সৌদির রিয়াদে হুথিদের হামলায় পিআইএফ টাওয়ার ক্ষতিগ্রস্ত 

আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ১২:১১ পিএম

সৌদি আরবের রাজধানী রিয়াদের আর্থিক অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি গোষ্ঠী। এতে দেশটির রাষ্ট্রীয় বিনিয়োগ তহবিল পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) সদর দপ্তর ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। রিয়াদের সবচেয়ে উঁচু ভবন হিসেবে পরিচিত এই টাওয়ারে হামলার পর আশপাশের কয়েকটি ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে।

বৃহস্পতিবার সৌদি বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানায়, হুথিদের হামলায় ভবনটিতে ক্ষয়ক্ষতি হয়েছে। এর আগে রাজধানীতে বিকট শব্দ শোনার পর রিয়াদ ও দক্ষিণাঞ্চলের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করার কথা জানায় সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি জানান, দক্ষিণাঞ্চলে ছোড়া হুথিদের চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও ধ্বংস করা হয়েছে। এ ছাড়া হামলায় ব্যবহৃত একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকেন্দ্র ধ্বংসের দাবি করেছে জোটটি। একইদিন দেশটির বিভিন্ন এলাকায় অন্তত সাতটি জরুরি সতর্কবার্তা জারি করা হয়।

হুথিদের চালনো এই হামলার নিন্দা জানিয়েছে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়। এক্সে দেওয়া এক পোস্টে তারা বলেছে, দেশের সার্বভৌমত্ব, জাতীয় সম্পদ এবং নাগরিকদের নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অধিকার রয়েছে সৌদি আরবের। একই সঙ্গে হুথিদের হামলার নিন্দা জানাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে রিয়াদ।

আল জজিরার প্রতিবেদন বলছে, এই বছরের ৮ই নভেম্বর রিয়াদের আর্থিক এলাকায় আরামকোর একটি ভবনে হামলা চালানোর দাবি করে হুথিরা। অক্টোবরে সৌদি আরবের ধাহরানে থাকা আরামকোর সদর দপ্তরেও হামলা হয়।

এ ছাড়া সৌদি সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, অক্টোবরে চার দিনে রিয়াদ বিমানবন্দরে হামলায় ১৮ জন নিহত হন। এর মধ্যে ১০ই অক্টোবর প্রাণ হারান ১৩ জন।

বুধবার রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দর, আর্থিক কেন্দ্র, দক্ষিণাঞ্চলের জিজান এবং খামিস মুশাইত বিমানঘাঁটিসহ কয়েকটি স্থাপনায় হামলার দাবি করে হুথিরা। একই দিন ইয়েমেনের সরকারি বাহিনী জানায়, বিভিন্ন এলাকায় হুথিদের লক্ষ্য করে প্রায় ৭১৫টি বিমান হামলা চালানো হয়েছে।

 

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, অগাস্টে শুরু হওয়া এই সংঘাতের নতুন পর্যায়ে ১৬ই নভেম্বর পর্যন্ত ২ হাজার ২৬০ জন নিহত এবং ১০ হাজার ৫১৯ জন আহত হয়েছেন। সৌদি নেতৃত্বাধীন জোট ও হুথিদের মধ্যে জাতিসংঘের মধ্যস্থতায় ২০২২ সালে হওয়া যুদ্ধবিরতিও নতুন করে সংঘাত শুরুর পর ভেঙে গেছে।