গ্রিসের ছোট্ট দ্বীপটিতে সেদিন বিকেল থেকেই বৃষ্টি। সমুদ্রের ধারে সারি সারি রেস্তোরাঁ। পর্যটকদের ভিড় কমে এসেছে। পাথরে বাঁধানো রাস্তায় জমে থাকা জলে বন্দরের বাতিগুলো কাঁপছে। দূরে একটি ফেরি ছাড়ার প্রস্তুতি নিচ্ছে। তার আগেই একটি রেস্তোরাঁর পেছনের দরজা দিয়ে বেরিয়ে এলেন বাংলাদেশের খুলনার এক তরুণ।
কয়েক দিন ধরে দ্বীপটিতে কাজ খুঁজছেন। কোথাও লোক লাগবে না। কোথাও ভাষাগত সমস্যা। কোথাও আবার তার অভিজ্ঞতা যথেষ্ট নয়। আজও কোনো কাজের ব্যবস্থা হলো না। ভেজা রাস্তায় দাঁড়িয়ে পকেট থেকে ফোন বের করলেন। বাংলাদেশে তখন রাত।
—মা, কাল রওনা দেব।
মা প্রথমে বুঝতে পারলেন না। এত দূর থেকে ছেলে হঠাৎ বাড়ি ফিরতে চাইছে কেন? কোনো বিপদ হয়নি তো?
—কাজের কী হলো, বাবা?
—হলো না, মা। পরে আবার দেখব। এখন বাড়ি আসি।
ওপাশে কয়েক মুহূর্ত নীরবতা। মা আর কিছু জিজ্ঞেস করলেন না। শুধু বললেন, আয়।
ফোন রেখে তরুণটি ফেরিঘাটের দিকে হাঁটলেন। তার পকেটে বাড়ি ফেরার ভাড়া আছে। কাজ না পাওয়ার হতাশা আছে, সামান্য ধারদেনাও আছে। কিন্তু পুলিশ দেখলে পালানোর ভয় নেই। নেই আটককেন্দ্রে মাসের পর মাস কাটানোর আশঙ্কা। নেই কোনো অচেনা মানুষের হাতে নিজের ভবিষ্যৎ তুলে দেওয়ার বাধ্যবাধকতা।
তিনি জানেন, বাড়ি ফিরে যাওয়ার পর আবার চাইলে আসতে পারবেন। এই দ্বীপে না হোক, অন্য কোথাও। পৃথিবীটা অনেক বড়। কাজের অভাব থাকলেও জায়গার অভাব নেই।
এই ফোনকলটি আমার কল্পনার। যে পৃথিবীতে এমন একটি ফোনকল সম্ভব, সেই পৃথিবীটিও। পাসপোর্ট ছাড়া এক পৃথিবী!
