গোপন প্রেম, গুপ্তচরবৃত্তি ও ভূরাজনীতির গ্যাঁড়াকলে এনভিডিয়া

একজন প্রযুক্তি প্রতিষ্ঠান প্রধানের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কেন এত আলোচনা? ওই নারীর সাথে সম্পর্কের সূত্র ধরে কীভাবে সামনে এলো গুপ্তচরবৃত্তির অভিযোগ? আর কেনই-বা যুক্তরাষ্ট্র ও চীনের দ্বন্দ্বের কেন্দ্রে এনভিডিয়া? সমীকরণ বুঝতে হলে ফিরে তাকাতে হবে জেনসেন হুয়াং ও তার এনভিডিয়ার উত্থানের দিকে।

 

আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ০৬:২৭ পিএম

একটি ব্ল্যাক লেদার জ্যাকেট আর স্মিত হাসিতে যিনি বদলে দিয়েছেন প্রযুক্তি দুনিয়ার হালচাল, তিনিই কি-না আটকে পড়লেন এক গোলকধাঁধায়।

এআই দুনিয়ার মুকুটহীন সম্রাট জেনসেন হুয়াং ব্যক্তিগত ভুলে এমন এক কাঠগড়ায় দাঁড়িয়েছেন, যার ছায়া পড়ছে হোয়াইট হাউস থেকে বেইজিংয়ের করিডর পর্যন্ত।

জেনসেন টেক জায়ান্ট এনভিডিয়ার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা। এক চীনা নারীর সঙ্গে তার সম্পর্কের খবর বের হতেই, প্রযুক্তি দুনিয়ায় শুরু হয় তোলপাড়।

ঘটনাটি এখন আর কারো ব্যক্তি জীবনে সীমাবদ্ধ নেই। এতে যুক্ত হয়েছে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা আর চীনের সাথে প্রযুক্তি প্রতিযোগিতা।

জেনসেন হুয়াং গত ৮ই নভেম্বর কর্মীদের কাছে পাঠানো এক বার্তায় স্ত্রীর সঙ্গে অবিশ্বস্ত আচরণের কথা স্বীকার  করেছেন। এরপরই প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ ঘোষণা দেয়, জেনসেন বিদেশি গোয়েন্দা তৎপরতার লক্ষ্যবস্তু হয়েছিলেন কি-না, তা খতিয়ে দেখতে স্বাধীন তদন্ত করা হবে।

ইউএস প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পও ৯ই নভেম্বর জানিয়েছেন, বিষয়টি দেখভাল করছে এফবিআই।

একজন প্রযুক্তি প্রতিষ্ঠান প্রধানের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কেন এত আলোচনা? ওই নারীর সাথে সম্পর্কের সূত্র ধরে কীভাবে সামনে এলো গুপ্তচরবৃত্তির অভিযোগ? আর কেনই-বা যুক্তরাষ্ট্র ও চীনের দ্বন্দ্বের কেন্দ্রে এনভিডিয়া? সমীকরণ বুঝতে হলে ফিরে তাকাতে হবে জেনসেন হুয়াং ও তার এনভিডিয়ার উত্থানের দিকে।

চীনা নারীর সঙ্গে সম্পর্ক ঘিরে কী ঘটেছিল 

২৯এ অক্টোবর মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে জেনসেন হুয়াংয়ের সাথে চীনা ব্যবসায়ী অ্যালিস হুয়াওয়ের ঘনিষ্ঠ সম্পর্কের কথা প্রকাশ হয়।

পদবী একই থাকলেও অ্যালিসের সাথে জেনসেনের কোনো পারিবারিক সম্পর্ক ছিল না। অ্যালিস সিঙ্গাপুরভিত্তিক ডেটা সেন্টার প্রতিষ্ঠান মেগাস্পিডের সাবেক নির্বাহী কর্মকর্তা।

মার্কিন সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, অ্যালিস হুয়াংয়ের বিরুদ্ধে চীনা গোয়েন্দা সংস্থা হয়ে কাজ করার অভিযোগ আছে। মার্কিন গোয়েন্দাদের অভিযোগ, ওই নারী জেনসেনের সাথে ঘনিষ্ঠ সম্পর্কে তৈরি করে তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহের চেষ্টা করেছিলেন।

দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনেও অ্যালিসের সঙ্গে চীনা গোয়েন্দা সংস্থার সম্ভাব্য যোগাযোগের কথা উঠে এসেছে। তবে এসব অভিযোগের পক্ষে বিস্তারিত প্রমাণ পাওয়া যায়নি।

