সোনার দাম ঠিক করতে কলকাঠি কারা নাড়ে 

একই মানের সোনার দাম দুবাই, ভারত ও বাংলাদেশে এক না। বিশ্ববাজারের দর থেকে শুরু করে স্থানীয় সরবরাহ, আমদানির খরচ ও ব্যবসায়ীদের হিসাব; কীভাবে নির্ধারিত হয় বাংলাদেশে সোনার দাম

আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ১১:৩৫ এএম

পরিবারের কারও জন্য একটি সোনার আংটি বা চেইন কিনতে গেছেন। কেনার আগে অনলাইনে দেখে নিলেন ২২ ক্যারেট সোনার দাম কত। কিন্তু দোকানে গিয়ে দেখলেন, দাম বেড়ে গিয়েছে। প্রতি ভরিতে দাম বেশি দিতে হচ্ছে।

আবার কখনও দেখা যায় আন্তর্জাতিক বাজারে দাম কমেছে, অথচ বাংলাদেশে কমার কোনো লক্ষণ নাই। স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন আসতে বিশ্ববাজারে দাম কমলে, দেশের বাজারে তার প্রভাব পড়ছে না কেন? 

আসলে বাংলাদেশে সোনার দাম শুধু আন্তর্জাতিক বাজারের ওপর নির্ভর করে না। ডলারের বিনিময় হার, আমদানির খরচ, স্থানীয় বাজারে চাহিদা ও সরবরাহ, ব্যবসায়ীদের খরচ, সোনার বিশুদ্ধতা–সবকিছুই এর সাথে জড়িত। এর বাইরে আছে পুরান ঢাকার তাঁতীবাজার আর বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন, বাজুস-এর ভূমিকা। 

দেশের বাজারে সোনার দাম ঘোষণা করে বাজুস। কিন্তু এই দাম নির্ধারণের আগে কী কী বিষয় বিবেচনা করা হয় আর আন্তর্জাতিক বাজারের দামের সাথে ফারাকই বা কেন থাকে? 

অগাস্ট থেকে নভেম্বর: সোনার দামে কতটা পরিবর্তন 

এই বছরের অগাস্ট থেকে নভেম্বর এই তিন মাসে দাম বেশ কয়েকবার বেড়েছে, আবার কমেছেও। 

পঁচিশে অগাস্ট ২২ ক্যারেট সোনার দাম প্রতি ভরি ২ লাখ ৪৭ হাজার ৭৪৩ টাকায় পৌঁছেছিল। ওই সময়ের মধ্যে যা ছিল সর্বোচ্চ। 

এরপর সেপ্টেম্বর ও অক্টোবর মাসে বাজুস কয়েক দফায় দাম বাড়ায় এবং কমায়। অক্টোবরের শেষের দিকে অবশ্য দাম বেশ খানিকটা কমে যায়। সে মাসের শেষ দুই দিন, অর্থাৎ ৩০ ও ৩১এ অক্টোবর দুই দফায় প্রতি ভরিতে মোট ৭ হাজার ১১৫ টাকা কমানো হয়। 

নভেম্বরের শুরুতে আবার দাম বাড়তে থাকে। ২রা থেকে ৫ই নভেম্বর পর্যন্ত কয়েক দফায় দাম বাড়ানোর পর ১১ই নভেম্বর থেকে টানা তিন দিন দাম কমায় বাজুস। সর্বশেষ ১৩ই নভেম্বর ২২ ক্যারেট সোনার দাম প্রতি ভরি নির্ধারণ করা হয় ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা।

অগাস্টের সর্বোচ্চ দামের সঙ্গে তুলনা করলে নভেম্বরের মাঝামাঝি সময়ে প্রতি ভরিতে দাম কমেছে ২৭ হাজার ৯৩৫ টাকা। শতাংশের হিসাবে এই পতন প্রায় ১১ দশমিক ২৭ শতাংশ। 

বিশ্ববাজারে দাম বাড়লে বাংলাদেশেও প্রভাব পড়ে

ঢাকা ট্রিবিউনের তথ্য অনুযায়ী, ১৩ই নভেম্বর পর্যন্ত চলতি বছরে ১৩৭ বার সোনার দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে দাম বাড়ানো হয়েছে ৬৫ বার এবং কমানো হয়েছে ৭২ বার। 

দামের এই ওঠা-নামার পেছনে আন্তর্জাতিক বাজারের বড় ভূমিকা ছিল, তবে দেশের বাজারে কত হবে, তা নির্ভর করে আরও কয়েকটি বিষয়ের ওপর। 

