কাশিমপুর কারাগারে দণ্ডপ্রাপ্ত আসামির ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ০৮:২৬ পিএম

গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে ফাঁসির আদেশ পাওয়া এক আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার রাত ৩টার দিকে কারাগারটির হিমেল ভবনের নিচ তলার একটি সেল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত সেই কয়েদির নাম ফরহাদ। তার গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলার শালিনাপাড়া এলাকায়। 

ফরহাদ ২০১৯ সালের ২৬এ অগাস্ট ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে আসেন। তিনি টাঙ্গাইল মডেল থানায় একটি হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন বলে জানা গেছে। 

কারা অধিদপ্তরের জেল সুপার (মিডিয়া) মাসুদ হাসান জুয়েল আলাপ-কে এই ঘটনার সত্যতা নিশ্চিত করেন জানান, গত মধ্যেরাতে কারাগারের বাথরুমে গ্রিলের সঙ্গে গামছা বাঁধা অবস্থায় ফরহাদকে পাওয়া যায়। পরে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আবদুল্লাহ-আল-মামুন বলেন, "গভীর রাত আনুমানিক তিনটার দিকে এই ঘটনা ঘটে। দুইজন কেস পাটনারের সঙ্গে হিমেল বিল্ডিং এর নিচ তলায় থাকতেন।"

ফরহাদ গত কয়েকদিন ধরে তীব্র মাথা ব্যথা ও চোখের সমস্যাসহ নানান রোগে ভুগছিলেন বলে আলাপ-কে জানান জেল সুপার।