল কারাগার, মাঝখানে উঁচু পাহারাঘর। কয়েদি জানে না, কখন তাকে দেখা হচ্ছে, তাই সে সবসময় নিজেকেই সামলে চলে। রেটিংয়ের জগতে আরও এক ধাপ এগিয়ে প্রত্যেক ক্রেতাই পাহারাদার। খাবার হাতে পেয়ে এক থেকে পাঁচ তারা বেছে নেওয়ার সময় তিনি কিসের বিচার করছেন? রান্নার, সময়ের, নাকি দরজায় দাঁড়ানো ছেলেটির ব্যবহারের? রেস্তোরাঁর দেরি, বৃষ্টি আর ভাঙা লিফট একসঙ্গে একজন মানুষের নামে জমা পড়লে সেই নম্বর কিসের পরিমাপ? ওই স্কোর যদি পরের কাজ পাওয়ায় প্রভাব ফেলে, ক্রেতা অজান্তেই কর্মীর তদারককারীর একাংশ হয়ে যান। পুরোনো কারখানায় ফোরম্যানকে অন্তত চেহারায় চেনা যেত। এখন ফোরম্যান একটা সূত্র, আর ক্রেতারা তার হাত। এই ব্যবস্থার নাম অ্যালগরিদমিক ম্যানেজমেন্ট। দুপুরে যে তরুণ অন্যের ডেলিভারিতে তিন তারা দিল, সন্ধ্যায় সে নিজেই অন্য প্ল্যাটফর্মে পাঁচ তারার আশায় ক্রেতাকে লিখছে, ‘স্যার, আর কিছু লাগবে?’

জুলাইয়ে একটি প্রজন্ম, ভেতরে অনেক শ্রেণি

বাংলাদেশের চব্বিশের আন্দোলন শুরু হয়েছিল সরকারি চাকরিতে কোটা নিয়ে। গিগ ইকোনমির আলোচনায় সরকারি চাকরি কেন? কারণ ঢাকার ওই ভাই-বোনের ঘরে তৃতীয় আরেকজনকে কল্পনা করা সহজ। সে বিসিএসের প্রস্তুতি নিচ্ছে। ভাইয়ের কোনো কোনো মাসের আয় তার সম্ভাব্য শুরুর বেতনের চেয়েও বেশি। তবু বাড়ির সবাই চায়, অন্তত একজনের চাকরিটা হোক। বেতনের বাইরে ওই পরিবার আসলে কী চাইছে? সামনের মাসেও আয় থাকবে, অসুস্থ হলে পরদিন শূন্য থেকে শুরু করতে হবে না, পাঁচ বছর পর পরিচয় দেওয়ার সময় আজকের পাঁচ বছরও হিসাবে ধরা হবে। অর্থাৎ তারা প্রেকারিয়েতের ঠিক উল্টো পিঠটাই চাইছে, নিশ্চয়তা। কোটার শতকরা হার নিয়ে জাতীয় বিতর্কের নিচে পারিবারিক আকাঙ্ক্ষার এই স্তরটাও ছিল বলে আমার ধারণা।

তবে জুলাইকে শুধু চাকরিপ্রার্থীর অর্থনৈতিক বিদ্রোহ বললে ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাঁকটা ব্যাখ্যার বাইরে থেকে যায়। ১৬ই জুলাই রংপুরে পুলিশের গুলিতে আবু সাঈদ নিহত হলেন। ২১এ জুলাই আপিল বিভাগ সরকারি চাকরির ৯৩ শতাংশ পদ মেধার ভিত্তিতে পূরণের নির্দেশ দিলেন। তারপরও আন্দোলন থামল না। কারণ তত দিনে রাস্তায় আরেকটা প্রশ্ন এসে দাঁড়িয়েছে: চাকরি বণ্টনের নিয়ম বদলালে গুলির জবাব মিলবে কী করে? পোশাকশ্রমিক, দোকানকর্মী কিংবা সন্তানের খোঁজে বের হওয়া মা এই প্রশ্নে নিজের জায়গা খুঁজে পেতে পারতেন, নিয়োগবিধিতে তার প্রত্যক্ষ স্বার্থ সামান্য হলেও। আন্দোলন ছাত্রসমাজের সীমানা ছাড়াল, আর ৫ই অগাস্ট শেখ হাসিনার সরকারের পতন হলো। এই ক্রমটা গুরুত্বপূর্ণ। অর্থনৈতিক অসন্তোষ মানুষকে পথে আনতে পারে। কিন্তু পথে এসে অন্যের ওপর অন্যায় দেখে সে কোন পক্ষে দাঁড়াবে, সেটা তার নিজের রাজনৈতিক সিদ্ধান্ত।

