‎ঢাকায় ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো

আপডেট : ১৮ অক্টোবর ২০২৬, ০৭:৪১ পিএম

মরক্কো থেকে ভুটানে যাওয়ার পথে ঢাকায় বিরতি নিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। রবিবার দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে ইনফান্তিনোকে স্বাগত জানান বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল। বাফুফের ফেইসবুক পেইজ থেকে জিয়ান্নি ইনফান্তিনোর বাংলাদেশে আসার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

‎তবে বাংলাদেশর মাটিতে জিয়ান্নি ইনফান্তিনোর এই আগমন কোনো আনুষ্ঠানিক সফর নয়। মরক্কো থেকে ভুটানের রাজধানী থিম্পুতে যাওয়ার সরাসরি ফ্লাইট না থাকায় ঢাকায় যাত্রাবিরতি নিয়েছেন তিনি।

এর আগে অক্টোবর মাসের শুরুতে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় ফিফা আসিয়ান কাপের ফাঁকে ইনফান্তিনোর সঙ্গে বৈঠক করেন তাবিথ আউয়াল। সেখানে বাংলাদেশের ফুটবলের উন্নয়ন, পুরুষ ও নারী ফুটবল, বয়সভিত্তিক প্রতিযোগিতা এবং ফিফার বিভিন্ন উন্নয়ন কর্মসূচি নিয়ে আলোচনা হয়। বাংলাদেশের ফুটবলে ফিফার সহায়তা ও সহযোগিতা অব্যাহত রাখার বিষয়টিও আলোচনায় গুরুত্ব পায়।