আলাপের কুইজে অংশ নিয়ে আইফোন জিতলেন ঢাকার ফারজানা

আপডেট : ২২ আগস্ট ২০২৬, ০৭:১৩ পিএম

বিশ্বকাপ নিয়ে আলাপের বিশেষ আয়োজন ‘গোল লাইন’-এর গ্র্যান্ড প্রাইজ আইফোন সেভেনটিন প্রো ম্যাক্স জিতে নিয়েছেন ঢাকার ফারজানা বেগম।

শনিবার বিকালে আলাপ কার্যালয়ে এক অনাড়ম্বর আয়োজনে তার হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এছাড়া ১০ হাজার টাকার পুরস্কার পেয়েছেন ময়মনসিংহের রিয়াজ আহমেদ।

বিশ্বকাপ ফুটবল ২০২৬ নিয়ে আলাপ আয়োজন করেছিলো বিশেষ লাইভ শো ‘গোল লাইন’। প্রতিদিন শো এবং শোয়ের বাইরেও থাকতো কুইজ।

মোট তিন ধরনের কুইজে অংশ নিতেন দর্শকরা। প্রতিদিন এক হাজার টাকা করে দুইজন ও ৫০০ টাকা করে জিতেছেন ১৩ জন।

যারা প্রতিদিন কুইজে অংশ নিয়ে সঠিক উত্তর দিয়েছেন তাদের মধ্যে থেকে লটারি করে দুইটি গ্র্যান্ড প্রাইজ ১০ হাজার টাকা ও আইফোন জয়ীর নাম বেছে নেওয়া হয়।

রিয়াজ আহমেদ ও ফারজানা বেগমকে পুরস্কার তুলে দেন আলাপের এডিটর-ইন-চিফ সাইফুল হাসান রিকু ও নির্বাহী সম্পাদক আহরার হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন কুইজ পার্টনার হোটেল প্লাটিনাম গ্র্যান্ডের বিপণন বিভাগের ব্যবস্থাপক মাহবুব হোসেন, আলাপের ক্রিয়েটিভ ডিরেক্টর ইমরান কবির হিমেল, অ্যাসিস্টেন্ট প্রডিউসার সাদমান সাকিফ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফয়সাল তিতুমীর।

গ্র্যান্ড প্রাইজ আইফোন সেভেনটিন প্রো ম্যাক্স জয়ী ফারজানা বেগম শুরু থেকেই আলাপের ফলোয়ার। তার জন্ম ও বড় হয়েছেন পুরান ঢাকায়।

নিয়মিত ‘গোল লাইন’ দেখতেন ছেলেকে সাথে নিয়ে। দুজন মিলেই অংশ নিয়েছেন তিন ধরনের কুইজে।

ফারজানা বেগম বলেন, “যেখানেই থাকতাম আলাপের গোল লাইন মিস করতাম না। আমার ছেলেসহ দেখতাম। আমার হাসবেন্ড বলতেন কি দেখো তোমরা এতো আগ্রহ নিয়ে? তিন ধরনের কুইজেই আমি নিয়মিত অংশ নিয়েছি। তবে, কখনও কল্পনাও করিনি যে আইফোন জিতবো।”

কুইজে অংশ নিয়ে ১০ হাজার টাকা জিতেছেন ময়মনসিংয়ের রিয়াজ আহমেদ