‘টুঙ্গিপাড়া লিমিটেড’

এমপির বাড়ি জ্বালিয়ে লেহেঙ্গা পরে নাচ, থানা পুড়িয়ে উল্লাস

একটি বাড়ি জ্বলছে। তার সামনে একজন পুরুষ একটি লেহেঙ্গা পরে নাচছেন। বাড়িটি বিএনপির একজন এমপি’র। লেহেঙ্গাটি তার স্ত্রীর, কিংবা তার মেয়ের। এরও একটু আগে, কিছু দূরে একটি থানায় আগুন জ্বালিয়ে উল্লাস করেছেন একদল মানুষ। এলাকাটির নাম টুঙ্গিপাড়া। এখানে জন্মেছেন বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান। এখানেই তার সমাধিসৌধ। যারা নাচছিলেন, যারা উল্লাস করছিলেন, তারা শেখ মুজিবেরই নিজের গড়া দলের নেতা-কর্মী-সমর্থক। টুঙ্গিপাড়ায় মঙ্গলবার রাতভর কী ঘটেছে? কীভাবে ঘটেছে? পুলিশ কী করেছে? সরকারই বা কীভাবে প্রতিক্রিয়া দেখিয়েছে? সব প্রশ্নের জবাব এক প্রতিবেদনে।

আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ০১:১৭ পিএম

রাত সাড়ে ৮টা। দাউ দাউ করে জ্বলছে একটি বাড়ি। সামনে একদল মানুষের উল্লাস।

একজন পুরুষের পরনে লেহেঙ্গা। তাকে ঘিরে নাচানাচি করছেন আরো অনেকে।

ঘটনাস্থল গোপালগঞ্জ। বাড়ির মালিক বিএনপির সংসদ সদস্য এস এম জিলানি। ফেইসবুকে অনেকে লিখেছেন লেহেঙ্গাটি তার স্ত্রী অথবা মেয়ের।

স্লোগান আর উল্লাস বলছিলো, যারা আগুন দিয়েছেন আর নাচছেন, তারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী।

এর খানিকক্ষণ আগের ঘটনা। টুঙ্গিপাড়া থানার সামনে লাঠিসোঁটা নিয়ে জড়ো হয়েছিলেন একদল লোক। যেখানে আটক করে রাখা হয়েছিল ছাত্রলীগের কয়েকজন কর্মী।

স্লোগান দিয়ে তারা থানায় ঢোকে। হামলা চালায় পুলিশের ওপর। লক্ষ্য আটক কর্মীদের ছিনিয়ে নেওয়া।

একজন ফেইসবুকে লাইভ করছিলেন। ভিডিওতে শোনা যাচ্ছিল তিনি বলছেন, “এখন আমরা থানায় আগুন দেব।”

এর আগে মসজিদের মাইকেও আগুন দেওয়ার ঘোষণা দেওয়া হয়। ভবনটি যখন আগুনে পুড়ছিল তখন তার সামনেও চলছিল উল্লাস।

চব্বিশের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে দলটির নেতাকর্মীরা আন্দোলনের সময় পুলিশ হত্যার বিচারের দাবি জানিয়ে আসছিলেন।

সেই বিচারের দাবির মধ্যেই এবার থানায় হামলা, অগ্নিসংযোগ এবং পুলিশের হেফাজত থেকে আটক ব্যক্তিদের ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটলো।

আরেক ভিডিওতে দেখা গেছে, গোপালগঞ্জ মহাসড়কে আন্তঃজেলা বাস থামিয়ে সেখানে বিএনপি-জামায়াতের কর্মী সমর্থক খুঁজছেন একদল ব্যক্তি।

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে একজন জিজ্ঞেস করছে, ‘পাইছিস কাউরে?’

টুঙ্গিপাড়ার সহিংসতার রেশ ছড়িয়ে পড়ে পাশের ফরিদপুরেও। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থনে বের হওয়া মিছিল ও সংঘাতের মধ্যে ককটেল বিস্ফোরণে মারা যান ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহসাংগঠনিক সম্পাদক রাজু মোল্লা।

টুঙ্গিপাড়ায় যখন থানা ও সংসদ সদস্যের বাড়িতে আগুন জ্বলছিল, তখন জাতীয় সংসদে অধিবেশন চলছে।

গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ে সরকারের অবস্থান জানতে চান বিরোধীদলী নেতা। জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

একজন পুরুষ একটি লেহেঙ্গা পরে নাচছেন।

আটকের খবর ছড়িয়ে পড়তেই উত্তেজনা

টুঙ্গিপাড়া বাংলাদেশের এমন একটি উপজেলা, যেখানে জন্ম হয়েছে বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের। তার সমাধিসৌধটিও ছোট্ট এই শহরটির প্রানকেন্দ্রে। স্বভাবতই শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের দেড় দশকেরও বেশী শাসনকালে এই উপজেলাটি সবসময়ই ছিল পাদপ্রদীপের আলোয়।

আওয়ামী লীগের প্রধান সব নেতাদের আদি বাসস্থান গোপালগঞ্জে হওয়ার কারণেই এই জেলায় দলটির নেতাকর্মীর সংখ্যা বেশি। ক্ষমতার পালাবদলের পর দলের কার্যক্রম নিষিদ্ধ হওয়া সত্বেও এখানে তারা শক্তিধর। 

ফলে গত বেশ কয়েকদিন ধরেই গোপালগঞ্জ উত্তাল। জেলাটি সারাদেশের নজর করেছে আওয়ামী লীগের ব্যাপকভিত্তিক সহিংস কর্মসূচীর কারণে। 

নিয়মিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যের পাশাপাশি সরকার এখানে বিপুল পরিমান বিজিবি সদস্য মোতায়েন করে রাখলেও তারা কার্যত এসব কার্যক্রমে বিশেষ কোনো বাধা দিচ্ছে না। তবে ছোটখাটো ধরপাকড় তারা চালিয়েছে।

১৭ই নভেম্বর বিকালে টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ এলাকার কাছে অভিযান চালায় পুলিশ। স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, এ সময় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীকে আটক করা হয়। তাদের কয়েকজনের মোটরসাইকেলও জব্দ করা হয়।

আটকের খবর ছড়িয়ে পড়ার পর এলাকায় উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোকজনকে জড়ো করা হয়। লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র হাতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা টুঙ্গিপাড়া থানার দিকে মিছিল নিয়ে যান।

সন্ধ্যার দিকে থানার সামনে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। একপর্যায়ে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছোঁড়ে।

কিন্তু পরিস্থিতি শান্ত হয়নি। একপর্যায়ে পুলিশের সদস্যরা পিছু হটলে হামলাকারীরা থানার ভেতরে প্রবেশ করেন। সেখানে ভাঙচুর চালানো হয়। থানার হাজতখানা ভেঙে আটক ব্যক্তিদের ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে। এরপর থানা চত্বরে থাকা পুলিশের গাড়ি ও অন্যান্য যানবাহনে আগুন ধরিয়ে দেওয়া হয়।

‘থানা জ্বালিয়ে দেব’

টুঙ্গিপাড়া থানায় হামলার সময় সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়ে। এর মধ্যে একটি ভিডিওতে থানার ভেতরে ভাঙচুর ও অগ্নিসংযোগের দৃশ্য দেখা যায়। হামলাকারীদের হাতে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র ছিল। তাদের ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতেও শোনা যায়।

আরেকটি ভিডিওতে এক ব্যক্তিকে ফেইসবুক লাইভে কথা বলতে দেখা যায়। সেখানে তাকে বলতে শোনা যায়, ‘আমরা কিছু সময়ের মধ্যে থানা জ্বালিয়ে দেব।’

লাইভে তিনি আরও বলেন, পুলিশ তাদের লক্ষ্য করে টিয়ার শেল ছুঁড়েছে। তারা আগুন জ্বালিয়ে গ্যাস থেকে নিজেদের বাঁচানোর চেষ্টা করছেন।

ছবি: সংগৃহীত

‘জিলানীর বাড়ি শেষ’

থানায় হামলা ও অগ্নিসংযোগের পর হামলাকারীদের একটি অংশ যায় টুঙ্গিপাড়ার পাটগাতী এলাকায়। সেখানে গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানীর বাড়িতে হামলা চালানো হয়।

প্রথমে বাড়ির ভেতরে ঢুকে ভাঙচুর করা হয়। এরপর বিভিন্ন অংশে আগুন ধরিয়ে দেওয়া হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বাড়ির বিভিন্ন অংশে আগুন জ্বলতে দেখা যায়। লাঠিসোঁটা হাতে একদল যুবককে বাড়ির ভেতরে ভাঙচুর করতেও দেখা যায়।

এ সময় হামলাকারীদের কেউ কেউ ‘জয় বাংলা’ স্লোগান দিচ্ছিলেন। একটি ভিডিওতে একজনকে বলতে শোনা যায়, ‘জিলানীর বাড়ি শেষ।’

