প্রধানমন্ত্রীর চেয়ারে বসতে চেয়েছিলেন প্রণব, স্মৃতিকথায় সোনিয়া গান্ধী

সোনিয়া লিখেছেন, ২০১০ সালে একবার প্রণব মুখার্জি তার কাছে ইঙ্গিত দিয়ে বলেছিলেন, এবার হয়তো নেতৃত্বে পরিবর্তন আনার সময় এসেছে। সোনিয়ার ধারণা, এর মাধ্যমে প্রধানমন্ত্রী হওয়ার দীর্ঘদিনের আকাঙ্ক্ষার কথাই বুঝিয়েছিলেন প্রণব।

আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ০৩:২৯ পিএম

ভারতের প্রয়াত রাষ্ট্রপতি ও কংগ্রেস নেতা প্রণব মুখার্জি প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন বলে দাবি করেছেন কংগ্রেসের সাবেক সভাপতি সোনিয়া গান্ধী।

২০১০ সালে ওই সময়ের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের নেতৃত্ব পরিবর্তনের ইঙ্গিত দিয়ে প্রণব তাকে এ আকাঙ্ক্ষার কথা বোঝাতে চেয়েছিলেন। নিজের নতুন স্মৃতিকথায় এমন তথ্য তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

মঙ্গলবার প্রকাশিত ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’ নামের ৫২৬ পৃষ্ঠার বইয়ে ঘটনাটি বর্ণনা করেছেন তিনি। ভারতের সংবাদ সংস্থা পিটিআইয়ের বরাতে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।

সোনিয়া লিখেছেন, ২০১০ সালে একবার প্রণব মুখার্জি তার কাছে ইঙ্গিত দিয়ে বলেছিলেন, এবার হয়তো নেতৃত্বে পরিবর্তন আনার সময় এসেছে। সোনিয়ার ধারণা, এর মাধ্যমে প্রধানমন্ত্রী হওয়ার দীর্ঘদিনের আকাঙ্ক্ষার কথাই বুঝিয়েছিলেন প্রণব।

স্মৃতিকথায় সোনিয়া লিখেছেন, তৎকালীন অর্থমন্ত্রী পি চিদাম্বরমের সঙ্গে প্রণবের মতপার্থক্য তৈরি হয়। একদিন নিজের হতাশা প্রকাশের পর প্রণবের ওই মন্তব্যে তিনি বিস্মিত হন।

সোনিয়া গান্ধী বলেন, “আমি বিষয়টি কৌশলে এড়িয়ে অন্য প্রসঙ্গে চলে যাই। প্রণব হয়তো হতাশ হয়েছিলেন। তবে তিনি কখনো আমাকে বুঝতে দেননি যে, এ কারণে আমার ওপর তার কোনো ক্ষোভ রয়েছে।”

২০১২ সালে কংগ্রেসের নেতৃত্বাধীন সংযুক্ত প্রগতিশীল জোট (ইউপিএ) প্রণব মুখার্জিকে রাষ্ট্রপতি পদে প্রার্থী করে। পরে তিনি ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন। সোনিয়া লিখেছেন, রাষ্ট্রপতি হওয়ার পরও তিনি প্রণবের সঙ্গে দেখা করতেন। মূলত তার জ্ঞান ও অভিজ্ঞতা জানতে দেখা হতো।

স্মৃতিকথায় ইউপিএ সরকারের সময় নিজের ভূমিকা নিয়েও ব্যাখ্যা দিয়েছেন সোনিয়া। ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালে সরকার পরিচালনায় সোনিয়ার পর্দার আড়ালের নিয়ন্ত্রণ ছিল বলে যে অভিযোগ উঠেছিল, তা নাকচ করেছেন তিনি।