মানুষ বিদেশে যায়, যেমন যায় নিজ দেশের অন্য শহরে। ভিসার জন্য দূতাবাসের সামনে ভোর থেকে দাঁড়াতে হয় না। ব্যাংক স্টেটমেন্ট দিয়ে প্রমাণ করতে হয় না যে, তিনি যথেষ্ট সচ্ছল। তার বাবার পেশা কী, কোথায় জন্মেছেন, ব্যাংকে কত টাকা আছে—এসব প্রশ্নের উত্তরের ওপর নির্ভর করে না পৃথিবীর কোন অংশে তার প্রবেশাধিকার থাকবে। মানুষ কোথায় যেতে চায়, সেটিই তার যাত্রার প্রথম প্রশ্ন। সেখানে যাওয়ার অনুমতি পাওয়া যাবে কি না, তা নয়।
ঢাকার একজন তরুণ সকালে ঘুম থেকে উঠে ঠিক করলেন, কলকাতায় যাবেন। কমলাপুর থেকে ট্রেনে উঠলেন। জানালার বাইরে ধানক্ষেত, নদী, জনপদ পেরিয়ে দুপুর গড়িয়ে বিকেল হলো। কোথাও তাকে নামিয়ে আলাদা ঘরে বসানো হলো না। কেউ জানতে চাইলেন না, কেন যাচ্ছেন, কত দিন থাকবেন, সেখানে তার পরিচিত কেউ আছেন কি না। সন্ধ্যায় তিনি কলেজ স্ট্রিটে পুরোনো বইয়ের দোকান খুঁজছেন। পরদিন হয়তো শান্তিনিকেতন যাবেন। ইচ্ছা হলে আরও পশ্চিমে। ইচ্ছা না হলে ফিরে আসবেন।
কলকাতা তখনও ভারতের শহর। ঢাকা বাংলাদেশের রাজধানী। দুই দেশের ভাষা, রাজনীতি, ইতিহাস, আইন, অর্থনীতি সবই আলাদা। আলাদা জাতীয় সংগীত বাজে, আলাদা পতাকা ওড়ে। শুধু মানচিত্রের মাঝখানে আঁকা রেখাটি মানুষের পথ আটকে রাখে না।
একটি দেশ শেষ হয়ে আরেকটি দেশ শুরু হয়। মানুষের যাত্রা শেষ হয় না।
কল্পনাটা যত সহজ, আমাদের পরিচিত পৃথিবীর বাস্তবতা ততই দুরূহ। কারণ আমরা এমন এক সময়ে জন্মেছি, যখন দেশ বলতে শুধু একটি ভূখণ্ড বুঝি না। বুঝি তার চারপাশের পাহারা, কাঁটাতার, অনুমতিপত্র, সিলমোহর। পৃথিবীর মাটিকে ভাগ করেছি। ভাগের হিসাব রাখতে রেখা এঁকেছি। তারপর সেই রেখা পাহারা দেওয়ার জন্য মানুষ বসিয়েছি। একসময় এমন হয়েছে, রেখার অস্তিত্ব এতই স্বাভাবিক হয়ে উঠেছে যে, তার আগের পৃথিবীটি কেমন ছিল, সেটিই আমরা ভুলে গেছি।
অথচ প্রকৃতি এই ভাগাভাগির খবর রাখে না।
একটি নদী পাহাড় থেকে নেমে কত গ্রাম, জনপদ, দেশ পেরিয়ে সমুদ্রে মেশে। কোথাও তার নাম বদলায়। কোথাও দুই পাড়ের মানুষের ভাষা বদলে যায়। বদলায় শাসনব্যবস্থা, পতাকা, মুদ্রা। শুধু জল তার নিজের নিয়মে বয়ে চলে। শীতের পাখিরা হাজার মাইল উড়ে বাংলার জলাভূমিতে নামে। এখানে কয়েক মাস কাটিয়ে আবার ফিরে যায়। তাদের যাত্রার হিসাব আছে, পথ চেনার আশ্চর্য ক্ষমতা আছে। কই, তাদের তো পাসপোর্ট লাগে না!
মানুষ পাখি নয়। মানুষের রাষ্ট্র আছে, আইন আছে, সম্পদের হিসাব আছে, নিরাপত্তার প্রয়োজন আছে। মানুষ অন্য মানুষের ক্ষতি করতে পারে, অপরাধ করতে পারে। সেসব মোকাবিলারও ব্যবস্থা প্রয়োজন। কিন্তু অপরাধ ঠেকানোর জন্য পৃথিবীর অধিকাংশ মানুষের স্বাভাবিক চলাচলকে কঠোর অনুমতির অধীন করে রাখাই কি একমাত্র পথ?
