মেসির শেষ ম্যাচ, দলের সঙ্গে যোগ দিলেন অনুশীলনে

আপডেট : ০৫ অক্টোবর ২০২৬, ০১:৩২ পিএম

যে জার্সিতে বিশ্বকাপ, কোপা আমেরিকা, ফিনালিসিমা জিতেছেন, সেই আর্জেন্টিনার জার্সিতেই শেষবার আর্জেন্টিনার হয়ে মাঠে নামবেন বিশ্বসেরা ফুটবলার লিওনেল আন্দ্রেস মেসি। বেনিনের বিপক্ষে বিদায়ী প্রীতি ম্যাচ দিয়ে জাতীয় দলের হয়ে ক্যারিয়ারের ইতি টানছেন ৩৯ বছর বয়সী এই মহাতারকা।

বাংলাদেশ সময় বুধবার ভোর ৫টায় বুয়েনস এইরেসের এস্তাদিও মনুমেন্টালে হবে মেসির বিদায়ী ম্যাচ। এরই মধ্যে আর্জেন্টিনায় যোগ দিয়েছেন তিনি। অনুশীলন ক্যাম্পে মেসির পৌঁছানোর ছবি প্রকাশ করেছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন। শেষবারের মতো তাকে দেখতে স্টেডিয়ামে থাকবেন প্রায় ৮৫ হাজার দর্শক।

অনুশীলন ক্যাম্পে মেসির পৌঁছানোর ছবি প্রকাশ করেছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন।

২০০৫ সালে জাতীয় দলে অভিষেকের পর আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের রোডম্যাপ দুই দশকের বেশি সময়ের। ২০৭টি ম্যাচে ১২৫ গোল ও ৬৮ অ্যাসিস্ট দুটিই জাতীয় দলের রেকর্ড। তার ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জন হলো ২০২২ সালের বিশ্বকাপ জয়। সঙ্গে রয়েছে দুটি কোপা আমেরিকা ও একটি ফিনালিসিমা কাপ।

আর্জেন্টাইন মহাতারকার এই বিদায়ী ম্যাচকে স্মরণীয় করে রাখতে ২০২২ বিশ্বকাপজয়ী দলের অনেক সতীর্থরাও মাঠের গ্যালারিতে উপস্থিত থাকবেন। অ্যাঞ্জেল ডি মারিয়াসহ পুরোনো সতীর্থদের পাশাপাশি মাঠে দেখা যাবে আর্জেন্টিনার নতুন প্রজন্মকেও। মেসির অভিষেকের সময় যারা ছিলেন না, এমন কয়েকজন খেলোয়াড়ও এখন জাতীয় দলের অংশ।

মেসিকে ছাড়া আর্জেন্টিনার ভবিষ্যতের প্রস্তুতিও ইতোমধ্যে শুরু করেছেন কোচ লিওনেল স্কালোনি। ২০২৬  বিশ্বকাপের পর বলিভিয়াকে ৪-০ এবং বুরকিনা ফাসোকে ৭-০ গোলে হারিয়েছে দলটি। নিকো পাজ, হোসে ম্যানুয়েল লোপেজ, ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো ও জিয়ানলুকা প্রেস্টিয়ান্নির মতো তরুণরা পেয়েছেন নিজেদের প্রমাণের সুযোগ।

মেসির পর অধিনায়কত্বের দায়িত্ব পাওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন ক্রিস্টিয়ান রোমেরো। তার সঙ্গে নেতৃত্বের তালিকায় আছেন এমিলিয়ানো মার্তিনেজ ও লাওতারো মার্তিনেজ। তবে সবচেয়ে আলোচিত  প্রশ্ন মেসি-ম্যারাডোনার ১০ নাম্বার জার্সি এবার কার গায়ে উঠবে?

কোচ লিওনেল স্কালোনি অবশ্য জানিয়েছেন, মেসির বিদায়ী ম্যাচ শেষ হওয়ার আগে ১০ নাম্বার জার্সি কাউকে দেওয়া হবে না। অর্থাৎ বেনিনের বিপক্ষে ম্যাচটি শুধু মেসির বিদায় নয়, আর্জেন্টিনা ফুটবলের হয়ে একটি সোনালি যুগের আনুষ্ঠানিক পরিসমাপ্তি।