স্বার্থের হিসাব-নিকাশে শান্তির বার্তা: এক টেবিলে ট্রাম্প-শি-পুতিন  

বৈঠকে পারমাণবিক অস্ত্রের ঝুঁকি কমানোর বিষয়টিও গুরুত্ব পায়। ট্রাম্প বলেন, বিশ্বের তিন বড় পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের এ বিষয়ে আলোচনা করা দরকার। তবে এ বিষয়ে তিন দেশের অবস্থানে পার্থক্য রয়েছে। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পারমাণবিক অস্ত্রের মজুত চীনের তুলনায় অনেক বেশি। 

আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ০৬:৩৭ পিএম

হনহন করে বৈঠকখানায় ঢুকেই ট্রাম্প বললেন, ‘হু ইজ হি?’

সামনে দাঁড়িয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পরে আবার নিজেই হেসে উত্তর দিলেন, “হি ইজ মাই ফ্রেন্ড।” হাসতে হাসতেই করমর্দন করলেন।

পুতিনকে নিয়ে ট্রাম্পের রসিকতার পর এক টেবিলে বসেন বিশ্বের পরাক্রমশালী তিন নেতা। যে বৈঠকের দিকে তাকিয়ে ছিল পুরো বিশ্ব।

চীনের শেনজেনে প্রথমবারের মতো ত্রিপক্ষীয় বৈঠকে বসলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি চিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

আলোচনার কেন্দ্রে ছিল বিশ্বশান্তি, ইউক্রেন যুদ্ধ, পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ আর আন্তর্জাতিক নিরাপত্তা।

তিনজনের বৈঠকের আগে অবশ্য দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে তিনটি। তারপরেই হয় তিনজনের  বৈঠক।

বৈঠকের শুরুতেই শি চিনপিং বলেন, এটা ইতিহাস তৈরির মুহূর্ত। বিশ্বে বড় ধরনের সংকট মোকাবিলায় তিন দেশের একসঙ্গে কাজ করা উচিত। বিশ্বের অন্য দেশগুলোর জন্যও তাদের উদাহরণ তৈরি করতে হবে। তিনি বলেন, বড় শক্তিগুলোর মধ্যে সুসম্পর্ক থাকলে বিশ্বে শান্তি থাকে। আর তাদের মধ্যে সংঘাত হলে বিশ্ব অস্থির হয়ে ওঠে।

ট্রাম্পও বৈঠককে ইতিহাস তৈরির মুহূর্ত বলে উল্লেখ করেন। তিনি বলেন, বিশ্বের নানা সমস্যা নিয়ে তিন নেতার আলোচনার অনেক বিষয় রয়েছে। তার ভাষায়, “আলোচনার সুযোগ প্রত্যাখ্যান করে কখনো শান্তি প্রতিষ্ঠা করা যায়নি।”

পুতিন বলেন, যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া একসঙ্গে গঠনমূলকভাবে কাজ করলে বিশ্বে স্থিতিশীলতা বাড়াতে পারে। ইউক্রেন যুদ্ধসহ বিভিন্ন আঞ্চলিক সংকট সমাধানেও তিন দেশের অভিন্ন স্বার্থ রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

এক টেবিলে ট্রাম্প-শি-পুতিন

ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা

বৈঠকে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর অন্যতম ছিল ইউক্রেন যুদ্ধ। ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ও চীন, দুই দেশই এই যুদ্ধের অবসান চায়। এ জন্য তারা ভূমিকা রাখতে আগ্রহী।

তিনি দাবি করেন, প্রতি মাসে প্রায় ২৫ হাজার মানুষ এই যুদ্ধে প্রাণ হারাচ্ছেন, যাদের বেশির ভাগই সেনাসদস্য।

বৈঠকের আগে পুতিনের সঙ্গে আলাদা আলোচনাকেও ত্রিপক্ষীয় বৈঠকের প্রস্তুতি হিসেবে উল্লেখ করেন ট্রাম্প। তবে ইউক্রেনকে বাদ দিয়ে দেশটির যুদ্ধ নিয়ে আলোচনা হওয়ায় উদ্বেগ রয়েছে কিইভ ও তার মিত্রদের মধ্যে।

বৈঠকের আগে ক্রাইমিয়া সেতুতে নতুন করে হামলার অভিযোগ তোলে রাশিয়া। মস্কোর দাবি, চলতি সপ্তাহে সেতুটিতে এটি তৃতীয় হামলা। হামলার পর সেতুতে রেল চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বলে জানান রাশিয়ার নিয়ন্ত্রণাধীন ক্রাইমিয়ার প্রধান সের্গেই আকসিওনভ। এর আগে সপ্তাহের শুরুতে হামলায় সেতুর একটি অংশ ধসে পড়েছিল।