বিশ্ববাজারে দাম বাড়লে বাংলাদেশেও প্রভাব পড়ে 

আন্তর্জাতিক বাজারে সোনার দাম সাধারণত মার্কিন ডলারে প্রতি ট্রয় আউন্স হিসেবে নির্ধারিত হয়। এক ট্রয় আউন্সের ওজন প্রায় ৩১.১০৩ গ্রাম।

এই দাম প্রতিদিনই কম-বেশি বদলায়। বিশ্ব অর্থনীতির অবস্থা, যুদ্ধ, রাজনৈতিক অস্থিরতা, মূল্যস্ফীতি এবং বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের সুদের হার, সবকিছুর প্রভাব পড়ে সোনার বাজারে।

যেমন, কোথাও যুদ্ধ শুরু হলে বা বড় ধরনের অর্থনৈতিক সংকট দেখা দিলে বিনিয়োগকারীরা অনিশ্চয়তায় ভোগেন। তখন অনেকে শেয়ারবাজার বা অন্য খাতে বিনিয়োগ না করে সোনা কেনার দিকে ঝুঁকেন। কারণ, সোনাকে দীর্ঘদিন ধরেই তুলনামূলক নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচনা করা হয়।

আর এতেই বিশ্ববাজারে সোনার চাহিদা বেড়ে যায়। চাহিদা বাড়লে দামও বাড়তে পারে। আবার পরিস্থিতি স্থিতিশীল হলে অথবা বিনিয়োগকারীরা অন্য খাতে বেশি আগ্রহী হলে চাহিদা কমে যায়। তখন দামও কমতে পারে।

বাংলাদেশ আন্তর্জাতিক বাজারের সঙ্গে যুক্ত হওয়ায় এসব পরিবর্তনের প্রভাব এখানেও পড়ে। তবে আন্তর্জাতিক বাজারে দাম একই থাকলেও দেশে বাড়তে পারে। আর এর একটা বড় কারণ ডলারের বিনিময় হার। 

ডলারের দাম বাড়লে সোনার দামও বাড়তে পারে 

ডলারের দাম বাড়লে সোনার দামও বাড়তে পারে

আন্তর্জাতিক বাজারে সোনার কেনাবেচা হয় মার্কিন ডলারে। আর তাই দেশে সোনার দাম হিসাব করার সময় ডলারের বিপরীতে টাকার বিনিময় হারও বিবেচনায় নিতে হয়।

ধরা যাক, আন্তর্জাতিক বাজারে সোনার দাম একেবারেই পরিবর্তন হয়নি। কিন্তু এর মধ্যে ডলারের বিপরীতে বাংলাদেশি টাকার মূল্য কমে গেলো অর্থাৎ আগে এক ডলার কিনতে যত টাকা লাগত, এখন তার চেয়ে বেশি টাকা খরচ করতে হচ্ছে।

তখন বিদেশ থেকে একই পরিমাণ সোনা কিনতে আমদানিকারককে আগের চেয়ে বেশি টাকা দিতে হবে। ফলে বিশ্ববাজারে দাম না বাড়লেও ডলারের বিনিময় হার পরিবর্তনের ফলে দেশের বাজারে দাম বাড়তে পারে।

আবার টাকার বিপরীতে ডলারের দাম কমলে আমদানি খরচ কমার সুযোগ তৈরি হয়। তবে তাতে দেশের বাজারে দাম কমবেই, এমন নয়। স্থানীয় বাজারের পরিস্থিতি ও অন্যান্য খরচও এখানে ভূমিকা রাখে।

আমদানিতেও রয়েছে নানা খরচ

বিদেশ থেকে সোনা কিনে দেশে আনতে শুধু আন্তর্জাতিক বাজারের দাম পরিশোধ করলেই হয় না। এর সঙ্গে পরিবহন, শুল্ক, ব্যাংকিং খরচসহ আরও কিছু ব্যয় রয়েছে।

বাংলাদেশে সোনা আমদানির জন্য নির্দিষ্ট নীতিমালা রয়েছে। ২০১৮ সালের স্বর্ণ নীতিমালার আওতায় অনুমোদিত ডিলাররা নির্দিষ্ট নিয়ম মেনে বাণিজ্যিকভাবে সোনা আমদানি করতে পারেন। 

তবে বৈদেশিক মুদ্রার প্রাপ্যতা, অনুমোদন-সংক্রান্ত জটিলতা  এবং সরবরাহ ব্যবস্থার সীমাবদ্ধতার কারণে খরচও বাড়তে পারে।