সোনিয়া লিখেছেন, মনমোহন সিং ছিলেন প্রধানমন্ত্রী। কংগ্রেস সভাপতি হিসেবে তিনি নিজের মতামত ও পরামর্শ দিতে পারতেন। কোনো বিষয়ে মতপার্থক্য থাকলে তা প্রকাশও করতে পারতেন। তবে শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে সম্মান জানানোই ছিল তার দায়িত্ব।

তিনি আরও লিখেছেন, সরকার ও দলের মধ্যে সমন্বয় বজায় রাখতে মনমোহন সিংয়ের সঙ্গে তার দায়িত্বের একটি অলিখিত বিভাজন ছিল।

তিনি উল্লেখ করেছেন, “সরকারের দায়িত্বে ছিলেন ড. মনমোহন সিং, আর দলের দায়িত্বে ছিলাম আমি।”

দল ও সরকারের মধ্যে সমন্বয় নিশ্চিত করতে প্রতি সপ্তাহে প্রধানমন্ত্রীর সঙ্গে একটি কোর গ্রুপের বৈঠক হতো। এই গ্রুপে ছিলেন প্রণব মুখার্জি, অর্জুন সিং, এ কে অ্যান্টনি ও আহমেদ প্যাটেল।

সংসদে কোন কোন বিষয় উত্থাপন করা হবে, এসব নিয়েও আলোচনা করতে নিয়মিত কৌশলগত বৈঠকও করতেন।

সোনিয়ার দাবি, ইউপিএ সরকারের সময় সংবাদমাধ্যমে তাকে নিয়ে বিভিন্ন নেতিবাচক প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। এসব প্রতিবেদনের কিছু প্রধানমন্ত্রীর আশপাশের লোকজনের কাছ থেকে আসত বলেও উল্লেখ করেছেন তিনি।

তিনি লিখেছেন, “মনমোহন সিংয়ের সাবেক এক সহযোগী পরে একটি বই প্রকাশ করেন। সেখানে তার বিরুদ্ধে অভিযোগ করা হয়, তিনি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিভিন্ন নথি নিজের কাছে আনতেন, প্রশাসনিক কাজে হস্তক্ষেপ করতেন এবং গুরুত্বপূর্ণ নিয়োগে প্রভাব বিস্তার করতেন।”

সোনিয়া এসব অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা বলে উল্লেখ করেছেন।

তিনি মনে করেন, সবচেয়ে বেশি কষ্ট দিয়েছিল সরকারের বাইরে থেকেও সরকারি নথি দেখার অভিযোগটি।

তিনি লিখেছেন, সব সময় নিয়ম মেনে চলার বিষয়ে তিনি সতর্ক ছিলেন। এমনকি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেও এক বিবৃতিতে স্পষ্টভাবে জানানো হয়েছিল, কখনো তাকে সরকারি নথি দেখানো হয়নি।

এ প্রসঙ্গে মনমোহন সিংয়ের মেয়ে উপিন্দর সিংয়ের বক্তব্যও তুলে ধরেছেন সোনিয়া। সাবেক ওই সহযোগীর বইকে উপিন্দর ‘বিশ্বাসের প্রতি বড় ধরনের বিশ্বাসঘাতকতা’ এবং ‘অনৈতিক ও উদ্দেশ্যপ্রণোদিত উদ্যোগ’ বলে বর্ণনা করেছিলেন।

তার মতে, সোনিয়া ও মনমোহনের সম্পর্ক পারস্পরিক আস্থা ও শ্রদ্ধার ওপর প্রতিষ্ঠিত ছিল।

সোনিয়া লিখেছেন, বিরোধী দল ও সংবাদমাধ্যম তাকে সব সময় সরকারের ‘ব্যাক সিট ড্রাইভার’ হিসেবে তুলে ধরার সুযোগ খুঁজেছে। তবে তিনি কোনো পরিস্থিতিতেই এমন ভুল বোঝাবুঝির কারণ হতে চাননি, যা বিরোধীদের সরকারকে দুর্বল করার সুযোগ করে দেবে।