অ্যালিসকে নিয়ে বিতর্কের আরও একটি কারণ হলো, তার সাবেক প্রতিষ্ঠান মেগাস্পিড এনভিডিয়ার বিপুল পরিমাণ চিপ কিনেছে। মার্কিন কর্মকর্তাদের সন্দেহ, যুক্তরাষ্ট্রের রপ্তানি নিষেধাজ্ঞা এড়িয়ে চীনের প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলোর কাছে উন্নত চিপ পৌঁছে দিতে মেগাস্পিড ভূমিকা রেখে থাকতে পারে।

জেনসেন হুয়াংয়ের সাথে চীনা ব্যবসায়ী অ্যালিস হুয়াওয়ে।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে প্রতিষ্ঠানটির সাথে এনভিডিয়ার কয়েকশ কোটি ডলারের ব্যবসার বিষয়টিও উঠে আসে। আল জাজিরার প্রতিবেদনে মেগাস্পিডের এনভিডিয়ার কাছ থেকে প্রায় ৪৮০ কোটি ডলারের প্রযুক্তিপণ্য কেনার তথ্য উল্লেখ করা হয়েছে।

অবশ্য জেনসেন হুয়াং অক্টোবরের শেষ দিকে ব্লুমবার্গকে দেওয়া সাক্ষাৎকারে মেগাস্পিডের সাথে ব্যবসাকে স্বাভাবিক বলে বর্ণনা করেছিলেন।

প্রতিষ্ঠানটির মাধ্যমে অবৈধভাবে চীনে চিপ সরিয়ে নেওয়া হয়েছে কি-না, তা যাচাইয়ের কথাও জানিয়েছিলেন তিনি।

অন্যদিকে চীন গুপ্তচরবৃত্তির অভিযোগকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে।

সম্পর্কের কথা স্বীকার, তদন্ত শুরু

নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনের পর শুরু হওয়া বিতর্কের মধ্যে ৮ই নভেম্বর জেনসেন তার কর্মীদের উদ্দেশে একটা বার্তা পাঠান। সেখানে তিনি অবিশ্বস্ত থাকার কথা স্বীকার করেন। নিজের আচরণের জন্য স্ত্রী ও সন্তানদের কাছে দুঃখও প্রকাশ করেন জেনসেন হুয়াং।

বার্তায় অ্যালিস হুয়াংয়ের নাম উল্লেখ করেননি তিনি। একই সঙ্গে এনভিডিয়ার প্রতি নিজের অঙ্গীকার এবং যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা রক্ষার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন জেনসেন।

এই ঘটনার খবর প্রকাশ পেলে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ একটি স্বাধীন তদন্ত করার কথা বলেন। ব্যক্তিগত সম্পর্কের সুযোগ নিয়ে অ্যালিস প্রতিষ্ঠানটির গোপন প্রযুক্তি, ব্যবসায়িক পরিকল্পনা কিংবা গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছিলেন কি-না তাই দেখা হবে তদন্তে। সেসব তথ্য চীনের কাছে পৌঁছেছিল কি-না, নেওয়া হবে সেই খোঁজও।

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে জেনসন হুয়াং।

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ৯ই নভেম্বর জানান, হুয়াংয়ের সঙ্গে তার কথা হয়েছে। ট্রাম্প বলেন, হুয়াংয়ের বিরুদ্ধে অভিযোগগুলো শুনে তিনি বিস্মিত হয়েছেন। বিষয়টি এখন মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই খতিয়ে দেখছে।

ট্রাম্প জেনসেন হুয়াংকে জিজ্ঞাসা করেছেন, ওই নারী যে গুপ্তচর, সে বিষয়ে তার কোনো ধারণা ছিল কি-না।

জেনসেন উত্তর দিয়েছেন, ওই নারী যে গুপ্তচর, তা তিনি জানতেন না।

“আমি সত্যিই তাকে বিশ্বাস করেছিলাম”, বলেছেন জেনসেন।

অন্যদিকে মার্কিন কংগ্রেসের কয়েকজন প্রভাবশালী আইনপ্রণেতা হুয়াংয়ের কাছে এ বিষয়ে ব্যাখ্যা চেয়েছেন। তাদের আশঙ্কা, এই ঘটনায় যুক্তরাষ্ট্রের সংবেদনশীল প্রযুক্তি ও জাতীয় নিরাপত্তা ঝুঁকিতে পড়েছিল কি-না, তা জানা প্রয়োজন।

তবে এনভিডিয়ার পরিচালনা পর্ষদ জানিয়েছে, এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কিংবা প্রতিষ্ঠানের গোপন তথ্য ক্ষতিগ্রস্ত হয়েছে, এমন কোনো প্রমাণ তাদের কাছে নেই। তদন্ত চলাকালে জেনসেন হুয়াং প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করবেন।

