পতাকার মান রক্ষা করা সকল সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী

আপডেট : ১৮ অক্টোবর ২০২৬, ০৭:২০ পিএম

জাতীয় পতাকার মান রক্ষা করা সকল সৈনিকের পবিত্র দায়িত্ব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার সাভার সেনানিবাসে আয়োজিত অনুষ্ঠানে সকলের উদ্দেশে তিনি এ কথা বলেন।

এসময় পেশাগত সাফল্যের জন্য নবম পদাতিক ডিভিশনের সাতটি ব্যাটালিয়ন ও রেজিমেন্টকে ‘ন্যাশনাল স্ট্যান্ডার্ড’ বা ‘জাতীয় পতাকা’ তুলে দেন প্রধানমন্ত্রী।

ন্যাশনাল স্ট্যান্ডার্ড বা জাতীয় পতাকা পাওয়া ইউনিটগুলো হলো: ৭ এবং ৩২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, ২৫ এয়ার ডিফেন্স রেজিমেন্ট, ৯ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন, ৫৬ ও ৫৭ ইস্ট বেঙ্গল এবং প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, “এই ন্যাশনাল স্ট্যান্ডার্ড শুধু একটি পতাকা নয় বরং এটি একটি ইউনিটের ইতিহাস, ঐতিহ্য, শৃঙ্খলা, আত্মত্যাগ, পেশাদারিত্ব এবং দেশের প্রতি অঙ্গীকারের প্রতীক।”

জাতীয় পতাকার গৌরবময় উড্ডয়ন প্রতিনিয়তই আমাদেরকে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অসংখ্য মানুষের আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দেয় বলেও উল্লেখ করেন তিনি।

তারেক রহমান বলেন, “একটি আধুনিক সশস্ত্র বাহিনীর শক্তি শুধু অস্ত্র, সরঞ্জাম বা জনবলের মধ্যেই সীমাবদ্ধ নয়। এর প্রকৃত শক্তি নিহিত থাকে শৃঙ্খলা, দক্ষতা, নেতৃত্ব, নৈতিকতা, প্রশিক্ষণ এবং জনগণের আস্থার মধ্যে।”

বর্তমানে বিশ্বের নিরাপত্তা পরিবেশ দ্রুত পরিবর্তিত হচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘বদলে যাচ্ছে যুদ্ধের ধরন ও কৌশল।

স্থল, সমুদ্র ও আকাশের পাশাপাশি সাইবার স্পেস, মহাকাশ, ড্রোন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ইলেকট্রনিক যুদ্ধ এবং তথ্যভিত্তিক সক্ষমতা বর্তমানে জাতীয় নিরাপত্তার গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। এ বাস্তবতায় প্রতিরক্ষা প্রস্তুতিকেও সময়ের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে নেওয়া হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী।