আমেরিকায় খালেদা জিয়ার নামে সড়কের নামফলক উন্মোচন

আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ০৫:০৮ পিএম

আমেরিকার ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগো শহরে একটি সড়ক বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান খালেদা জিয়ার নামে রাখা হয়েছে। শহরটির উইলিস টাওয়ারের কাছে আপার ওয়াকার ড্রাইভের একটি অংশের সড়কের নাম নতুন করে হয়েছে ‘মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ওয়ে’। রবিবার সড়কটির নামফলক আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়।

এই বছরের ২৩এ সেপ্টেম্বর শিকাগো সিটি কাউন্সিলের অল্ডারম্যান গিলবার্ট ভিগেস সেখানে বসবাসরত সকলের সম্মতিতে সড়কটির নামকরণের প্রস্তাব অনুমোদন করে। 

সোমবার দেশটির ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বলে সংবাদ সংস্থা বাসসের প্রতিবেদনে জানানো হয়েছে।

রবিবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় দুপুরে হওয়া সেই নামফলক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম, বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা, শিকাগো সিটি কাউন্সিলের অল্ডারম্যান গিলবার্ট ভিগেস, বাংলাদেশি কমিউনিটি নেতা শাহ মোজাম্মেল নান্টু এবং বিএনপির নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদ।

খালেদা জিয়ার নামে হয়া সেই সড়কের পাশেই রয়েছে শিকাগোর বিখ্যাত উইলিস টাওয়ার, যা একসময় সিয়ার্স টাওয়ার নামে পরিচিত ছিল। ১১০ তলাবিশিষ্ট এই ভবনের কাঠামোগত নকশা করেছিলেন বাংলাদেশি প্রকৌশলী ফজলুর রহমান খান, যিনি বিশ্বব্যাপী এফ আর খান নামে পরিচিত।

সড়কটির নামকরণের ক্ষেত্রে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে বেগম খালেদা জিয়ার ভূমিকা ও রাজনৈতিক অবদান বিবেচনায় নেওয়া হয়েছে। তিনি বাংলাদেশের জনগণের ভোটে তিনবার প্রধানমন্ত্রী নির্বাচিত হন। গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে তার আপসহীন ভূমিকা এবং দেশের রাজনৈতিক ইতিহাসে তার জনপ্রিয়তা বিশেষভাবে বিবেচনা করা হয়।

এছাড়া জাতীয় সংসদ নির্বাচনে পাঁচটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে প্রতিবারই বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হওয়ার বিষয়টিও নামকরণের প্রস্তাবে তুলে ধরা হয়।

২০১৪ সালে শিকাগো শহরে বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে আরেকটি সড়কের নাম রাখা হয় ‘অনারারি জিয়াউর রহমান ওয়ে’।