লগি, বৈঠা, আগুন ও অবরোধ: কী চলছে গোপালগঞ্জে

মিছিলে অনেকের হাতে ছিল লগি-বৈঠা, লাঠিসোঁটা, রামদা, চায়নিজ কুড়াল, টেঁটা ও বল্লমের মতো দেশীয় অস্ত্র। কারও কারও মাথায় ছিল হেলমেট।

আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ০৫:৪২ পিএম

পুরো গোপালগঞ্জ থমথমে। রাস্তার মোড়ে মোড়ে পুলিশ, এসআরবি ও বিজিবির কড়া চাহনি। প্রয়োজন ছাড়া মানুষ খুব একটা ঘরের বাইরে বের হচ্ছেন না।

সোমবার অবশ্য কোন বিক্ষোভ সহিংসতার ঘটনা ঘটেনি। তবে গত কয়েকদিন যা ঘটেছে তার রেশ কাটেনি এখনও।

একটি পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনা থেকে শুরু। এরপর পুলিশের সঙ্গে সংঘর্ষ, সড়ক অবরোধ, বিএনপি ও যুবদলের কার্যালয়ে হামলা, বাড়িঘরে আগুন। এমনকি পুলিশের যে কর্মকর্তা গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় মামলা করেছিলেন, তাকেও কুপিয়ে জখম করা হয়েছে। 

লগি-বৈঠা, রামদা ও দেশীয় অস্ত্র নিয়ে মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ভাঙচুর করা হয়েছে সরকারি স্থাপনা ও জুলাই স্মৃতিচিহ্ন। সব মিলিয়ে গত কয়েক দিনে অস্থির হয়ে উঠেছে গোপালগঞ্জ।

পরিস্থিতি সামাল দিতে জেলায় মোতায়েন করা হয়েছে ১০ প্লাটুন বিজিবি। সহিসংতার জেরে বদলি করা হয়েছে জেলা প্রশাসক, পুলিশ সুপার আর তিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ে বৈঠকও করেছে সরকার। আগামী ১৯এ নভেম্বর আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে নতুন করে সহিংসতার আশঙ্কাও আছে।

সংঘর্ষের শুরু যেভাবে

৯ই নভেম্বর রাতে ঝটিকা মিছিলের পর গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতার বড় ঘটনা ঘটে পরদিন অর্থাৎ ১০ই নভেম্বর। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা দেশব্যাপী কর্মসূচি কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় বিক্ষোভে নামেন নিষিদ্ধ ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সকাল থেকেই লগি-বৈঠা নিয়ে বিভিন্ন সড়কে অবস্থান নেন তারা। গওহরডাঙ্গা চৌরঙ্গী মোড়ে সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেন। 

পরে মিছিল নিয়ে পাটগাতী বাজারে যান বিক্ষোভকারীরা। সেখানে যুবদলের কার্যালয়ের বাইরে থাকা ফেস্টুন ও ব্যানার ভাঙচুর করা হয়। পুলিশ বাধা দিতে গেলে দুই পক্ষের মধ্যে ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া উচ্চবিদ্যালয়ের কাছে পুলিশের একটি পিকআপ ভ্যানে আগুন দেওয়া হয়। সংঘর্ষে পুলিশ সদস্যসহ সাধারণ মানুষ আহত হন।

একই দিন গোপালগঞ্জ সদর ও কাশিয়ানী উপজেলার বিভিন্ন স্থানেও বিক্ষোভ, সড়ক অবরোধ ও ভাঙচুরের ঘটনা ঘটে। ঢাকা-খুলনা মহাসড়কের কয়েকটি স্থানে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিভিন্ন স্থানে আগুন জ্বালিয়ে অবরোধ করেন বিক্ষোভকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট ব্যবহার করে।

পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনার পর সেদিনই গোপালগঞ্জে ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। প্রথম দিন থেকেই পরিস্থিতি নিয়ন্ত্রণে বাড়তি নিরাপত্তাব্যবস্থা নিতে হয় প্রশাসনকে।

পুলিশের মামলায় আসামি দুই হাজারের বেশি

১০ই নভেম্বরের সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন লাগানো ও ভাঙচুরের ঘটনায় ১৩ই নভেম্বর টুঙ্গিপাড়া থানায় মামলা করেন উপপরিদর্শক মোসলেম আলী। সন্ত্রাসবিরোধী আইনে করা ওই মামলায় ২৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও দুই হাজার ব্যক্তিকে আসামি করা হয়।

মামলার পর পুলিশ হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের কার্যক্রম শুরু করে। তবে কয়েক দিন পর এই মামলার বাদী পুলিশ কর্মকর্তা হামলার শিকার হন। 

 পুলিশের একটি সাঁজোয়া যান (এপিসি) ও পুলিশ বক্স ভাঙচুর করা হয়।

বিএনপি ও যুবদলের কার্যালয়ে আগুন

১৪ই নভেম্বর শনিবার বিকেল থেকে টুঙ্গিপাড়ার বিভিন্ন এলাকায় আবারও মিছিল বের করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সন্ধ্যায় উপজেলার নিলফা বাজার ও বর্ণি বাজার এলাকায় বিএনপি ও যুবদলের কার্যালয়ে ভাঙচুর করে আগুন লাগানো হয়।

স্থানীয় সূত্রের বরাতে সংবাদমাধ্যমগুলো জানায়, লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে মিছিল করার পর এসব হামলা চলে। নিলফা বাজারে বিএনপির কার্যালয়ে আগুন দেওয়া হয়। বর্ণি বাজারে যুবদলের একটি কার্যালয় ভাঙচুর করা হয়।

ওইদিন রাতে টুঙ্গিপাড়ার বিভিন্ন স্থানে বিক্ষোভ ও সড়ক অবরোধের ঘটনাও ঘটে। ফলে ১০ই নভেম্বরের সংঘর্ষের চার দিন পর আবারও রাজনৈতিক সহিংসতা ছড়িয়ে পড়ে।

মিছিলে অনেকের হাতে ছিল লগি-বৈঠা, লাঠিসোঁটা, রামদা

লগি-বৈঠা-রামদা নিয়ে মহড়া

১৫ই নভেম্বর রবিবার সকালে গোপালগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। পরে বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত শহরের বিভিন্ন সড়কে মিছিল করেন তারা।

মিছিলে অনেকের হাতে ছিল লগি-বৈঠা, লাঠিসোঁটা, রামদা, চায়নিজ কুড়াল, টেঁটা ও বল্লমের মতো দেশীয় অস্ত্র। কারও কারও মাথায় ছিল হেলমেট। মিছিলকারীরা বিভিন্ন স্লোগান দিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক অতিক্রম করে।

একপর্যায়ে তারা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে যান। দীর্ঘদিন বন্ধ থাকা কার্যালয়ের তালা খুলে সেখানে প্রবেশ করেন। এ সময় পুলিশের একটি সাঁজোয়া যান (এপিসি) ও পুলিশ বক্স ভাঙচুর করা হয়। ভাঙচুর করা হয় শহরের জুলাই স্মৃতিস্তম্ভ এবং গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরের নামফলক। সরকারি কলেজের প্রধান ফটকের নামফলক মুছে আগের নামের ব্যানার টাঙানোর ঘটনাও ঘটে।

বিভিন্ন স্থানে সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করা হয়। এতে দোকানপাট বন্ধ হয়ে যায়, ব্যাহত হয় স্বাভাবিক যান চলাচল। ১৯এ নভেম্বরের ঘোষিত লকডাউন কর্মসূচি সফল করার লক্ষ্যেই এই বিক্ষোভ ও মহড়া বলে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে।

মামলার বাদী পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে জখম

১৫ই নভেম্বর বিকালে টুঙ্গিপাড়া সরকারি কলেজ রোড এলাকায় হামলার শিকার হন এসআই মোসলেম আলী। ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মোসলেম আলী ১০ই নভেম্বর পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় করা মামলার বাদী। 

একই দিন সন্ধ্যায় টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতি ইমদাদুল হক মোল্লার বাড়িতে আগুন দেওয়া হয়। তার বাড়ির নিচতলায় থাকা দোকানেও ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ওঠে।

গ্রামীণ ব্যাংকে আগুন

রবিবার বিকাল থেকে রাত পর্যন্ত টুঙ্গিপাড়া ও গোপালগঞ্জ সদরের বিভিন্ন এলাকায় সহিংসতার আরও খবর আসে। বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীদের বাড়িঘর, কার্যালয় ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ ওঠে।

রাত সাড়ে আটটার দিকে টুঙ্গিপাড়ার পাটগাতী বাজার এলাকায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় হামলা চালিয়ে আগুন দেওয়া হয়। ব্যাংকের ভেতরে ভাঙচুরের পাশাপাশি আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ মালামাল পুড়ে যায়। কিছু মালামাল লুটের অভিযোগও পাওয়া যায়।

একের পর এক এসব হামলার ঘটনায় টুঙ্গিপাড়া ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দিনের বিক্ষোভ মিছিলের পর রাতেও হামলা ও অগ্নিসংযোগ চলতে থাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ে।