এছাড়া বিদেশ থেকে দেশে ফেরা যাত্রীরা নির্দিষ্ট নিয়মে ব্যাগেজ রুলসের আওতায় সোনা আনতে পারেন। পুরোনো স্বর্ণালংকার গলিয়েও নতুন গয়না তৈরি হয়। অর্থাৎ, দেশের বাজারে সরবরাহ শুধু বাণিজ্যিক আমদানির উপর নির্ভরশীল নয়।

বিভিন্ন উৎস থেকে আসা সোনাও বাজারের সরবরাহ ব্যবস্থার অংশ। এসব উৎস থেকে কতটা সোনা পাওয়া যাচ্ছে, তার ওপরও বাজারের পরিস্থিতি নির্ভর করে। 

দেশের বাজারে দাম ঠিক হয় কোথায় 

আন্তর্জাতিক বাজার, ডলারের বিনিময় হার ও আমদানি খরচের বিষয়গুলো তো বোঝা গেল। কিন্তু এরপর দেশের বাজারে দাম কীভাবে ঠিক হয়?

এখানে আসে পুরান ঢাকার তাঁতীবাজারের কথা। এটি দেশের সোনার পাইকারি ব্যবসার অন্যতম প্রধান কেন্দ্র। সেখানে কেনাবেচার পাশাপাশি স্থানীয় বাজারের দর নিয়েও নিয়মিত কার্যক্রম চলে।

দেশের বাজারে খাঁটি সোনার দর নির্ধারণে ভূমিকা রাখে বাংলাদেশ পোদ্দার সমিতি। আন্তর্জাতিক বাজারের দাম, সরবরাহ, চাহিদা এবং পার্শ্ববর্তী দেশের বাজারদর বিবেচনায় নিয়ে সংগঠনটি পাইকারি দাম নির্ধারণ করে ।

এরপর বিষয়টি আসে বাজুসের কাছে। সংগঠনটির স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং স্থানীয় বাজারের দর ও অন্যান্য পরিস্থিতি পর্যালোচনা করে। এরপর প্রয়োজন মনে করলে বাজুস দাম বাড়ায় অথবা কমায়। 

নতুন দাম ঘোষণা করা হলে দেশের জুয়েলারি দোকানগুলোতে সেই দর অনুসরণ করা হয়। 

আর একারণেই আন্তর্জাতিক বাজারে দাম কমলেই বাংলাদেশের বাজারে একই দিনে বা একই পরিমাণে দাম কমবে, এমন কোনও নিশ্চয়তা নেই।

দেশের বাজারে দাম ঠিক হয় যেখানে

পোদ্দার সমিতি আর বাজুসের কাজ কী

সোনার বাজার নিয়ে কথা হলেই পোদ্দার সমিতি ও বাজুস-এর নাম আসে। এই দুটি সংগঠনই সোনার দাম নিয়ে কাজ করে বলে অনেকের ধারণা তাদের দায়িত্বও একই। আসলে তা নয়।

পোদ্দার সমিতি মূলত পাইকারি ব্যবসায়ীদের সংগঠন। পুরান ঢাকার তাঁতীবাজারকেন্দ্রিক এই সংগঠন স্থানীয় বাজারে বিশুদ্ধ বা পাকা স্বর্ণের পাইকারি দাম নির্ধারণে ভূমিকা রাখে। 

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম, ডলারের বিনিময় হার, স্থানীয় বাজারে স্বর্ণের সরবরাহ, পুরোনো গয়না থেকে পাওয়া সোনা এবং প্রতিবেশী দেশের বাজারদর তাদের বিবেচনায় থাকে।

অন্যদিকে, বাজুস দেশের জুয়েলারি ব্যবসায়ীদের কেন্দ্রীয় সংগঠন। এর সদস্যদের মধ্যে স্বর্ণের খুচরা বিক্রেতা ও গয়না প্রস্তুতকারীরা আছেন। সংগঠনটি খুচরা বিক্রয়মূল্য ঘোষণা করার পাশাপাশি গয়নার মান, হলমার্ক এবং ক্রেতাদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়েও কাজ করে।

সহজ করে বললে, পোদ্দার সমিতি পাইকারি বাজার দর নির্ধারণে ভূমিকা রাখে। আর সেই দরসহ অন্যান্য বিষয় বিবেচনা করে বাজুস খুচরা মূল্য ঘোষণা করে। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ২০২৬ সালের অক্টোবরের এক প্রতিবেদন অনুযায়ী, বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ কমিটি তাঁতীবাজারের পাইকারি দাম বিবেচনায় নিয়ে খুচরা দাম নির্ধারণ করে। একপর্যায়ে পাইকারি দামের সঙ্গে জুয়েলারি ব্যবসায়ীদের মুনাফা হিসাবে প্রতি ভরিতে ২ হাজার ৫০০ টাকা যুক্ত করার কথাও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

তাই পোদ্দার সমিতি ও বাজুসকে প্রতিদ্বন্দ্বী বা একই কাজ করা দুটি সংগঠন হিসেবে দেখার সুযোগ নেই। দেশের সোনার বাজারে তাদের ভূমিকা আলাদা হলেও একটির সিদ্ধান্তের ওপর অন্যটির কার্যক্রম অনেকাংশে নির্ভরশীল।

বিয়ের মৌসুমে সোনার দাম বাড়ে কেন

বাংলাদেশে বিয়ে, ঈদ, পূজা এবং বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে স্বর্ণালংকার কেনার প্রচলন রয়েছে। বিশেষ করে, বিয়ের মৌসুমে অনেক পরিবার গয়না কেনার প্রস্তুতি নেয়। কেউ আগে থেকেই কিনে রাখেন, কেউ আবার বিয়ের কাছাকাছি সময়ে কেনাকাটা করেন। পাশাপাশি যেকোনো উৎসবের সময়ও গয়না কেনার প্রবণতা বেড়ে যায়।

এসময় চাহিদা বেড়ে যায়। সরবরাহ পর্যাপ্ত না থাকলে দামের ওপর চাপ তৈরি হতেই পারে।

তবে শুধু বিয়ের মৌসুম বা উৎসবের কারণে বাজুস সোনার দাম বাড়িয়ে দেয়, বিষয়টি এমন না। আন্তর্জাতিক বাজার, ডলারের বিনিময় হার এবং পাইকারি বাজারের পরিস্থিতিও বিবেচনায় নেওয়া হয়।

স্থানীয় চাহিদা তাই সোনার দামের একটি কারণ, একমাত্র কারণ না। 

২৪ ক্যারেট ও ১৮ ক্যারেট সোনার দামে পার্থক্য কেন

সোনার দোকানে গেলে ২২ ক্যারেট, ২১ ক্যারেট, ১৮ ক্যারেট বা সনাতনি সোনার কথা শুনতে পাওয়া যায়। একই ওজনের গয়নার দামও একেক রকম। এর কারণ সোনার বিশুদ্ধতা।

সোনা তুলনামূলক নরম ধাতু হওয়ায় গয়না তৈরির ক্ষেত্রে সবসময় উপযোগী না। তাই গয়না তৈরির সময় এর সঙ্গে তামা, রুপা বা অন্য ধাতু মেশানো হয়। এতে গয়না কিছুটা শক্ত হয় এবং সহজে বেঁকে যাওয়ার আশঙ্কা কমে। 

ক্যারেট দিয়ে খাঁটি সোনার পরিমাণ বোঝানো হয়। ২৪ ক্যারেট সোনাকে প্রায় বিশুদ্ধ হিসেবে বিবেচনা করা হয়। 

ক্যারেট

বিশুদ্ধতার পরিমাণ

২৪ 

৯৯.৯৯ শতাংশ

২২ 

৯১.৬৭ শতাংশ

২১ 

৮৭.৫০ শতাংশ

১৮ 

৭৫ শতাংশ

 

সহজভাবে বললে, ২২ ক্যারেটের এক গ্রাম সোনাতে প্রায় ৯১.৬৭ শতাংশ খাঁটি সোনা থাকে। বাকি অংশ অন্য ধাতু থাকে, যাকে চলতি ভাষায় খাদ বলা হয়। ১৮ ক্যারেট সোনায় খাঁটি সোনার পরিমাণ আরও কম। 

তাই একই ওজনের ২২ ক্যারেট ও ১৮ ক্যারেট গয়নার দাম এক হয় না। সোনার বিশুদ্ধতা যত বেশি, তার দামও তত বেশি।

বাংলাদেশে বাজুস বিভিন্ন ক্যারেটের জন্য আলাদা দর ঘোষণা করে। ফলে গয়না কেনার আগে সেটি কত ক্যারেট সোনার, তা জেনে নেওয়া দরকার।

বাজুসের দামের চেয়ে দোকানের বেশি টাকা লাগে কেন 

বাজুস

বাজুসের ঘোষিত দাম দেখেই অনেকে দোকানে যান স্বর্নালংকার কিনতে। কিন্তু দোকানে গিয়ে হিসাব করার সময় দেখা যায়, ঘোষিত দামের থেকে বেশি টাকা দিতে হচ্ছে। 

