যুক্তরাষ্ট্রে মানবপাচার চক্রে জড়িত এক বাংলাদেশির দায় স্বীকার

আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ০৪:১০ পিএম

 যুক্তরাষ্ট্রে মানবপাচারের একটি আন্তর্জাতিক চক্রে জড়িত ছিলেন বাংলাদেশি নাগরিক সাইফুল ইসলাম। যুক্তরাষ্ট্রের একটি আদালতে তিনি দায় স্বীকার করেছেন।

দক্ষিণ ও মধ্য আমেরিকা এবং মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অভিবাসী পাচার করতো চক্রটি।

ইউএস ডিপার্টমেন্ট অব জাস্টিসের একটি বিজ্ঞপ্তিতে জানা গেছে, সাইফুল ইসলাম একটি বিস্তৃত আন্তর্জাতিক পাচারকারী দলের অংশ হিসেবে কাজ করতেন। তিনি ব্রাজিল, দক্ষিণ ও মধ্য আমেরিকা এবং মেক্সিকো হয়ে অভিবাসীদের বেআইনিভাবে যুক্তরাষ্ট্রে ঢুকতে সহায়তা করতেন।

পাচারের শিকার ব্যক্তিদের কলম্বিয়া উপকূলে বিপজ্জনক নৌকায় নিয়ে যাওয়া হতো। অনেককে বিপজ্জনক 'দারিয়েন গ্যাপ' জঙ্গল হেঁটে পার হতে হতো। এছাড়া পরিচয় গোপন রাখতে অনেককে অন্য মানুষের নথি ব্যবহার করতে দেওয়া হয়েছিল।

পরে রিও গ্র্যান্ড নদী সাঁতরে পার হয়ে বা সীমান্ত বেড়া টপকে যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য অভিবাসীদের নির্দেশনা দেওয়া হতো। বিনিময়ে সাইফুলের চক্রটি অভিবাসীদের কাছ থেকে হাজার হাজার ডলার হাতিয়ে নিত।

এ বছরের এপ্রিলে সাইফুল ইসলামকে ব্রাজিল থেকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা হয়।

আদালতে সাইফুল বাণিজ্যিক উদ্দেশ্যে এবং আর্থিক লাভের জন্য মানবপাচারের ষড়যন্ত্রের একটি এবং সরাসরি অভিবাসী পাচারের দুইটি অপরাধ স্বীকার করেছেন।

একই সাথে পাচারের মাধ্যমে আয় করা সমস্ত অর্থ বাজেয়াপ্ত করতে রাজি হয়েছেন তিনি। আগামী ২০২৭ সালের ১৭ই ফেব্রুয়ারি তার সাজা ঘোষণার দিন ঠিক করা হয়েছে। এ অপরাধে তার কমপক্ষে তিন বছরের কারাদণ্ড হতে পারে।

ডিপার্টমেন্ট অব জাস্টিসে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অপরাধ বিভাগের সহকারী অ্যাটর্নি জেনারেল এ. টাইসেন ডুভা এবং টেক্সাসের সাউদার্ন ডিস্ট্রিক্টের অ্যাটর্নি অ্যারন রেইটজ এই তথ্য জানিয়েছেন।

মামলাটি যৌথভাবে তদন্ত করেছে হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশনসের ফিনিক্স শাখা, ব্রাজিল ও কলম্বিয়া পুলিশ, ইউএস মার্শাল সার্ভিস এবং ইন্টারপোল।

ইউএস ডিপার্টমেন্ট অব জাস্টিসের আন্তর্জাতিক বিষয়ক শাখা সাইফুলকে ব্রাজিল থেকে গ্রেপ্তার ও প্রত্যর্পণে কাজ করেছে।