ডিসি-এসপিকে প্রত্যাহার, তিন থানার ওসি বদলি

সহিংসতার পর গোপালগঞ্জের প্রশাসন ও পুলিশ বিভাগে বড় ধরনের রদবদল আনে সরকার।

জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামানকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়। তার জায়গায় হবিগঞ্জের জেলা প্রশাসক জি এম সরফরাজকে গোপালগঞ্জের নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।

অন্যদিকে পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে ফেনীতে বদলি করা হয়। ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জের দায়িত্ব দেওয়া হয়।

এরপর ১৫ই নভেম্বর রাতে ঢাকা রেঞ্জের ডিআইজির স্বাক্ষরিত আদেশে জেলার আরও তিন থানার ওসিকে বদলি করা হয়। তারা হলেন টুঙ্গিপাড়া থানার ওসি মো. আইয়ুব আলী, কোটালীপাড়া থানার ওসি রিয়াদ মাহমুদ এবং কাশিয়ানী থানার ওসি মাহফুজুর রহমান। তাদের কিশোরগঞ্জ জেলায় পদায়ন করা হয়েছে।

একই সময়ে জেলার প্রশাসন ও পুলিশ বিভাগের শীর্ষ পর্যায়ে এমন রদবদল সাম্প্রতিক সহিংসতার পর পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে সরকারের বাড়তি তৎপরতার ইঙ্গিত দিচ্ছে।

টুঙ্গিপাড়ার পাটগাতী বাজার এলাকায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় হামলা চালিয়ে আগুন দেওয়া হয়।

ড্রোন ও বডি ক্যামেরায় নজরদারি

গোপালগঞ্জে প্রথমে ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হলেও পরে তা বাড়িয়ে ১০ প্লাটুন করা হয়। ১৬ই নভেম্বর বিজিবি সদর দপ্তর জানায়, জেলার গুরুত্বপূর্ণ সব এলাকায় তারা দায়িত্ব পালন করছেন।

যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা ও দাঙ্গা নিয়ন্ত্রণের জন্য প্রস্তুত রাখা হয়েছে আর্মার্ড পারসোনেল ক্যারিয়ার (এপিসি)। মাঠপর্যায়ে দায়িত্ব পালন করা বিজিবি সদস্যদের বেশির ভাগের শরীরে যুক্ত করা হয়েছে বডি ওর্ন ক্যামেরা। ড্রোনের মাধ্যমে বিভিন্ন এলাকার পরিস্থিতিও পর্যবেক্ষণ করা হচ্ছে।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় জেলা ম্যাজিস্ট্রেটের চাহিদা ও পরামর্শ অনুযায়ী তারা দায়িত্ব পালন করছে।

মিছিলে অনেকের হাতে ছিল লগি-বৈঠা, লাঠিসোঁটা, রামদা, চায়নিজ কুড়াল

গোপালগঞ্জের দিকে নজর সরকারের

গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ে সরকারের উচ্চপর্যায়েও আলোচনা হয়েছে। ১৫ই নভেম্বর পরিস্থিতি নিয়ে একাধিক বৈঠক হয়। সরকারের দায়িত্বশীল সূত্রের বরাতে জানা গেছে, আপাতত পরিস্থিতি পর্যবেক্ষণ করে পদক্ষেপ নিতে চায় সরকার। তবে আইনশৃঙ্খলার অবনতি হলে বা কেউ অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সরকারের বিবেচনায় রয়েছে ১৯এ নভেম্বরের কর্মসূচিও। ওই দিন শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে লকডাউন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। এই কর্মসূচিকে কেন্দ্র করে নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন।

গত বছরও আলোচনায় ছিল গোপালগঞ্জ

২০২৫ সালের ১৬ই জুলাই গোপালগঞ্জে এক কর্মসূচিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের ওপর হামলার অভিযোগ ওঠে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে। তখন সেনাবাহিনীর সাঁজোয়া যান বা এপিসিতে করে তাদের নিরাপদে জেলা ছাড়তে হয়। 

এ বছর ৩১এ অক্টোবর জামায়াতে ইসলামীর ঢাকা থেকে খুলনা, যশোর ও কুষ্টিয়াগামী এই লংমার্চের পথ নির্ধারণ করা হয়েছিল গোপালগঞ্জের ওপর দিয়ে। সম্ভাব্য উত্তেজনা এড়াতে শুরুতে জেলায় কোনো পথসভা বা সমাবেশ না করার সিদ্ধান্ত জানিয়েছিল জোট। তবে স্থানীয় নেতাকর্মীদের দাবির মুখে শেষ পর্যন্ত কাশিয়ানীর ভাটিয়াপাড়া বাজারে সংক্ষিপ্ত পথসভা করে লংমার্চের গাড়িবহর।