একটি শিশুর জন্ম হলো ঢাকায়। আরেকজনের অসলোতে। কেউই নিজের জন্মস্থান বেছে নেয়নি। জন্মের সময় কেউ জানত না, পৃথিবীর কোন অংশ তার জন্য উন্মুক্ত থাকবে।
অথচ বড় হতে হতে একজন শিখবে, পৃথিবীর বহু দরোজা তার জন্য সহজেই খুলে যায়। অন্যজন শিখবে, দরজায় পৌঁছানোর আগেই তাকে নিজের যোগ্যতার প্রমাণ দিতে হবে। একজন ছুটি কাটাতে মহাদেশ পেরোবে। অন্যজনকে সাক্ষাৎকারে বোঝাতে হবে, সে কেন ফিরে আসবে।
দুজনের মধ্যে যোগ্যতার পার্থক্য নাও থাকতে পারে। পার্থক্যটি কেবল জন্মের।
আইন ও নাগরিকত্ব নিয়ে গবেষণা করা আয়েলেত শাখার দ্য বার্থরাইট লটারি বইয়ে লিখেছেন, জন্মসূত্রে পাওয়া নাগরিকত্ব একধরনের উত্তরাধিকারসূত্রে পাওয়া সম্পদ।
মানুষের জীবনে জন্ম এক আশ্চর্য লটারি। কে কোন পরিবারে জন্মাবেন, কোন ভাষায় প্রথম কথা বলবেন, কোন দেশের নাগরিক হবেন—কোনোটিই তার নিজের সিদ্ধান্ত নয়। অথচ সেই অনির্বাচিত পরিচয়ই একসময় তার চলাচলের সীমানা নির্ধারণ করে দেয়।
আরও আশ্চর্য, আমরা একে বৈষম্য বলার আগেই নিয়ম বলে মেনে নিয়েছি।
অথচ এই নিয়ম তো পৃথিবীর বয়সী নয়। মানবসভ্যতারও নয়।
প্রথম বিশ্বযুদ্ধের আগে ইউরোপের বহু দেশে যাতায়াতের জন্য আজকের মতো পাসপোর্ট ও ভিসার কড়াকড়ি ছিল না।
মানুষ রেলগাড়িতে চেপে সীমান্ত পেরিয়েছে, অন্য শহরে কাজ খুঁজেছে, নতুন দেশে বসতি গড়েছে।
অবশ্য সে পৃথিবীও সবার জন্য সমান উন্মুক্ত ছিল না। সাম্রাজ্যের শাসন ছিল, উপনিবেশের বৈষম্য ছিল, বর্ণ ও জাতিগত বাধা ছিল।
অবাধ চলাচলের অতীত বলতে মানবসভ্যতার কোনো নিষ্পাপ স্বর্ণযুগের কথা বোঝায় না। বরং বোঝায়, চলাচলের বর্তমান ব্যবস্থাটি চিরকালের নয়। মানুষের তৈরি নিয়ম। মানুষই অন্যভাবে তৈরি করতে পারত।
জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের ১৯৪৬ সালের ‘পাসপোর্ট ও সীমান্ত আনুষ্ঠানিকতাবিষয়ক প্রস্তুতিমূলক স্মারক’ পড়ে দেখতে পারেন। সেখানে ১৯২০ সালের প্যারিস সম্মেলনের সিদ্ধান্ত উদ্ধৃত আছে। যুদ্ধের আগে মানুষের অপেক্ষাকৃত অবাধ চলাচলের যে ব্যবস্থা ছিল, সেই ব্যবস্থায় ধীরে ধীরে ফিরে যাওয়ার আশাও প্রকাশ করেছিলেন সম্মেলনের প্রতিনিধিরা।
ভাবা যায়! এক শতাব্দী আগে রাষ্ট্রগুলোর প্রতিনিধিরা যে ব্যবস্থাকে সাময়িক বাধা হিসেবে দেখেছিলেন, আজ আমরা সেটিকেই প্রায় স্বাভাবিক বলে ধরে নিয়েছি। এক শতাব্দী পেরিয়ে এসেছে। আমরা ফিরিনি।