‘জেনজি’ বলে এই তরুণদের এক ডাকে চেনা যায়। শ্রেণি বোঝার জন্য ডাকটা যথেষ্ট নয়। একই বয়সের একজন সেমিস্টার শেষে বাবার প্রতিষ্ঠানের দায়িত্ব নেবেন, আরেকজন সেই প্রতিষ্ঠানে তিন মাস বিনা বেতনে ইন্টার্ন করার সামর্থ্যও রাখেন না। একজনের জন্য ইন্টারনেট বন্ধ মানে খবর থেকে বিচ্ছিন্নতা, আরেকজনের জন্য দিনের আয়ও বন্ধ। চব্বিশে তারা এক দাবিতে এক রাস্তায় দাঁড়াতে পেরেছেন। 

পরদিন শ্রমিকের দরকষাকষি বা সম্পদের ওপর করের প্রশ্ন উঠলে তাদের স্বার্থ আলাদা হতে পারে। গাই স্ট্যান্ডিং নিজেও সতর্ক করেছেন, প্রেকারিয়েত এখনও একটি তৈরি হতে থাকা শ্রেণি, নিজের স্বার্থে সংগঠিত শ্রেণি নয়। তার বইয়ের উপশিরোনাম দ্য নিউ ডেঞ্জারাস ক্লাস । ডেঞ্জারাস কেন? কারণ অনিশ্চয়তার রাগ বামে যেতে পারে, ডানেও। জুলাইয়ের সবচেয়ে বড় রাজনৈতিক শিক্ষা এখানেই। একটা প্রজন্ম একসঙ্গে ইতিহাসের মঞ্চে ঢুকতে পারে, কিন্তু ভবিষ্যতের জন্য তার হাতে তৈরি ইশতেহার থাকে না। সেটা লিখতে হয়, আর লেখার সময়ই বোঝা যায় কে কার পাশে থাকবেন।

এখানে আরেকটা কথা না বললে হিসাব অসম্পূর্ণ থাকে। ‘জেনজি’ একটা বয়সের গোষ্ঠী, আর একই বয়সের সবাই একই দিকে দাঁড়ান না। চব্বিশে রাস্তায় যেমন ছিলেন শিক্ষার্থীরা, তেমনই ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগেও ছিলেন প্রচুর তরুণ, যারা একই প্রজন্মের। যে তরুণ আন্দোলনের পক্ষে স্লোগান দিয়েছেন আর যে তরুণ অন্য পক্ষে দাঁড়িয়েছেন, দুজনেই জেনজি। পৃথিবীর অন্য দেশেও ছবিটা একই। সরকারবিরোধী তরুণদের সামনে সরকারি দলের যুব ও ছাত্র শাখা, পাল্টা মিছিলের কর্মী, এমনকি নিরাপত্তা বাহিনীর তরুণ সদস্যদের মধ্যেও একই বয়সের মানুষ আছেন। সমাজতাত্ত্বিক কার্ল মানহাইম প্রজন্ম নিয়ে লিখতে গিয়ে ঠিক এই ব্যাপারটাই ধরেছিলেন। একই সময়ে জন্মালে মানুষ একই ঐতিহাসিক পরিস্থিতির মুখোমুখি হয়, কিন্তু সেই পরিস্থিতিতে সাড়া দিতে গিয়ে একই প্রজন্মের ভেতরেই পরস্পরের বিরুদ্ধ দল তৈরি হয়।