এমনকি বাড়িতে আগুন জ্বলতে থাকার সময়ও হামলাকারীদের উল্লাস করতে দেখা যায়। বাড়ির ভেতর থেকে নারীর পোশাক বের করে একজনের নাচের দৃশ্যও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শী ও বিএনপির একাধিক সূত্রে জানা যায়, টুঙ্গিপাড়া থানা থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে সংসদ সদস্য এস এম জিলানীর বাড়ি। প্রথমে থানায় আগুন দেওয়ার পর সেখানে হামলা, ভাঙচুর ও আগুন লাগানো হয়।

পুলিশের গাড়িতে আগুন

থানা ও সংসদ সদস্যের বাড়িতে হামলার খবর পেয়ে গোপালগঞ্জ শহর থেকে অতিরিক্ত পুলিশ ও বিজিবি সদস্যরা টুঙ্গিপাড়ার দিকে রওনা হন। কিন্তু পথে তাদের বাধার মুখে পড়তে হয়।

নীলফা বাজার ও খালেকবাজারের রাস্তায় ব্যারিকেড দেওয়া হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়িবহর আটকে দেওয়া হয়। বিভিন্ন প্রতিবেদনে আনসার ব্যাটালিয়নের গাড়িসহ একাধিক গাড়িতে আগুন দেওয়ার খবর এসেছে।

রাস্তা আটকে থাকায় ফায়ার সার্ভিসের গাড়িও ঘটনাস্থলে যেতে পারেনি। টুঙ্গিপাড়া ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা জানান, থানা, চৌরঙ্গীর মোড় ও বাঁশবাড়িয়া এলাকায় কয়েকটি বাড়িতে আগুন দেওয়ার খবর পেয়েছেন তারা। কিন্তু নিরাপত্তার অভাবে কর্মীরা ঘটনাস্থলে যেতে পারছিলেন না।

পরে স্থানীয় বাসিন্দারা পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন।

থানায় হামলা ও আগুনের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়িতে হামলা এবং ফায়ার সার্ভিসের কাজে বাধা, সব মিলিয়ে পুরো এলাকায় নিরাপত্তা পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়।

কয়েক দিন ধরেই উত্তপ্ত গোপালগঞ্জ

১৭ই নভেম্বরের রাতের সহিংসতা হঠাৎ করে শুরু হয়নি। এর আগে প্রায় এক সপ্তাহ ধরে গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় মিছিল, সড়ক অবরোধ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছিল।

৯ই নভেম্বর রাতে ঝটিকা মিছিলের পর ১০ই নভেম্বর টুঙ্গিপাড়ায় বড় ধরনের সহিংসতা হয়। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা কর্মসূচিকে কেন্দ্র করে নিষিদ্ধ ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন সড়কে অবস্থান নেন। গওহরডাঙ্গা চৌরঙ্গী মোড়ে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করা হয়।

পরে পাটগাতী বাজারে গিয়ে যুবদলের কার্যালয়ের ব্যানার ও ফেস্টুন ভাঙচুর করা হয়। পুলিশ বাধা দিতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া উচ্চবিদ্যালয়ের কাছে পুলিশের একটি পিকআপ ভ্যানে আগুন দেওয়া হয়। সংঘর্ষে পুলিশ সদস্যসহ কয়েকজন আহত হন।

১৪ই নভেম্বর বিকেল থেকে আবারও টুঙ্গিপাড়ার বিভিন্ন এলাকায় মিছিল বের করেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সন্ধ্যায় নীলফা বাজার ও বর্ণি বাজার এলাকায় বিএনপি ও যুবদলের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

১৫ই নভেম্বর গোপালগঞ্জ শহরে আরও বড় আকারে মিছিল বের হয়। মিছিলে অংশ নেওয়া অনেকের হাতে ছিল লগি-বৈঠা, লাঠিসোঁটা, রামদা, চায়নিজ কুড়াল, টেঁটা ও বল্লমের মতো দেশীয় অস্ত্র। কারও কারও মাথায় ছিল হেলমেট।

ওইদিন পুলিশের একটি সাঁজোয়া যান ও পুলিশ বক্স ভাঙচুর করা হয়। ভাঙচুর করা হয় জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বরের নামফলকও।

একই দিন সন্ধ্যায় টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতি ইমদাদুল হক মোল্লার বাড়ি, দোকানপাট ও উপজেলা যুবদলের কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ করা হয়। টুঙ্গিপাড়ার পাটগাতী বাজার এলাকায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায়ও হামলা ও আগুন দেওয়ার ঘটনা ঘটে।

এরপর ১৬ই নভেম্বর মিছিল নিয়ে টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন নেতা-কর্মীরা। সেখানে সভাও করেন তারা।

