অর্থের অভাবে বন্ধ হওয়ার ঝুঁকিতে রোহিঙ্গা শিশুদের শিক্ষাকার্যক্রম

আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ০২:১৩ পিএম

কক্সবাজারের রোহিঙ্গা শিবিরগুলোতে শিশুদের পড়াশোনা নিয়ে নতুন হয়েছে নতুন সংকট। আন্তর্জাতিক দাতা সংস্থাগুলোর কাছ থেকে প্রয়োজনীয় অর্থ না পাওয়ায় বন্ধ হওয়ার ঝুঁকিতে আছে অনেকগুলো শিক্ষাকেন্দ্র। এমন পরিস্থিতিতে রোহিঙ্গাদের নিজেদের উদ্যোগে গড়ে তোলা স্কুলগুলোর ওপর থেকে বিধিনিষেধ তুলে নেওয়ার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।

১৬ই নভেম্বর এক রিপোর্টে সংস্থাটি জানায়, বাংলাদেশের রোহিঙ্গা শিবিরগুলোতে স্কুলে যাওয়া শিশুর সংখ্যা প্রায় পাঁচ লাখ। এর মধ্যে ৩ লাখ ১২ হাজার শিশু বিভিন্ন শিক্ষাকেন্দ্রে পড়াশোনা করছে। কিন্তু অর্থের অভাবে এসব কেন্দ্রে ঠিকমতো পড়াশোনা চালানো যাচ্ছে না। ২০২৫ সালেও অর্থের অভাবে কয়েক মাস বন্ধ ছিল অনেক শিক্ষাকেন্দ্র।

এদিকে মিয়ানমার থেকে নতুন করে রোহিঙ্গা আসা এবং শিবিরে জনসংখ্যা বাড়ায় চলতি বছর আরও ৯০ হাজার শিশুর জন্য শিক্ষার ব্যবস্থা করা দরকার। কিন্তু সেই তুলনায় অর্থের জোগান খুবই কম।

রিপোর্টে বলা হয়, রোহিঙ্গা শিক্ষকদের উদ্যোগে শিবিরগুলোতে ১২৫টির বেশি স্কুল গড়ে উঠেছে। এসব স্কুলে প্রায় ৩০ হাজার শিশু পড়াশোনা করছে। কিন্তু সরকারিভাবে স্বীকৃতি না থাকায় স্কুলগুলো সরাসরি বিদেশি সংস্থার কাছ থেকে সাহায্য নিতে পারে না। অনেক স্কুল শিক্ষার্থীদের কাছ থেকে সামান্য টাকা নিয়ে কার্যক্রম পরিচালনা করে। আবার কোথাও শরণার্থীদের থাকার ঘরেই ক্লাস নেওয়া হয়।

রোহিঙ্গা শিক্ষকরা বলছেন, এসব স্কুলে আরও ভালোভাবে পড়াশোনার ব্যবস্থা করা সম্ভব। তবে এ জন্য স্কুলগুলোর সরকারি স্বীকৃতি, পরীক্ষার সনদ এবং উচ্চশিক্ষার সুযোগ দরকার। পাশাপাশি ইউনিসেফসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর সহযোগিতাও প্রয়োজন।

এ ক্ষেত্রে কিছু অগ্রগতিও হয়েছে। গত অক্টোবরে প্রথমবারের মতো কয়েক ডজন রোহিঙ্গা শিক্ষার্থীকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রাথমিক শিক্ষা পরীক্ষায় অংশ নেওয়ার অনুমতি দেয় বাংলাদেশ। একই মাসে রোহিঙ্গাদের একটি সংগঠনকে শিবিরে ২৪০ শিক্ষার্থীর জন্য প্রাথমিক বিদ্যালয় চালুর অনুমতিও দেওয়া হয়।

অন্যদিকে, দাতা সংস্থাগুলোর অর্থ কমে যাওয়ায় সাধারণ শিক্ষাকেন্দ্রগুলোতেও দেখা দিয়েছে নানা সমস্যা। ২০২৫ সালে রোহিঙ্গা শিশুদের শিক্ষার জন্য ৭ কোটি ২০ লাখ ডলার সহায়তা চেয়েছিল মানবিক সংস্থাগুলো। কিন্তু তারা পেয়েছে মাত্র ২ কোটি ৯০ লাখ ডলার। ফলে অনেক শিক্ষককে চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে। কমানো হয়েছে শিক্ষক প্রশিক্ষণ ও শিক্ষা উপকরণ সরবরাহ।

২০২৬ সালে শিক্ষার জন্য সহায়তার চাহিদা কমিয়ে ৫ কোটি ৩০ লাখ ডলার করা হলেও অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত দাতারা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মাত্র ৩ কোটি ৬০ লাখ ডলার। এতে আবারও শিক্ষাকেন্দ্র বন্ধ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এইচআরডব্লিউর শিশু অধিকারবিষয়ক সহযোগী পরিচালক বিল ভ্যান এসভেল্ড বলেন, “প্রায় পাঁচ লাখ রোহিঙ্গা শিশুর শিক্ষার বিষয়টি দাতা দেশগুলো যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না। এই সংকট মোকাবিলায় রোহিঙ্গাদের নিজেদের পরিচালিত স্কুলগুলোর সঙ্গেও কাজ করা উচিত।”