গেইম চিপ থেকে এআই: শাসন করছে এনভিডিয়া

যে কোনো ডিজিটাল ডিভাইসে চ্যাটজিপিটি বা জেমিনি বা নোটবুক থাকতে পারে। ধরা যাক, চ্যাটজিপিটিকে কোনো প্রশ্ন করা হলো। কয়েক সেকেন্ডের মধ্যে উত্তর এলো। কিংবা গুগলের জেমিনিকে দিয়ে একটি ছবি বানানো হলো। 

এ কাজটি সহজ মনে হলেও এর পেছনে চলে বিপুল পরিমাণ তথ্য বিশ্লেষণ ও জটিল হিসাব নিকাশ। এসব কাজ দ্রুত করার জন্য দরকার শক্তিশালী মাইক্রোচিপ। আর এটি তৈরির ক্ষেত্রে সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এনভিডিয়া।

১৯৯৩ সালে যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠিত হয় এনভিডিয়া। শুরুতে প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য ছিল কম্পিউটারের ভিডিও গেইমের গ্রাফিকস উন্নত করার জন্য বিশেষ ধরনের প্রসেসর তৈরি করা। এসব প্রসেসরকে বলা হয় গ্রাফিকস প্রসেসিং ইউনিট বা জিপিইউ।

সময় গড়ানোর সঙ্গে সঙ্গে জিপিইউয়ের ব্যবহারও বদলে যায়। শুধু ভিডিও গেইম নয়, কৃত্রিম বুদ্ধিমত্তা, সুপারকম্পিউটার, রোবট, স্বচালিত গাড়ি এবং বড় ডেটা সেন্টার পরিচালনায় এসব চিপের প্রয়োজন বাড়তে থাকে।

এআই মডেলকে প্রশিক্ষণ দিতে বিপুল পরিমাণ তথ্য একসঙ্গে বিশ্লেষণ করতে হয়। সাধারণ প্রসেসরের তুলনায় জিপিইউ একই সময়ে অনেক বেশি হিসাব করতে পারে। তাই এআই মডেল তৈরি ও পরিচালনার জন্য এনভিডিয়ার চিপ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

চ্যাটজিপিটি, জেমিনি কিংবা অন্যান্য উন্নত এআই প্রযুক্তির পেছনে যে বিশাল কম্পিউটিং অবকাঠামো কাজ করে, তার একটি বড় অংশে এনভিডিয়ার চিপ ব্যবহার হয়।

শুধু চিপ তৈরি নয়, সেগুলো ব্যবহারের জন্য প্রয়োজনীয় সফটওয়্যার ও প্রযুক্তিও সরবরাহ করে প্রতিষ্ঠানটি। 

এভাবেই ভিডিও গেমের গ্রাফিকস চিপ তৈরির একটি প্রতিষ্ঠান হয়ে ওঠে এআই বিপ্লবের অন্যতম প্রধান শক্তি।

জেনসেন হুয়াং কেন গুরুত্বপূর্ণ

প্রযুক্তিপ্রতিষ্ঠান এনভিডিয়ারের এই উত্থানের মূল কারিগর জেনসেন হুয়াং।

জন্ম ১৯৬৩ সালে, তাইওয়ানে। শৈশবে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে চলে যান। সেখানে পড়াশোনা শেষে প্রযুক্তি খাতে কাজ শুরু করেন।

১৯৯৩ সালে দুই সহকর্মীকে সঙ্গে নিয়ে প্রতিষ্ঠা করেন এনভিডিয়া। তখন কেউ ভাবেনি, ছোট পরিসরে শুরু হওয়া এই প্রতিষ্ঠান একদিন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী প্রযুক্তি কোম্পানিগুলোর একটিতে পরিণত হবে।

শুরুতে কম্পিউটার গ্রাফিকসের প্রযুক্তি উন্নয়নেই মনোযোগ ছিল প্রতিষ্ঠানটির। কিন্তু হুয়াং বুঝতে পেরেছিলেন, ভবিষ্যতে শুধু গেম নয়, আরও অনেক ক্ষেত্রে শক্তিশালী কম্পিউটিং প্রযুক্তির প্রয়োজন হবে। সেই চিন্তা থেকেই কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য প্রয়োজনীয় চিপ তৈরিতে গুরুত্ব দেন তিনি।

জেনসেনের দীর্ঘমেয়াদী পরিকল্পনার ফল পাওয়া শুরু হয় ২০২২ সালের শেষের দিকে। যখন চ্যাটজিপিটি চালুর পর বিশ্বজুড়ে এআই প্রযুক্তির ব্যাপক ব্যবহার শুরু হয়। তখন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এআই অবকাঠামোতে বিপুল বিনিয়োগ শুরু করে। আর সেই অবকাঠামোর জন্য প্রয়োজন পড়ে এনভিডিয়ার চিপ।

যখন এনভিডিয়ার চিপের চাহিদা বেড়ে যায় তখন তাদের বাজারমূল্যও বাড়ে। ২০২৪ সালের জুনে এনভিডিয়ার বাজারমূল্য তিন ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যায়। কিছু সময়ের জন্য প্রতিষ্ঠানটি বিশ্বের সবচেয়ে দামি কোম্পানির অবস্থানেও পৌঁছায়। জেনসেন হুয়াং হয়ে ওঠেন প্রযুক্তি দুনিয়ার অন্যতম আলোচিত ব্যক্তিত্ব।

জেনসেনের পরিচিতি হয়ে উঠেছে ব্ল্যাক লেদারের জ্যাকেট। আন্তর্জাতিক মঞ্চে প্রায়ই তিনি এই পোশাকে ওঠেন।

তিন দশকের বেশি সময় ধরে প্রতিষ্ঠানটির নেতৃত্ব দিচ্ছেন হুয়াং। এনভিডিয়ার সাফল্যের সঙ্গে তার নাম এতটাই জড়িয়ে গেছে যে অনেকের কাছে এনভিডিয়া মানে জেনসেন। তিনি প্রতিষ্ঠানের প্রতীক।

তবে তার প্রভাব শুধু প্রযুক্তি খাতেই সীমাবদ্ধ নয়। যুক্তরাষ্ট্রের নীতিনির্ধারকদের  সঙ্গেও যোগাযোগ আছে। বিশেষ করে চীনে উন্নত চিপ বিক্রির প্রশ্নে মার্কিন সরকারের সঙ্গে তার অবস্থানের পার্থক্য বারবার আলোচনায় এসেছে।

চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বন্দ্বে এনভিডিয়া কেন

বর্তমানে বিশ্বে শক্তিশালী দুটি দেশ যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে যে বিষয় নিয়ে প্রতিযোগিতা হচ্ছে তা হলো কৃত্রিম প্রযুক্তি বা এআই। দুই দেশই চায় ভবিষ্যতের গুরুত্বপূর্ণ প্রযুক্তিতে তাদের প্রভাব বেশি থাকুক।

কারণ এআই শুধু মানুষের প্রশ্নের উত্তর দেওয়া বা ছবি সম্পাদনার প্রযুক্তি না। এর সঙ্গে যুক্ত অর্থনীতি, সামরিক সক্ষমতা, গোয়েন্দা কার্যক্রম, যোগাযোগব্যবস্থা ও জাতীয় নিরাপত্তা।

এই প্রতিযোগিতার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদানগুলোর একটি উন্নত সেমিকন্ডাক্টর বা চিপ। শক্তিশালী চিপ ছাড়া বড় এআই মডেল তৈরি ও পরিচালনা করা কঠিন। এখানেই চীনের চেয়ে এগিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো। বিশেষ করে জেনসেনের এনভিডিয়ার তৈরি উন্নত চিপের ওপর নির্ভর করছে বিশ্বের বড় বড় প্রযুক্তিপ্রতিষ্ঠান। প্রযুক্তিখাতের নেতৃত্ব দিচ্ছে এনভিডিয়া।

যেহেতু চীন ও যুক্তরাষ্ট্র দুই দেশই এআইয়ে সেরা হতে চায়, তাই যুক্তরাষ্ট্রের আশঙ্কা। চীন এসব চিপ পেলে সামরিক প্রযুক্তিতে এগিয়ে যেতে পারে। এ কারণ চীনে উন্নত চিপ রপ্তানিতে বিধিনিষেধ আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।

যদিও এই নীতির সঙ্গে পুরোপুরি একমত নন জেনসেন হুয়াং। তার যুক্তি, চীনের বাজার থেকে মার্কিন প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলো পুরোপুরি সরে গেলে সেখানে চীনা প্রযুক্তির বিকাশ আরও দ্রুত হবে। বরং মার্কিন প্রযুক্তি চীনের বাজারে থাকলে তারা মার্কিন প্রযুক্তির ওপর নির্ভরশীল হবে।

এ নিয়ে মার্কিন নীতিনির্ধারণের সাথে তার মতপার্থক্য হয়েছে। তিনি বারবার এই সিদ্ধান্তকে শিথিল করার কথা বলেছেন।

২০২৫ সালের এপ্রিলে যুক্তরাষ্ট্র এনভিডিয়ার এইচ টোয়েন্টি চিপ চীনে বিক্রির ওপর নিষেধাজ্ঞা দেয়। এতে প্রতিষ্ঠানটির বড় আর্থিক ক্ষতির আশঙ্কা তৈরি হয়। এরপর ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন হুয়াং। একই বছরের জুলাইয়ে যুক্তরাষ্ট্র এই চিপ বিক্রির অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নেয়। অগাস্টে রপ্তানির লাইসেন্স দেওয়া শুরু হয়।

চীনের বাজারে ঢোকার চেষ্টা চালিয়ে যাচ্ছে এনভিডিয়া। ২০২৫ সালের জুলাইয়ে বেইজিং সফরেও যান হুয়াং। সেখানে তিনি চীনের প্রযুক্তি খাতের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন এবং এআই প্রযুক্তির ভবিষ্যৎ নিয়ে কথা বলেন।

একদিকে যুক্তরাষ্ট্র চীনের প্রযুক্তিগত অগ্রগতি নিয়ন্ত্রণ করতে চায়, অন্যদিকে এনভিডিয়া চীনের বিশাল বাজার হারাতে চায় না। এই দুই অবস্থানের মাঝখানে দাঁড়িয়ে আছেন জেনসেন হুয়াং।

ঠিক এমন সময়েই তার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে সামনে আসে নতুন বিতর্ক। যা নিয়ে কথা বলছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

জেনসেন কি টিকে থাকবেন

একজনের সম্পর্কের ঘটনা কীভাবে বিশ্বের অন্যতম বড় প্রযুক্তিপ্রতিষ্ঠানের ভবিষ্যত নিয়ে প্রশ্ন তৈরি করতে পারে, এনভিডিয়ার বর্তমান পরিস্থিতি তার উদাহরণ।

হুয়াংকে ঘিরে বিতর্কের প্রভাব পড়েছে শেয়ারবাজারেও। ৯ই নভেম্বর এনভিডিয়ার শেয়ারের দাম ৪ শতাংশের বেশি কমে যায়। এতে এক দিনেই প্রতিষ্ঠানটির বাজারমূল্য থেকে প্রায় ১৯০ বিলিয়ন ডলার কমে যায় বলে রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এনভিডিয়ার শেয়ারের দাম গত সাত মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে।

এদিকে ৯ই নভেম্বর এনভিডিয়া ও জেনসেন হুয়াংয়ের বিরুদ্ধে শেয়ারধারীদের স্বার্থ ক্ষুণ্ন করার অভিযোগে যুক্তরাষ্ট্রে একটি মামলাও হয়েছে। মামলাকারীদের অভিযোগ, সন্দেহজনক সম্পর্ক ও জাতীয় নিরাপত্তাসংক্রান্ত ঝুঁকির তথ্য যথাসময়ে বিনিয়োগকারীদের জানানো হয়নি। তবে এটি এখনো অভিযোগের পর্যায়ে আছে।

সবকিছু মিলিয়ে জেনসেনের ভবিষ্যত নিয়ে অনিশ্চিয়তা তৈরি হয়েছে। তবে তাকে সরিয়ে দেওয়া এনভিডিয়ার জন্য সহজ নয়। কারণ তিন দশক হলো তার নেতৃত্বে এই প্রতিষ্ঠান আজ এই জায়গায়। তার দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও সিদ্ধান্তেই এনডিভিয়া এআই প্রযুক্তির অন্যতম প্রধান শক্তি হয়ে উঠেছে।   

প্রতিষ্ঠানটির বড় গ্রাহক, প্রযুক্তি উন্নয়ন এবং বিভিন্ন দেশের সরকারের সঙ্গে সম্পর্ক তৈরিতেও তার ভূমিকা রয়েছে। তাই নেতৃত্বে পরিবর্তন এলে তার প্রভাব শুধু এনভিডিয়ায় নয়, বৈশ্বিক এআই শিল্পেও পড়তে পারে।

এখন পর্যন্ত এনভিডিয়ার পরিচালনা পর্ষদ তাকে দায়িত্বে রেখেছে। ট্রাম্পও প্রকাশ্যে তার প্রতি সমর্থন জানিয়েছেন।

 

(রয়টার্স, নিউইয়র্ক টাইমস, ব্লুমবার্গ, দ্য ওয়াল স্ট্রিট জার্নাল, আল জাজিরা ও বিবিসির অবলম্বনে)