তাই শ্রেণি খোঁজার একটা বড় কারণ এটাই। বয়স বলে দেয়, কে কখন জন্মেছেন। শ্রেণি জানতে চায়, কে কীসের মালিক, কার আয় কার সিদ্ধান্তের ওপর ঝুলে আছে, আর ক্ষমতার কাছে কার কত দরজা খোলা। একই বয়সের একজন ক্ষমতার ছায়ায় সুযোগ পেতে পারেন, আরেকজন ফোনের স্ক্রিনে অর্ডারের অপেক্ষা করেন। তবে একটা সতর্কতাও দরকার। শ্রেণি দিয়ে কারও রাজনৈতিক অবস্থান সবসময় আগেভাগে বলা যায় না। আদর্শ, পরিবার, আনুগত্য, ভয় আর সুযোগ, সবই এতে কাজ করে। শ্রেণি আমাদের দেখায় তরুণদের পরিস্থিতি আর স্বার্থের ভিত্তিটা। কোন পথে তারা যাবেন, সেটা সিদ্ধান্ত হয় রাজনীতিতে।

 ন্যূনতম মজুরি বলে, কাউকে কাজে নিলে তার শ্রমের দাম একটা নির্দিষ্ট অঙ্কের নিচে নামানো যাবে না। মৌলিক আয়ের প্রস্তাব বলে, কাজ থাকুক বা না থাকুক, প্রত্যেকের হাতে নিয়মিত, ব্যক্তিগত ও শর্তহীনভাবে কিছু অর্থ পৌঁছাবে।

ঢাকা একা নয়: কলম্বো থেকে কাঠমান্ডু, নাইরোবি থেকে লিমা

জুলাই যদি শুধু বাংলাদেশের গল্প হতো, ব্যাখ্যাটা স্থানীয় কারণেই থেমে যেতে পারত। কিন্তু গত কয়েক বছরে প্রায় একই বয়সের তরুণেরা পৃথিবীর নানা প্রান্তে রাস্তায় নেমেছেন। ২০২২ সালে শ্রীলঙ্কায় সরকারের পতন ঘটল। ২০২৪ সালে কেনিয়ায় নতুন করের বিরুদ্ধে তরুণদের আন্দোলনের সঙ্গেই ‘জেনজি’ নামটা বিশ্বখবরে আটকে গেল। ২০২৫ সালের সেপ্টেম্বরে নেপালে সামাজিক মাধ্যম বন্ধ আর দুর্নীতির ক্ষোভে প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন। এরপর একই ঢেউ গেল ইন্দোনেশিয়ায়, যেখানে ক্ষোভ ছিল সাংসদদের সুযোগ-সুবিধা আর জীবনযাত্রার ব্যয় নিয়ে। মাদাগাস্কারে পানি-বিদ্যুতের সংকট থেকে শুরু হয়ে আন্দোলন সরকার ফেলে দিলো, ক্ষমতা নিলো সেনাবাহিনী। মরক্কোয় ‘জেনজি ২১২’ নামের একটি নেতাহীন দল শিক্ষা ও স্বাস্থ্যের দাবি তুলল (২১২ হলো দেশটির ফোন কোড)। পেরু, ফিলিপাইন আর মেক্সিকোতেও একই ধরনের আন্দোলন দেখা গেল। বহু জায়গায় উড়ল একই পতাকা, জাপানি মাঙ্গা ওয়ান পিস-এর খড়ের টুপি পরা কঙ্কাল। নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী বাছাইয়ের আলোচনায় ভোট হয়েছিল ডিসকর্ড নামের চ্যাট অ্যাপে। আন্দোলনের এই ভাষা, প্রতীক আর সংগঠনের ধরন একটা ফোনের স্ক্রিন থেকেই ছড়িয়েছে।

প্রত্যেক দেশে স্ফুলিঙ্গ ছিল স্থানীয়। কোথাও কর, কোথাও বিদ্যুৎ, কোথাও ফেইসবুক বন্ধ। কিন্তু নিচের স্তরের ক্ষোভগুলো আশ্চর্য রকম কাছাকাছি, কাজের অনিশ্চয়তা, জীবনযাত্রার ব্যয়, ওপরতলার দুর্নীতি আর সরকারি সেবার ঘাটতি। পাশাপাশি এই প্রজন্মের হাতে আছে স্মার্টফোন, ইন্টারনেট আর একে অপরের কাছ থেকে শেখার সুযোগ। সব আন্দোলনকে একই শ্রেণিসংগ্রাম বলা ভুল হবে। তবু এই তরুণদের অনেকেরই দৈনন্দিন জীবনে আমরা প্রেকারিয়েত আর সাইবারিয়েতের চেহারা চিনতে পারি।

আরেকটা জরুরি ব্যাপার, ফলাফল। শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল আর মাদাগাস্কারে সরকার পড়েছে। কিন্তু মাদাগাস্কারে ক্ষমতা গেছে সেনাবাহিনীর হাতে, আর ইন্দোনেশিয়ার মতো জায়গায় দীর্ঘদিনের ক্ষমতাবানেরা টিকে গেছেন। সরকার বদল হলেই কাজের সম্পর্ক বদলায় না। এই ফারাকটাই মূল প্রশ্ন।

যন্ত্র যখন আমাদের কাছেই কাজ শেখে

ফিরে আসি বোনটির কাছে। তার কাজ সে যত ভালো করবে, সাইকেল চেনার যন্ত্র তত নিখুঁত হবে। একদিন ক্রেতা জানাতে পারেন, এই কাজে এখন অল্প কয়েকজন হলেই চলবে। অদ্ভুত এক সাফল্য: সে এত ভালো শিখিয়েছে যে নিজের চাহিদাই কমেছে। অথচ যন্ত্র খারাপ শিখলে ক্রেতা তার পারিশ্রমিক নিয়ে আপত্তি করতেন। যন্ত্র ব্যর্থ হোক চাইলে, আজকের আয় যায়। যন্ত্র সফল হলে সাফল্যের ভাগে তার দাবি কী, চুক্তিতে সে বিষয়ে একটি লাইনও নেই। মার্ক্স একে বলতেন বিচ্ছিন্নতা। শ্রমিকের হাতের কাজ তার নিজের কাছেই অচেনা হয়ে যায়। সাইকেল চেনানো মেয়েটি জানে না, তার শেখানো যন্ত্র শেষে কোথায় বসবে।

মার্ক্সের গ্রুন্ডরিসে পাণ্ডুলিপিতে যন্ত্র নিয়ে একটি সূত্র আছে, যা এখানে কাজে আসে। একটি যন্ত্রের ভেতরে নির্মাতার ব্যক্তিগত বুদ্ধির চেয়ে অনেক বেশি কিছু জমা থাকে। বহু প্রজন্মের বিজ্ঞান, কারিগরি অভিজ্ঞতা, একে অপরের কাছ থেকে শেখা কৌশল। মার্ক্স একে বলেছিলেন জেনারেল ইন্টেলেক্ট, সমাজের সম্মিলিত বুদ্ধি। তিনি এআইকে আগাম দেখে ফেলেছিলেন, এমন দাবি অতিরিক্ত। কিন্তু প্রশ্নটা আজকের জন্য আরও ধারালো। আজকের এআই শিখেছে বহু মানুষের লেখা, ছবি আর কথাবার্তা থেকে। যে যন্ত্রের ভেতরে এত মানুষের জ্ঞান, তার মুনাফার ভাগ কোন কোন মানুষের?

আর যন্ত্র যদি এক দিনের কাজ এক ঘণ্টায় করে ফেলে, বেঁচে যাওয়া সাত ঘণ্টা কার প্রাপ্য? কর্মীর কর্মদিবস ছোট হবে? মালিক কম কর্মী রাখবেন? নাকি একই কর্মীকে দিয়ে আগের আট গুণ কাজ করানো হবে? একই প্রযুক্তি থেকে তিন রকম সমাজ বের হতে পারে। ১৯৩০ সালে অর্থনীতিবিদ কেইনস ভেবেছিলেন, যন্ত্রের কল্যাণে নাতি-নাতনির যুগে সপ্তাহে পনেরো ঘণ্টা কাজ করলেই চলবে। আমরা সেই নাতি-নাতনির যুগে পৌঁছে দেখছি, যন্ত্র বেড়েছে, ব্যস্ততাও বেড়েছে। ইংল্যান্ডে উনিশ শতকের গোড়ায় তাঁতিরা যে যন্ত্র ভাঙতে নেমেছিলেন, অনেক ইতিহাসবিদের মতে তারা যন্ত্রের শত্রু ছিলেন না। তাদের লড়াই ছিল, যন্ত্র কার মজুরি কাটবে আর কার কারিগরির মর্যাদা কেড়ে নেবে, সেই নিয়ম নিয়ে। তাই কোন সমাজ বেরোবে, তার মীমাংসা প্রকৌশলীরা একা করেন না।

