অধ্যাপক ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে পারেন টিউলিপ সিদ্দিক

আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ০৬:২৮ পিএম

বাংলাদেশের সাবেক অন্তর্বর্তী সরকারপ্রধান, ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী ও লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিক। সম্প্রতি গুটো হ্যারি ও ডেভিড ডেভিস সঞ্চালিত ‘পলিটিক্স আনলিশড’ নামের এক পডকাস্টে এ কথা বলেন তিনি।

এ বিষয়ে মন্তব্য জানতে ইউনূসের ঘনিষ্ঠ দুই সহযোগীর মাধ্যমে যোগাযোগ করা হলে তিনি মন্তব্য করতে রাজি হননি বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। 

যুক্তরাজ্যের পার্লামেন্টের হ্যাম্পস্টেড অ্যান্ড হাইগেট আসনের এমপি ছিলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, শেখ হাসিনার ভাগনি, টিউলিপ সিদ্দিক। ২০২৫ সালে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছিলো ইউনূস প্রশাসন, যার কারণে যুক্তরাজ্যের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে হয়েছিলো টিউলিপ সিদ্দিককে। অন্তর্বর্তী সরকারের অভিযোগ ছিল, শেখ হাসিনার শাসনামলে অবৈধ সুবিধা নিয়েছিলেন টিউলিপ সিদ্দিক। 

ঢাকার পাশে পরিবারের জন্য একটি প্লট বরাদ্দ পেতে খালা শেখ হাসিনাকে প্রভাবিত করার অভিযোগে ২০২৫ সালের ডিসেম্বরে বাংলাদেশের একটি আদালত টিউলিপকে তার অনুপস্থিতিতে দুই বছরের কারাদণ্ড দেন। ওই মামলায় টিউলিপের সাথে আরও ১৬ জনকে সাজা দেওয়া হয়েছিলো। শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করে আসছেন লন্ডনে বসবাসরত টিউলিপ।

২০২৫ সালে দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে টিউলিপ তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোকে ‘সম্পূর্ণ হাস্যকর’ বলে আখ্যা দিয়েছিলেন। সে সময় তিনি বলেছিলেন, খালা শেখ হাসিনা ও মুহাম্মদ ইউনূসের দীর্ঘদিনের বিরোধের ‘বলি’ হয়েছেন তিনি।

‘পলিটিকস আনলিশড’ পডকাস্টে ব্রিটেনের সাবেক মন্ত্রী বলেন, ‘উদ্দ্যেশ্যপ্রণোদিতভাবে’ তার বিরুদ্ধে মামলা করা হয়েছিলো। টিউলিপ দাবি করেন, ইউনূসের বিরুদ্ধে মামলা করার মতো যথেষ্ট ভিত্তি আছে বলে তাকে একজন অভিজ্ঞ আইনজীবী জানিয়েছেন। এ বিষয়ে ওই আইনজীবীর সঙ্গে আলোচনা করছেন তিনি। 

তিনি আরও বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সম্পর্কে জানতে বাংলাদেশ সরকারকে বারবার চিঠি পাঠালেও তার কোনো জবাব মেলেনি। এমনকি ড. ইউনূস যখন লন্ডনের ডরচেস্টার হোটেলে ছিলেন, তখন তার সাথে দেখা করতে চেয়ে চিঠি পাঠিয়েছিলেন টিউলিপ। কিন্তু তার সাথে দেখা করতে অস্বীকৃতি জানান বাংলাদেশের সাবেক প্রধান উপদেষ্টা। 

পুরো ঘটনায় উদ্বিগ্ন হওয়ার চেয়ে বেশি বিভ্রান্ত হয়েছিলেন বলে জানান টিউলিপ সিদ্দিক। তার দাবি, তখন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছ থেকে সমর্থন পেয়েছিলেন তিনি।