বরং পৃথিবী এমন এক অদ্ভুত জায়গায় এসে দাঁড়িয়েছে, যেখানে মানুষের চেয়ে তার তৈরি জিনিসপত্রের চলাচল অনেক সময় সহজ।
ঢাকার একটি কারখানায় বানানো জামা ইউরোপের কোনো দোকানে পৌঁছে যায়। বাংলাদেশের একজন তরুণ সেই দোকানের ওয়েবসাইটে গিয়ে জামাটি দেখতে পারেন। বিদেশের মানুষের সঙ্গে কথা বলতে পারেন, প্রেম করতে পারেন। তার বানানো গান মুহূর্তে মহাদেশ পেরিয়ে যায়। একটি চলচ্চিত্র একই সন্ধ্যায় পৃথিবীর অসংখ্য শহরে দেখা হয়। সংবাদ, ছবি, টাকা, পণ্য—সবকিছু অবিরাম চলাচল করছে।
শুধু মানুষটি নিজের শরীর নিয়ে সেই শহরে যেতে চাইলে তার সামনে অসংখ্য প্রশ্ন এসে দাঁড়ায়।
প্রযুক্তি পৃথিবীকে ছোট করেছে। রাজনীতি তার দরজাগুলো আরও ভারী করেছে।
এই বাংলার মানুষের কাছে অবশ্য দরজা বন্ধ হয়ে যাওয়ার ইতিহাস নতুন নয়।
ভাবি, দেশভাগের আগের একটি পরিবারের কথা। বাড়ি পূর্ববঙ্গে, আত্মীয় থাকেন কলকাতায়। বিয়েশাদি, চিকিৎসা, ব্যবসা কিংবা নিছক বেড়ানোর জন্য যাতায়াত হতো। তারপর একদিন মানচিত্রের ওপর নতুন রেখা টানা হলো। সেই রেখার দুই পাশে দুটি দেশের জন্ম হলো। এতকাল যে গ্রামে মানুষটি বেড়াতে যেতেন, সেটি হঠাৎ এক সকালে বিদেশ হয়ে গেল।
মাটির অবস্থান বদলায়নি। পুকুরটি আগের জায়গায় আছে। উঠানের আমগাছটিও। মায়ের কবর সেখানেই। শুধু কাগজে দেশের নাম বদলে যাওয়ায় সেই জায়গায় যাওয়ার নিয়ম বদলে গেল।

ইতিহাসবিদ জয়া চ্যাটার্জির দ্য স্পয়েলস অব পার্টিশন পড়লে বোঝা যায়, দেশভাগের ইতিহাস শুধু দুটি নতুন রাষ্ট্রের জন্মকথা নয়। এটি ঘরবাড়ি, জীবিকা, সম্পর্ক ও পরিচয় হারানো অসংখ্য মানুষের ইতিহাসও। সীমান্তের রেখা টানার পর বহু মানুষকে নতুন করে সিদ্ধান্ত নিতে হয়েছে, কোথায় থাকবেন, কোথায় যাবেন, কোন জায়গাকে নিজের বলবেন।
মানচিত্রে একটি রেখা টানতে যতটা সময় লাগে, মানুষের স্মৃতিতে সেই রেখা বসতে সময় লাগে তার চেয়ে অনেক বেশি ।
দেশভাগের পর কত পরিবার যে দুই পাড়ে ছড়িয়ে পড়ল! একই পরিবারের দুই ভাই দুই দেশের নাগরিক। এক বোনের বিয়ে সীমান্তের ওপারে। বৃদ্ধ বাবা হয়তো জীবনের শেষ দিন পর্যন্ত পুরোনো বাড়ির কথা বলেছেন। সেই বাড়ির দরজা তার জন্য আর খোলা ছিল কি না, কে জানে।
