দুর্গাপূজার নিরাপত্তায় এসআরবি'র সাড়ে ৬ হাজার সদস্য

আপডেট : ১৮ অক্টোবর ২০২৬, ০৭:৩৯ পিএম

দুর্গাপূজাকে ঘিরে সারা দেশে পূজামণ্ডপ ও গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তায় প্রায় সাড়ে ৬ হাজার সদস্য মোতায়েন করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। পাশাপাশি জোরদার করা হয়েছে টহল কার্যক্রম, গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিং।

রবিবার বিকেলে ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান এসআরবির মহাপরিচালক অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবীব পলাশ। তিনি বলেন, পূজার এই সময়ে প্রতিদিন ৫৫০ পিকআপ ও  ৪৫০টি মোটরসাইকেল নিয়ে টহল দিচ্ছে বাহিনীর সদস্যরা।

তিনি জানান, ১৩ই অক্টোবর শুরু হওয়া এই বিশেষ নিরাপত্তা কার্যক্রম চলবে ২২এ অক্টোবর পর্যন্ত। গুরুত্বপূর্ণ পূজামণ্ডপে ডগ স্কোয়াড ও বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট দিয়ে তল্লাশি চালানো হচ্ছে। জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে বিশেষ দল। প্রতিমা বিসর্জন ঘিরেও বাড়তি নিরাপত্তাব্যবস্থা নেওয়া হবে।

এসআরবি মহাপরিচালক বলেন, গোয়েন্দা তথ্য ও সাইবার নজরদারিতে এখন পর্যন্ত দুর্গাপূজাকে ঘিরে নাশকতা বা উগ্রবাদী হামলার সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। তবে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বাহিনী প্রস্তুত রয়েছে।

সামাজিক মাধ্যমে গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা ঠেকাতে ২৪ ঘণ্টা সাইবার নজরদারির কথাও জানান এসআরবি প্রধান। 

আহসান হাবীব পলাশ আরও বলেন, এ ধরনের কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি পূজামণ্ডপে নারী দর্শনার্থীদের নিরাপত্তা এবং হয়রানি প্রতিরোধেও ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।

বিসর্জন শান্তিপূর্ণভাবে শেষ না হওয়া পর্যন্ত এসআরবি সদস্যরা নির্ধারিত স্থানে দায়িত্ব পালন করবেন বলেও উল্লেখ এসআরবি মহাপরিচালক।