এবার দরজার বাইরের সেই ছায়ার কাছে ফিরি। হারারি তার টোয়েন্টি ওয়ান লেসনস ফর দ্য টোয়েন্টি-ফার্স্ট সেঞ্চুরি বইয়ে ভয়টা আরও খুলে বলেছেন। শোষিত শ্রমিকেরও ধর্মঘটের শক্তি থাকে, তিনি সরে দাঁড়ালে উৎপাদন থামে। কিন্তু যাকে মালিক আর ডাকেনই না, তিনি কাজ বন্ধ করে কাকে চাপে ফেলবেন? অবশ্য যন্ত্র পুরোনো কাজ সরালেও নতুন কাজ জন্মায়। কঠিন প্রশ্ন হলো, পঁয়তাল্লিশ বছরের যে কর্মী আয় হারালেন, নতুন পেশা শেখার সময় তার পরিবারের বাজারখরচ কে চালাবে?

হারারি এই বিতর্কে বাংলাদেশকেও এনেছেন। তার কল্পিত পরিস্থিতিতে প্রযুক্তি যদি বাংলাদেশের পোশাকশ্রমিকের কাজ সরিয়ে নেয়, আর বাড়তি আয় জমে ক্যালিফোর্নিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠানে, তাহলে শ্রমিক হারাবেন বাংলাদেশে, কর আদায়ের সুযোগ তৈরি হবে আমেরিকায়। এক দেশের সরকার নিজের প্রযুক্তি কোম্পানির কাছ থেকে কর নিয়ে নিজের নাগরিককে সহায়তা দেবে। সাভারের যে নারীর সেলাইয়ের কাজটা গেল, তার ঘরে ওই টাকার কতটুকু পৌঁছাবে? ‘সর্বজনীন’ শব্দটার সীমানা ঠিক কোথায় শেষ, একটা পোশাকের সরবরাহব্যবস্থা অনুসরণ করলেই ধরা পড়ে।

‘না’ বলার দাম: ন্যূনতম মজুরি, মৌলিক আয় আর সর্বজনীন মজুর

এখানেই আসে ন্যূনতম মজুরি আর সর্বজনীন মৌলিক আয় বা ইউনিভার্সাল বেসিক ইনকাম-এর তফাত। ন্যূনতম মজুরি বলে, কাউকে কাজে নিলে তার শ্রমের দাম একটা নির্দিষ্ট অঙ্কের নিচে নামানো যাবে না। মৌলিক আয়ের প্রস্তাব বলে, কাজ থাকুক বা না থাকুক, প্রত্যেকের হাতে নিয়মিত, ব্যক্তিগত ও শর্তহীনভাবে কিছু অর্থ পৌঁছাবে। ন্যূনতম মজুরি কাজের গায়ে লাগানো সুরক্ষা, মৌলিক আয় মানুষের গায়ে লাগানো সুরক্ষা। গাই স্ট্যান্ডিং দ্বিতীয়টির বড় প্রবক্তা।

এর রাজনৈতিক তাৎপর্য বুঝতে আবার রাইডারের কাছে যাই। আজ তাকে এমন একটা দর দেখানো হলো, যাতে সাইকেল মেরামতের খরচ বাদ দিলে হাতে প্রায় কিছুই থাকে না। পকেট একেবারে শূন্য হলে অর্ডার ফিরিয়ে দেওয়ার স্বাধীনতা থাকে কাগজে। সামান্য নিশ্চিত আয় থাকলে সে অন্তত একবার বলতে পারে, এই দরে যাব না। অঙ্কটা ছোট হলেও ওই ‘না’ বলার ক্ষমতাটা বড়। দরকষাকষি বলতে আমরা যা বুঝি, তার প্রথম শর্তই হলো, না বলে উঠে যেতে পারা।

পৃথিবীতে এর ছোট ছোট নজিরও আছে। যুক্তরাষ্ট্রের আলাস্কা রাজ্যে প্রাকৃতিক সম্পদ থেকে পাওয়া আয়ের ভাগ বছরে একবার প্রতিটি বাসিন্দার হাতে পৌঁছায়। ফিনল্যান্ড ২০১৭-১৮ সালে দুই হাজার বেকারকে নিয়ে মাসিক নগদ সহায়তার পরীক্ষা চালিয়েছিল। এসব পরীক্ষা সর্বজনীন মৌলিক আয়ের পূর্ণ রূপ নয়, তবু প্রশ্নটাকে কল্পনা থেকে নীতির টেবিলে নামিয়েছে।

এবার একটা নতুন ভাবনা জোড়া যাক। আগের অংশে দেখেছি, আমরা সবাই ক্লাউডের জমিতে বিনা মজুরিতে খাটছি। আমাদের প্রতিটি স্ক্রল, ক্লিক আর ছবি যন্ত্রকে শেখাচ্ছে। জারন ল্যানিয়ার বা গ্লেন ওয়েইলের মতো কিছু চিন্তাবিদ তাই বলেন, ডেটাকে শ্রম হিসেবে ধরা উচিত, আর ডেটার জন্য মানুষের প্রাপ্য দাম দেওয়া উচিত। এই যুক্তি ধরে এগোলে তৈরি হয় এক নতুন সর্বজনীন মজুর। কারখানার মজুর ছিলেন বাছাই করা মানুষ। ডিজিটাল জগতে প্রায় সবাই শ্রমিক, আর কারখানাটা সবার। তখন মৌলিক আয়কে আর দান বলা যায় না। সেটা হয়ে ওঠে যৌথ সম্পদ থেকে পাওনা লভ্যাংশ, আলাস্কার তেলের মতো।

তবে সবাই এতে একমত নন। বামপন্থী সমালোচকদের ভয়, মৌলিক আয় পেলে মালিকেরা মজুরি আরও কমিয়ে দিতে পারেন। অষ্টাদশ শতকের শেষে ইংল্যান্ডের ‘স্পিনহ্যামল্যান্ড’ ব্যবস্থায় সরকারি ভাতার কারণে মজুরি নেমে গিয়েছিল বলে অনেকে মনে করেন, যদিও ইতিহাসবিদদের মধ্যে এ নিয়ে তর্ক আছে। ডানপন্থী সমালোচকেরা প্রশ্ন তোলেন খরচ নিয়ে আর কাজের আগ্রহ নিয়ে। আর বাংলাদেশের মতো দেশে প্রশ্নটা আরও কঠিন। সবার জন্য নিয়মিত নগদ দেওয়ার মতো রাজস্ব কোথা থেকে আসবে? বয়স্ক ভাতা বা বিধবা ভাতার মতো লক্ষ্যভিত্তিক সহায়তা কি এর চেয়ে বাস্তবসম্মত? কেউ কেউ নগদের বদলে সবার জন্য স্বাস্থ্য, শিক্ষা, পরিবহনের মতো সেবা বিনামূল্যে বা সস্তায় দেওয়ার পক্ষে।

আসলে মৌলিক আয় পেলেই প্ল্যাটফর্ম কীভাবে দর ঠিক করল, সেই প্রশ্নের নিষ্পত্তি হয় না। জীবিকা টিকিয়ে রাখার অধিকার আর কাজের নিয়ম তৈরিতে অংশ নেওয়ার অধিকার, দুটোই লাগবে। একটা পেট বাঁচায়, আরেকটা মর্যাদা।

হারাবার আছে অ্যাকাউন্টটা

কমিউনিস্ট ইশতেহার-এর শেষ লাইনগুলো কে না জানে। সর্বহারার শৃঙ্খল ছাড়া হারাবার কিছু নেই, জয় করার জন্য আছে একটা পুরো দুনিয়া। প্রলেতারিয়েতের জন্য কথাটা ছিল শক্ত স্লোগান। এখন প্রশ্ন, সাইবারিয়েতের স্লোগান কী হবে? ‘অ্যালগরিদম ছাড়া হারাবার কিছু নেই’? নাকি ‘অ্যাপস ছাড়া’?

মুশকিল হলো, ঢাকার রাইডারের অ্যাপটাই তার শৃঙ্খল, আবার সেটাই তার জীবনরেখা। সেটা বন্ধ হলে শৃঙ্খল তো যায়ই, ভাতও যায়। রেটিং, অ্যাকাউন্ট আর ওয়ালেট তার কাছে একসঙ্গে বেড়ি ও দড়ি। তাই সাইবারিয়েত শুধু শৃঙ্খল ভাঙার কথা বললে ভুল হবে। তাকে বলতে হবে, শৃঙ্খলটা এমনভাবে বদলাতে হবে, যাতে সেটা আর শৃঙ্খল না থাকে। তাহলে জয় করার তালিকায় কী কী থাকতে পারে?

