যুক্তরাষ্ট্রের ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন করলো বাংলাদেশ 

আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ১০:১৮ পিএম

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন সংস্থা ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স করপোরেশন বা ডিএফসি ঘোষণা করেছে, বাংলাদেশের প্রকল্পগুলো এখন থেকে সংস্থাটির  অর্থায়ন পাওয়ার যোগ্য হিসেবে বিবেচিত হবে।

এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে ঢাকার যুক্তরাষ্ট্রের দূতাবাস।

দক্ষিণ এশিয়ায় জ্বালানি, গুরুত্বপূর্ণ অবকাঠামো ও প্রযুক্তিখাতে বিনিয়োগের মাধ্যমে আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা, যুক্তরাষ্ট্রের মিত্রদেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করা এবং সার্বভৌমত্ব সুরক্ষায় কাজ করছে ডিএফসি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বাংলাদেশের এই যোগ্যতা অর্জনের ফলে বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করার মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন চাহিদা পূরণের নতুন সুযোগ সৃষ্টি হয়েছে।

অর্থনৈতিক প্রবৃদ্ধি ও বিনিয়োগ ঘাটতি পূরণে ডিএফসির অর্থায়ন আটকে থাকা গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো এগিয়ে নেওয়া সহজ হবে।

এসব বিনিয়োগ দেশের অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান তৈরি, জরুরি সেবা এবং স্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়াতে ভূমিকা রাখবে।

বাণিজ্যিকভাবে লাভজনক ও উন্নয়নমুখী প্রকল্পগুলো সম্ভাব্য ঝুঁকির কারণে বেসরকারি বিনিয়োগ আকর্ষণে যে প্রতিবন্ধকতার মুখে পড়ে, ডিএফসির সহায়তা তা দূর করতে পারবে বলেও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

ডিএফসির প্রধান নির্বাহী কর্মকর্তা বেন ব্ল্যাক বলেন, “ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের সঙ্গে আমাদের অর্থনৈতিক অংশীদারত্ব আরও সুদৃঢ় করতে এবং দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি নিশ্চিত করতে বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করার একটি ভালো সুযোগ। এর মাধ্যমে আমরা একদিকে বাংলাদেশের জন্য নতুন অর্থনৈতিক সুযোগ তৈরি করার পাশাপাশি যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থও এগিয়ে নিতে পারব।”

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, “যুক্তরাষ্ট্র বিশ্বাস করে, উন্মুক্ত অর্থনীতি ও পারস্পরিক বাণিজ্য সম্প্রসারণ বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করবে। পারস্পরিক বাণিজ্য চুক্তি (অ্যাগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড) এই প্রক্রিয়ায় বাংলাদেশকে সহায়তা করার ক্ষেত্রে আমাদের অঙ্গীকারের প্রতিফলন। এর বাস্তবায়নে ডিএফসির অর্থায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, যা আমাদের উভয় দেশের সমৃদ্ধি আরও বাড়াবে।”

ইন্দোপ্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের কৌশলগত বিনিয়োগের সুযোগ বাড়াতে এবং মুক্তবাজার অর্থনীতির ভিত্তিতে বেসরকারি পুঁজি আকৃষ্ট করতে কাজ করছে ডিএফসি।