অপতথ্য রোধ করতে পারে তথ্য অধিকার আইন: প্রধান তথ্য কমিশনার

আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ০৫:৫৯ পিএম

অপতথ্যের বিস্তার রোধে তথ্য অধিকার আইন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করেন প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান। তথ্যের অখণ্ডতা রক্ষা করাকে এ সময়ের গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে তিনি সরকারি প্রতিষ্ঠানগুলোকে জনগণের সঠিক তথ্য পাওয়ার জন্য কাজ করার বিষয়ে গুরুত্ব দেন। 

আজ রবিবার রাজধানীর বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্রে ডাটাফুল আয়োজিত ‘তথ্যের অখণ্ডতা সম্মেলন ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে তথ্য এবং অপতথ্যর উৎপত্তি ও বিস্তার নিয়ে তিনি গুরুত্ব দেন। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্মের দ্রুত বিস্তারের ফলে মুহূর্তের মধ্যে ব্যাপক হারে তথ্য ছড়িয়ে পড়ছে। সত্য, মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্যের পার্থক্য নিরূপণ করা সাধারণ মানুষের জন্য অনেক সময় কঠিন হয়ে পড়ে। এর বিস্তার রোধে তিনি তথ্য অধিকার আইন, ২০০৯-এর কার্যকর বাস্তবায়নের বিষয়ে গুরুত্ব আরোপ করেন। 

তথ্য অধিকারকে মানবাধিকার ও জনগণের ক্ষমতায়নের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে উল্লেখ করে ড. নাহরিন ইসলাম খান বলেন, জনগণের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করতে সরকারি কর্মকর্তাদের আন্তরিকতা, দায়িত্বশীলতা ও ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করা প্রয়োজন। সেইসাথে তিনি অপতথ্য রোধে জনগণের মধ্যে তথ্য সচেতনতা বৃদ্ধির বিষয়ে জোর দেন।

তথ্যসূত্র: বাসস