বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর প্রয়াত প্রধান সম্পাদক ও প্রকাশক তৌফিক ইমরোজ খালিদীর জানাজা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে লন্ডন থেকে ঢাকায় পৌঁছে তার মরদেহ। প্রথমে নেওয়া হয় মহাখালীতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কার্যালয়ে, যে জায়গায় প্রায় দেড় দশক অফিস করেছেন তৌফিক ইমরোজ খালিদী।
সেখানে শ্রদ্ধা নিবেদনের পর মরদেহ নেওয়া হয় বনানীর ওল্ড ডিওএইচএস-এর বাসায়। সেখানে কিছু সময় রাখার পার বেলা দুইটার দিকে জানাজার জন্য নেওয়া হয় ওল্ড ডিওএইচএস খেলার মাঠে।
সেখানে শ্রদ্ধা-ভালোবাসায় সাংবাদিক খালিদীকে শেষ বিদায় জানান তার বন্ধু, স্বজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা।

তৌফিক ইমরোজ খালিদীর প্রতি রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের তরফে শ্রদ্ধা জানান তার সহকারী সামরিক সচিব ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রাইসুল ইসলাম।
সাড়ে তিনটায় অনুষ্ঠিত হয় জানাজা, এরপর তাকে দাফন করা হয় মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে।
লন্ডন সফরে থাকার সময় গত ১লা অক্টোবর রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তৌফিক ইমরোজ খালিদী। তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। মস্তিষ্কের রক্তক্ষরণের কারণে পরদিন স্থানীয় সময় দুপুরে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
বাংলাদেশের সংবাদ সেবাকে ডিজিটাল দুনিয়ায় পৌঁছে দেওয়ার অন্যতম পুরোধা মনে করা হয় তৌফিক ইমরোজ খালিদীকে।
মালিকানা ও ব্যবস্থাপনা বদলের পর ২০০৬ সালে বার্তা সংস্থাটি বিডিনিউজ-এর প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক হিসাবে দায়িত্ব নেন খালিদী। এরপর দুই দশক ধরে প্রতিষ্ঠানটির নেতৃত্ব দিয়েছেন তিনি।


তৌফিক ইমরোজ খালিদী: বাংলাদেশকে যিনি ইন্টারনেটে খবর পড়ার অভ্যাস গড়ে দিয়েছেন