এর কারণ, বাজুসের ঘোষিত দাম মূলত শুধু সোনার দাম। গয়না তৈরি ও বিক্রির সময় এর সঙ্গে আরও কিছু খরচ যোগ হয়। যেমন, মজুরি- গয়নার নকশা, কারুকাজ ও তৈরির শ্রমের জন্য এই খরচ নেওয়া হয়; ভ্যাট বা মূল্য সংযোজন কর - স্বর্ণালংকার কেনার ক্ষেত্রে কর দিতে হয়। বিশেষ নকশার খরচ- জটিল নকশা বা বিশেষ কারুকাজের গয়নার ক্ষেত্রে মজুরি বেশি হতে পারে।

এছাড়া দোকান পরিচালনা, কর্মীদের বেতন এবং অন্যান্য ব্যবসায়িক খরচও খুচরা বিক্রেতার হিসাবের অংশ হিসেবে ধরা হয়।

তাই গয়না কেনার সময় শুধু প্রতি ভরি সোনার দাম জানলেই হবে না। মজুরি ও ভ্যাট কত যোগ হচ্ছে, সেটিও জেনে নেওয়া উচিত। কেনার সময় রসিদ নেওয়া এবং ক্যারেট ও ওজন যাচাই করাও জরুরি।

দুবাই, ভারত ও বাংলাদেশের সোনার দামে পার্থক্য কেন

একই আন্তর্জাতিক বাজারের সঙ্গে যুক্ত হলেও বাংলাদেশ, ভারত ও দুবাইয়ে সোনার খুচরা দাম এক না। এর কারণ, প্রতিটি দেশের মুদ্রার বিনিময় হার, আমদানি নীতি, শুল্ক-কর, স্থানীয় সরবরাহ এবং ব্যবসায়িক কাঠামো আলাদা।

দুবাই বিশ্বের অন্যতম বড় সোনার বাণিজ্যকেন্দ্র। সেখানকার বাজার বেশ বড় এবং আন্তর্জাতিক সরবরাহের সঙ্গে সরাসরি সংযুক্ত। প্রতিযোগিতা ও সরবরাহের কারণে অনেক সময় সেখানে দাম তুলনামূলক কম থাকে। তবে গয়না কেনার সময় ভ্যাট ও তৈরির মজুরি যোগ হতে পারে।

ভারতে সোনার ওপর আমদানি শুল্ক, জিএসটি এবং অন্যান্য কর রয়েছে। ফলে আন্তর্জাতিক বাজারে দাম কম থাকলেও স্থানীয় করের কারণে সেখানে দাম বেড়ে যায়।

একইভাবে বাংলাদেশের ক্ষেত্রেও আমদানি ও বিক্রির বিভিন্ন খরচ রয়েছে। এর বাইরে বাণিজ্যিকভাবে স্বর্ণ আমদানির সীমাবদ্ধতাও বাজারে প্রভাব ফেলে।

২০১৮ সালের নীতিমালার আওতায় আমদানির সুযোগ থাকলেও বৈদেশিক মুদ্রার সংকট, অনুমোদনসংক্রান্ত জটিলতা এবং করের কারণে প্রত্যাশিত মাত্রায় আমদানি হয়নি। ফলে দেশের বাজারে সরবরাহ অনেকাংশে বিদেশফেরত যাত্রীদের আনা সোনাএবং পুরোনো গয়না পুনর্ব্যবহারের ওপর নির্ভর করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের এবছরের অক্টোবরের একটি প্রতিবেদনে একটি তুলনামূলক চিত্র তুলে ধরা হয়েছে। সেখানে ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম বাংলাদেশে ছিল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা। একই সময়ে দুবাইয়ে বাংলাদেশি মুদ্রায় এর সমপরিমাণ দাম ছিল প্রায় ১ লাখ ৭৫ হাজার ৩১২ টাকা এবং ভারতে প্রায় ২ লাখ ৯ হাজার ৬০১ টাকা।

অর্থাৎ একই ক্যারেটের সোনা হলেও দেশভেদে দামের পার্থক্য হতে পারে।

বাংলাদেশে সোনার দাম কেন বাড়ে বা কমে, তা বুঝতে হলে শুধু আন্তর্জাতিক বাজারের দিকে তাকালে হবে না। ডলারের বিনিময় হার, আমদানি খরচ, স্থানীয় পাইকারি বাজার এবং স্বর্ণের সরবরাহও বিবেচনায় রাখতে হবে।

আর ক্রেতা হিসেবে গয়না কেনার সময় বাজুসের ঘোষিত দামের পাশাপাশি ক্যারেট, ওজন, মজুরি ও ভ্যাটের হিসাব জেনে নেওয়াই ভালো।