মানুষ যখন ঘর হারায়, তখন কেবল জমি কিংবা দেয়াল হারায় না। হারায় নিজের অতীতের কাছে অবাধে ফিরে যাওয়ার অধিকারও।
একাত্তরে এই ভূখণ্ডের প্রায় এক কোটি মানুষ সীমান্ত পেরিয়ে ভারতে আশ্রয় নিয়েছিলেন। সংখ্যাটি জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের ঐতিহাসিক বিবরণেও আছে। কিন্তু এক কোটি মানুষের সংখ্যা লিখে তাদের যাত্রার গল্প বলা যায় না। তাদের কেউ দেশ দেখার জন্য যাননি। গিয়েছিলেন বেঁচে থাকার জন্য। পেছনে ফেলে গিয়েছিলেন ঘর, গরু, ফসল, বিয়ের শাড়ি, স্কুলের বই। অনেকের ধারণা ছিল, কয়েক দিনের মধ্যেই ফিরে আসবেন। কয়েক দিন মাসে গড়িয়েছে। কেউ ফিরেছেন স্বাধীন দেশে। কেউ আর ফেরেননি।
সেই মানুষগুলোর কাছে সীমান্তের অন্য পাশে পৌঁছানো ছিল জীবনের প্রশ্ন। একটি দরজা খুলে যাওয়ার অর্থ ছিল আশ্রয়, খাবার, সন্তানকে বাঁচানোর সম্ভাবনা।
ইতিহাসের আশ্চর্য নিষ্ঠুরতা হলো, নিজের দুর্দিনের স্মৃতি মানুষ যত যত্নে রাখে, অন্যের দুর্দিনে সেই স্মৃতি তত সহজে কাজে লাগাতে পারে না।
আজ যখন ভূমধ্যসাগরে কোনো নৌকা ডুবে যায়, কিংবা অন্য দেশের সীমান্তে মানুষ আটকা পড়েন, আমরা তাদের পরিচয় খুঁজি। কোন দেশের মানুষ? কীভাবে এসেছেন? বৈধ কাগজ আছে? কেন নিজের দেশে থাকলেন না?
প্রশ্নগুলো করতে করতে কখনও কখনও সবচেয়ে জরুরি প্রশ্নটিই হারিয়ে যায়।
একজন মানুষকে বাঁচার জন্য এত দূর আসতে হলো কেন?
ধরা যাক, সেই প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের কল্পিত পৃথিবীতে আবার ফিরে গেলাম।
সিরিয়ার একটি শহরে যুদ্ধ চলছে। এক মা দুই শিশুকে নিয়ে বাড়ি ছেড়েছেন। সঙ্গে ছোট একটি ব্যাগ। তার ভেতরে জামাকাপড়, কয়েকটি ছবি, কিছু প্রয়োজনীয় জিনিস। পথে তিনি অন্য দেশে ঢুকলেন। কেউ তাকে আটকে জিজ্ঞেস করলেন না, তার ভয় যথেষ্ট সত্য কি না। নিরাপদ একটি শহরে পৌঁছে ঘর ভাড়া নিলেন। সন্তানদের স্কুলে ভর্তি করালেন। নিজের জন্য কাজ খুঁজলেন।
কয়েক মাস পরে সন্ধ্যায় তাকে দেখা গেল রান্নাঘরে। ছোট ছেলেটি নতুন ভাষায় শেখা একটি ছড়া বলছে। মা পুরোটা বুঝতে পারছেন না। তবু হাসছেন। বাইরে বৃষ্টি। জানালার কাচে জল জমেছে। এই শহর তাঁর জন্মস্থান নয়। কিন্তু আপাতত এখানেই তাঁর সংসার।
দৃশ্যটির মধ্যে অবাস্তব কী আছে?
