মিয়ানমারের পাঁচ সেনা কর্মকর্তার ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ০৬:০৬ পিএম

রোহিঙ্গাদের ওপর নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে মিয়ানমারের পাঁচ শীর্ষ সামরিক কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাজ্য। 

২৪এ নভেম্বর আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ের পরপরই যুক্তরাজ্য সরকার এক বিবৃতিতে এ তথ্য জানায়।

সরকারের তথ্য অনুযায়ী, নিষেধাজ্ঞার আওতায় আসা পাঁচ সামরিক কর্মকর্তার বিরুদ্ধে বেসামরিক নাগরিকদের ওপর নির্যাতন, হামলা এবং সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগ রয়েছে। তাদের কয়েকজন রাখাইন, কাচিনসহ মিয়ানমারের বিভিন্ন অঞ্চলে দমন-পীড়নে জড়িত ছিলেন বলে অভিযোগ করা হয়েছে। এমনকি জনবসতিপূর্ণ এলাকা ও হাসপাতাল লক্ষ্য করে বিমান হামলার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।

নিষেধাজ্ঞার পাশাপাশি মিয়ানমারের সামরিক সরকারের ওপর চাপ বাড়াতে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। এর অংশ হিসেবে দেশটিতে বিমানের জ্বালানি সরবরাহ বন্ধে নতুন আইন প্রণয়নের পরিকল্পনা করছে ব্রিটিশ সরকার। কারণ, এ উদ্যোগ বাস্তবায়িত হলে মিয়ানমারের সামরিক বাহিনীর বিমান পরিচালনার সক্ষমতা ক্ষতিগ্রস্ত হতে পারে।

এদিকে, রাখাইন রাজ্যে বসবাসরত প্রায় সাড়ে তিন লাখ রোহিঙ্গা ও অন্যান্য ক্ষতিগ্রস্ত মানুষের জন্য অতিরিক্ত ৫০ লাখ পাউন্ড মানবিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য।

পাশাপাশি মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ সংগ্রহ ও সংরক্ষণ এবং নির্যাতনের শিকার ব্যক্তিদের ন্যায়বিচার নিশ্চিত করতে সহায়তার জন্য আরও ৩০ লাখ পাউন্ডের বিশেষ তহবিল ঘোষণা করা হয়েছে।

এর আগে গত সপ্তাহে মিয়ানমারের প্রতিরক্ষা অ্যাটাশেকে বহিষ্কার করেছিল যুক্তরাজ্য। এবার মিয়ানমারের পরিস্থিতি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তুলে ধরার পরিকল্পনাও করছে দেশটি।