নড়াইলে বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলা, দুই নেতা নিহত

নড়াইলের কালিয়ায় বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলায় দুজন নিহত। 

আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ১২:৩৮ পিএম

নড়াইলের কালিয়ায় বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় হামলা করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীরা। এ ঘটনায় দুই বিএনপি নেতা নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় উপজেলার বেন্দারচর এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন কালিয়া উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মো. শাহিন এবং জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) উপজেলা শাখার সাধারণ সম্পাদক সোহেল মোল্লা।

স্থানীয় ও দলীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কালিয়া উপজেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একটি মোটরসাইকেল শোভাযাত্রা বের করেন। এতে ৪০ থেকে ৫০টি মোটরসাইকেল ও গাড়ি অংশ নেয়।

শোভাযাত্রাটি সন্ধ্যা সাতটার দিকে কালিয়া পৌরসভার বেন্দারচর এলাকায় পৌঁছালে হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রের দাবি, আগে থেকে ওঁত পেতে থাকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শোভাযাত্রার ওপর অতর্কিত হামলা চালান।

এতে কালিয়া উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মো. শাহিন, জাসাসের উপজেলা সাধারণ সম্পাদক সোহেল মোল্লা এবং পৌর যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মফিজুর রহমান গুরুতর আহত হন। আহত ব্যক্তিদের উদ্ধার করে প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেওয়ার পথে শাহিন ও সোহেলের মৃত্যু হয়।

নিহত দুজনের বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার। তিনি জানান, বিএনপির শোভাযাত্রাটি কালিয়ার বেন্দারচর এলাকা অতিক্রম করার সময় হামলার ঘটনা ঘটে। এতে দুজন নিহত হয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের আটকের চেষ্টা চলছে।

কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামানও তাদের দুই নেতা নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। বিএনপির নেতাদের অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছেন।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইদ্রিস আলী জানান, মোটরসাইকেল শোভাযাত্রার পেছনে থাকা দুজনের ওপর হামলা চালানো হয়। তাদের অতিরিক্ত মারধর করা হলে পরে মৃত্যু হয়। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।