একজন মা সন্তানদের নিয়ে নিরাপদে থাকতে চাইছেন। একজন তরুণ কাজ খুঁজছেন। কেউ অন্য দেশে পড়তে যেতে চান। কেউ প্রেমের টানে। কেউ পৃথিবী দেখতে। কেউ নিজের দেশের রাজনৈতিক অস্থিরতা থেকে দূরে একটু শান্তিতে থাকতে চান। আবার কেউ বিদেশ ঘুরে বুঝবেন, নিজের পাড়ার বিকেলের আলোই তার বেশি প্রিয়।
মানুষের ইচ্ছাগুলো কত সাধারণ। অথচ সেই ইচ্ছা পূরণের পথ কত অসাধারণ কঠিন করে রেখেছি!
গ্রিসের সেই কল্পিত ফোনকলটির কথা মাথায় এসেছিল ২৩এ নভেম্বর প্রথম আলোয় মোহাম্মদ মোস্তফার একটি প্রতিবেদন পড়ে। খুলনার তেরখাদার তানভীর আহমেদ হাদীও কাজের সন্ধানে গ্রিসে গিয়েছিলেন। আমার কল্পনার তরুণটি কাজ না পেয়ে বাড়ি ফেরার কথা বলতে পারেন। বাস্তবের তানভীরের সামনে সেই পথ এত সহজ নয়।
কাজের আশায় গ্রিসে যেতে পরিবারের জমি বিক্রি ও বন্ধক রেখে ১৪ লাখ টাকা জোগাড় করেছিলেন তিনি। দালাল তাকে কাঠের নৌকার কথা বলেছিলেন। অথচ সাগরপাড়ে গিয়ে দেখলেন, অপেক্ষা করছে বাতাসভরা একটি রাবারের নৌকা। তাতে উঠলেন ৫৭ জন। নৌকায় পানি ঢুকেছে। শুকনা খাবার ভিজেছে। সমুদ্রের জল সেচতে সেচতে ৪৬ ঘণ্টা পরে গ্রিসের তীরে পৌঁছেছেন।
সেই তীরও মুক্তি দেয়নি। অপেক্ষায় ছিল আটককেন্দ্র।
প্রথম আলোর প্রতিবেদনে তানভীরের অবস্থানের কথা পড়তে পড়তে জানলাম, গ্রিসের লেরোস দ্বীপের একটি আটককেন্দ্রে তার দিন কাটছে। কাজের ব্যবস্থা হয়নি। উল্টো খাবারের খরচ জোগাতে বাড়ি থেকে মাসে প্রায় ২০ হাজার টাকা পাঠাতে হচ্ছে। যে ছেলেটি বিদেশে গিয়ে সংসারের আয় বাড়াবেন বলে বেরিয়েছিলেন, তার জন্য এখন দেশ থেকে টাকা যাচ্ছে উল্টো দিকে।
প্রতিবেদনটিতে ইউএনএইচসিআরের একটি হিসাবও আছে। ২০২৬ সালের প্রথম নয় মাসে সমুদ্রপথে গ্রিসে পৌঁছেছেন ৬ হাজার ১৫০ জন বাংলাদেশি। সংখ্যাটির দিকে তাকিয়ে ভাবি, কতগুলো পরিবার তাদের ফেরার অপেক্ষায় আছে। কতজন মায়ের ঘরে এখনও বিছানা পাতা। কতজনের বাড়ির উঠানে বিকেল নামে, অথচ দূরের মানুষটি ফিরতে পারেন না।
তানভীরের গল্পের পাশে মাদারীপুরের শহিদুল ঢালীর গল্পটিও রাখি।
ব্র্যাকের ‘প্রত্যাশা’ প্রকল্পের ফেব্রুয়ারি ২০২৬-এর প্রতিবেদনে তার অভিজ্ঞতার বিবরণ আছে। ইতালিতে যাওয়ার আশায় ২০২৩ সালে সাড়ে দশ লাখ টাকা ঋণ করেছিলেন। সাত সদস্যের সংসারে একটু স্বচ্ছলতা আনবেন, সেই আশা। সংযুক্ত আরব আমিরাত ও মিসর হয়ে লিবিয়ায় পৌঁছান। সেখানে তার পাসপোর্ট কেড়ে নেওয়া হয়। আটকে রাখা হয়। নির্যাতন সহ্য করতে হয়। প্রায় ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। সেই টাকা জোগাতে পরিবারের জমি ও গয়না বিক্রি করতে হয়েছে।