প্রশাসনে রদবদল, তবু থামেনি সহিংসতা

গোপালগঞ্জে ধারাবাহিক সহিংসতার পর প্রশাসনিক পর্যায়েও পরিবর্তন আনে সরকার। জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে বদলি করা হয়। বদলি করা হয় টুঙ্গিপাড়া, কোটালীপাড়া ও কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদেরও।

প্রথমে ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হলেও পরে তা বাড়িয়ে ১০ প্লাটুন করা হয়। গুরুত্বপূর্ণ এলাকায় বিজিবি সদস্যদের দায়িত্ব দেওয়া হয়। তাদের শরীরে বডি ক্যামেরা এবং পরিস্থিতি পর্যবেক্ষণে ড্রোন ব্যবহারের কথাও জানানো হয়।

১৫ই নভেম্বর গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ে সরকারের উচ্চপর্যায়ে বৈঠক হয়। ১৯এ নভেম্বর আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে সামনে রেখে নতুন করে সহিংসতার আশঙ্কাও ছিল প্রশাসনের।

কিন্তু প্রশাসনিক রদবদল, অতিরিক্ত বাহিনী মোতায়েন ও মামলা গ্রেপ্তারের উদ্যোগের পরও মঙ্গলবার রাতে বড় ধরনের সহিংসতা ঠেকানো যায়নি।

নিহত কৃষক দল নেতা রাজু মোল্লা।

রেশ ফরিদপুরে, নিহত কৃষক দল নেতা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যখন একের পর এক অগ্নিসংযোগ ও হামলার ঘটনা ঘটছিল, তখন পাশের জেলা ফরিদপুরেও রাজনৈতিক সংঘাতের ঘটনা ঘটে।

ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল থেকে ছোঁড়া ককটেল বিস্ফোরণে কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত সোয়া ৯টার দিকে হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি মিছিল শুরু হয়। এ সময় ঢাকা-বরিশাল মহাসড়ক আটকে মিছিল করে দলটির কর্মী সমর্থকরা।

বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওই মিছিল থেকে হামিরদীতে বিএনপির কার্যালয় ও কয়েকটি যানবাহন ভাঙচুর করা হয়। আগুন দেওয়া হয় মোটরসাইকেলে।

এ সময় সেখানে কৃষক দলের নেতা রাজু মোল্লাকে একা পেয়ে তার ওপর হামলা চালায় আওয়ামী লীগের কর্মী সমর্থকরা। তাদের ছোঁড়া ককটেলে গুরুতর আহত হন রাজু। পরে তাকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাজু মোল্লাকে মৃত ঘোষণা করেন।

গোপালগঞ্জের ‍উত্তাপ সংসদে

টুঙ্গিপাড়া থানা ও সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে যখন হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছিল, তখন জাতীয় সংসদে অধিবেশন চলছে।

গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ে সংসদে উদ্বেগ প্রকাশ করেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেন, কয়েক দিন ধরে গোপালগঞ্জে অস্থিরতা ও নাশকতামূলক কর্মকাণ্ড চলছে। মাইকে ঘোষণা দিয়ে থানা ঘেরাও, হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটলেও পরিস্থিতি মোকাবিলায় সরকারের দৃশ্যমান পদক্ষেপ নিয়ে প্রশ্ন রয়েছে।

সংসদে বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, সরকার পরিস্থিতি মোকাবিলায় সংযম দেখাচ্ছে। তিনি বলেন, “আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওই এক থানাতেই ২০০ সদস্য আছে, ২ জন এডিশনাল এসপি আছে, ১ জন এসপি ১ জন ওসি আছেন, আমরা যদি এই বৈঠক বসেই হুকুম দিতাম, তারা বহু মানুষকে হতাহত করতে পারতো।”

সাধারণ মানুষ যাতে হতাহত না হয়, সে কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি বলেন, চাইলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আরও কঠোর হতে পারত। কিন্তু সরকার সাধারণ মানুষের প্রাণহানি চায় না।

তবে থানায় হামলা, পুলিশের ওপর আক্রমণ ও অগ্নিসংযোগের সঙ্গে জড়িত ব্যক্তিদের কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, ভিডিও ফুটেজ, অডিও রেকর্ড ও ছবি দেখে হামলাকারীদের শনাক্ত করা হবে। তাদের আইনের আওতায় আনা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে বলেন, “হুমকি-ধমকি দিয়ে বা টুঙ্গিপাড়া থানায় আগুন লাগিয়ে যদি আওয়ামী মনে করে তাদের শক্তি প্রদর্শিত হলো তাহলে আমরা প্রমাণ করে দিব আওয়ামী ওই টুঙ্গিপাড়া লিমিটেড হয়ে যাবে।”