  • জানার অধিকার: অ্যালগরিদম আমার দর কীভাবে ঠিক করল, তা জানতে পারা।
  • একজোট হওয়ার অধিকার: অ্যাপ যখন আলাদা আলাদা কানে আলাদা দর ফিসফিস করে বলে, তখনও রাইডারদের নিজেদের মধ্যে দর মিলিয়ে নেওয়ার সুযোগ।
  • আপিলের অধিকার: অ্যাকাউন্ট বন্ধের আগে কারণ জানা আর কথা বলার সুযোগ।
  • ভাগের অধিকার: আমার শ্রম আর ডেটা দিয়ে গড়া যন্ত্রের মুনাফা থেকে প্রাপ্য অংশ।
  • সময়ের অধিকার: প্রযুক্তি যেটুকু সময় বাঁচায়, তার ভাগ কর্মঘণ্টা কমানোয়।

নতুন স্লোগানের খসড়াও হয়তো এ রকম হবে, ‘ দুনিয়ার সাইবারিয়েত, এক হও, অন্তত একই দরটা জানার জন্য।’

তাহলে রাস্তায় নামা এই প্রজন্মের সামনের কাজটা কী? মার্ক্সীয় উত্তর খুঁজতে গেলে ‘কার বিরুদ্ধে’ জায়গায় ‘কোন সম্পর্কের বিরুদ্ধে’ কথাটা বসানোই ভালো। যে ব্যবস্থায় কাজের খরচ কর্মীর, দর ঠিক করার ক্ষমতা প্ল্যাটফর্মের, যন্ত্রকে শেখানোর দায়িত্ব মানুষের আর শেখা শেষ হলে বেঁচে যাওয়া সময়ের পুরস্কার একা মালিকের, দ্বন্দ্বটা সেখানে। এর মীমাংসা কখনো রাইডারদের একসঙ্গে দর চাওয়ার মধ্যে ঘটতে পারে। কখনও কর্মীর অ্যাকাউন্ট বন্ধ করার আগে কারণ জানানো আর আপিল শোনার নিয়মে। আরও গভীর পরিবর্তন ঘটবে সেদিন, যেদিন কর্মীরাও ঠিক করতে পারবেন, প্রযুক্তি দিয়ে উৎপাদন বাড়লে তার কতটা যাবে মজুরিতে, কতটা কমাবে কর্মঘণ্টা, আর কতটা থাকবে তাদের জন্য, যাদের কাজটা আর লাগছে না। এই ক্ষমতা অর্জনের আগেই কোনো প্রজন্মকে পরিবর্তনের শ্রেণি ঘোষণা করলে তার সবচেয়ে কঠিন কাজটাই আড়ালে পড়ে যায়। একই অবস্থায় পড়া আর একসঙ্গে নিজেদের শর্ত দিতে পারা এক কথা নয়।

রাতের সেই ভাইবোনকে নিয়ে গল্পটার আরেকটা সকাল ভাবা যাক। বোন পর্দায় নতুন নির্দেশনা পেল। এবার সাইকেলের পাশে আরোহী থাকলে তাকেও আলাদা করে চিহ্ন দিতে হবে। ছবিতে হেলমেট পরা এক তরুণ, পেছনে খাবারের বাক্স। অনেকটা তার ভাইয়ের মতো। সে মাউস টেনে মানুষটির চারপাশে নিখুঁত একটা ঘর আঁকল। যন্ত্র এবার সাইকেল আর আরোহীর তফাত শিখবে।

মজাটা হলো, ছবির মানুষটিকে চিনতে পারার জন্যই মেয়েটি পারিশ্রমিক পাবে। ছবির বাইরের মানুষটিকে সহকর্মী বলে চিনতে পারলে কী হবে, সেই হিসাব এখনো কোনো প্ল্যাটফর্ম করেনি। জেনজির পরের রাজনীতির শুরুটা হয়তো সেখানেই।