পারমাণবিক অস্ত্র নিয়ে তিন নেতার বক্তব্য

বৈঠকে পারমাণবিক অস্ত্রের ঝুঁকি কমানোর বিষয়টিও গুরুত্ব পায়। ট্রাম্প বলেন, বিশ্বের তিন বড় পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের এ বিষয়ে আলোচনা করা দরকার।

শি চিনপিং বলেন, পারমাণবিক অস্ত্র মানবজাতির জন্য বড় হুমকি। এসব অস্ত্র সম্পূর্ণ নিষিদ্ধ ও ধ্বংস করা উচিত। তার মতে, পারমাণবিক যুদ্ধে কেউ জয়ী হতে পারে না এবং এমন যুদ্ধ কখনোই হওয়া উচিত নয়।

তবে এ বিষয়ে তিন দেশের অবস্থানে পার্থক্য রয়েছে। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পারমাণবিক অস্ত্রের মজুত চীনের তুলনায় অনেক বেশি। এ কারণে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সঙ্গে সরাসরি পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ নিয়ে আলোচনায় বসতে দীর্ঘদিন ধরেই অনাগ্রহ দেখিয়ে আসছে বেইজিং।

শি ও পুতিন

আন্তর্জাতিক অপরাধ আদালতের বিরুদ্ধে প্রস্তাব ট্রাম্পের

বৈঠকের শুরুতে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) বিরুদ্ধেও যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়াকে একসঙ্গে কাজ করার প্রস্তাব দেন ট্রাম্প। আদালতটিকে ‘নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া’ প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এটি নিজেদের ক্ষমতার সীমা ছাড়িয়ে গেছে।

ট্রাম্প বলেন, জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় আইসিসির মতো আন্তর্জাতিক সংস্থাগুলোর বিরুদ্ধে কীভাবে কাজ করা যায়, সে বিষয়ে তিনি প্রস্তাব দেবেন।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ দেশটির কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি এবং আফগানিস্তানে মার্কিন সেনাদের কর্মকাণ্ড নিয়ে তদন্তের কারণেও আইসিসির সমালোচনা করে আসছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া; তিন দেশই আইসিসির সদস্য নয় এবং আদালতের এখতিয়ার স্বীকার করে না। আদালতের নিজস্ব পুলিশ বাহিনী নেই। গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে সদস্যদেশগুলোর সহযোগিতার ওপর নির্ভর করতে হয়।

ট্রাম্প ও পুতিন

শি-ট্রাম্প বৈঠকে বাণিজ্য ও ইরান

ত্রিপক্ষীয় বৈঠকের আগে শি চিনপিংয়ের সঙ্গে আলাদা বৈঠক করেন ট্রাম্প। সেখানে দুই দেশের বাণিজ্য, শুল্ক, জ্বালানি ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

শি চিনপিংয়ের সঙ্গে নিজের সম্পর্ককে ‘অসাধারণ’ বলে উল্লেখ করেন ট্রাম্প। তিনি জানান, আগের রাতের এপেক নৈশভোজে পাশাপাশি বসে তারা প্রায় দুই ঘণ্টা কথা বলেছেন।

বাণিজ্য নিয়ে ট্রাম্প বলেন, দুই দেশ পারস্পরিকভাবে প্রায় ৩০ বিলিয়ন ডলারের শুল্ক কমানোর বিষয়ে কাজ করছে। চীনের কাছে আরও বেশি মার্কিন কৃষিপণ্য কেনার আহ্বান জানাবেন বলেও জানান তিনি। যুক্তরাষ্ট্রে ফেন্টানিল সংকট মোকাবিলায় চীনের সহযোগিতা চাওয়ার কথাও বলেন।

ইরান ও হরমুজ প্রণালি নিয়েও দুই দেশের অভিন্ন স্বার্থ রয়েছে বলে দাবি করেন ট্রাম্প। তিনি বলেন, হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা এবং ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা, দুই দেশেরই স্বার্থের বিষয়।

জবাবে শি চিনপিং বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক সঠিক পথে এগিয়ে নিতে তিনি ট্রাম্পের সঙ্গে কাজ করতে চান। তার মতে, দুই দেশের সম্পর্ক সামগ্রিকভাবে স্থিতিশীল এবং উন্নতির দিকে।

তিন নেতার এই বৈঠকে বিশ্বশান্তি ও সহযোগিতার কথা উঠে এলেও ইউক্রেন যুদ্ধ, পারমাণবিক অস্ত্র এবং আন্তর্জাতিক বিচারব্যবস্থা নিয়ে তাদের অবস্থানের পার্থক্যও স্পষ্ট।