২০২৪ সালের ৬ই সেপ্টেম্বর দেশে ফিরেছিলেন শহিদুল। কিন্তু তার চোখে ঘুম ফেরেনি। দুঃস্বপ্ন দেখতেন। হঠাৎ আতঙ্কিত হয়ে পড়তেন। ব্র্যাকের প্রতিবেদনে তার মানসিক আঘাত সামলে ওঠার জন্য কাউন্সেলিং নেওয়ার কথাও আছে। বাড়ি ফেরার তারিখটি নথিতে লেখা থাকে। বাড়ি ফিরে কবে নিশ্চিন্তে ঘুমাতে পেরেছিলেন, সেই তারিখটি আর জানা যায় না।
তানভীর আর শহিদুলের গল্প আলাদা। কিন্তু কোথাও যেন একই সুতোয় বাঁধা। একজন কাজের খোঁজে গিয়েছিলেন। অন্যজন সংসারের আয় বাড়াতে। তাদের কারও ইচ্ছার মধ্যে অস্বাভাবিক কিছু ছিল না। অস্বাভাবিক ছিল সেই ইচ্ছা পূরণের পথটি।
পাসপোর্ট নামে ছোট একটি বইয়ের কথা ভাবি। কয়েকটি পাতা। ছবি, নাম, নম্বর, রাষ্ট্রের প্রতীক। দেখতে এমন কিছু নয়, যার ওপর একটি মানুষের জীবনের এতখানি নিয়ন্ত্রণ থাকার কথা।
অথচ সেই বইটি হারিয়ে গেলে, কিংবা কেড়ে নেওয়া হলে, একজন পূর্ণবয়স্ক মানুষ কত দ্রুত অসহায় হয়ে পড়েন। তার নিজের পা আছে। নিজের শরীর আছে। নিজের সিদ্ধান্ত আছে। কোথায় যেতে চান, সেটিও জানেন। শুধু যাওয়ার অনুমতি নেই।
পৃথিবীর সবচেয়ে বড় কারাগারগুলোর কোনো কোনোটি হয়তো দেয়াল দিয়ে তৈরি নয়। তৈরি হয় মানুষের যাওয়ার পথ বন্ধ করে দিয়ে।
এবার ভাবি, পাসপোর্ট না থাকলে তানভীরের জীবনে কী বদলাত।
সম্ভবত তিনি আরও কম খরচে, নিরাপদ কোনো পথে গ্রিসে পৌঁছাতেন। সেখানে কাজ খুঁজতেন। কাজ না পেলে অন্য শহরে যেতেন। কারও সহায়তা চাইতেন। দরকার হলে বাড়ি ফিরে আসতেন। তার পরিবারকে হয়তো জমি বিক্রি করতে হতো না। সমুদ্রের মাঝখানে নৌকার পানি সেচতে হতো না। নিজের জীবনের ওপর অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে অন্য কারও হাতে বন্দী হতে হতো না।
তার চাকরি পাওয়ার নিশ্চয়তা তখনও থাকত না। কিন্তু নিরাপদে চেষ্টা করার সুযোগ থাকত।
এখানেই আমাদের কল্পিত পৃথিবীর সবচেয়ে বড় সৌন্দর্য। সেখানে সফল হওয়ার স্বাধীনতার পাশাপাশি ব্যর্থ হওয়ার স্বাধীনতাও আছে। একজন মানুষ কোথাও গিয়ে কাজ না পেতে পারেন। ভুল সিদ্ধান্ত নিতে পারেন। তারপর নিজের সিদ্ধান্ত বদলাতে পারেন। জীবনের একটি ভুলের জন্য তাকে বাকি জীবন আটকে থাকতে হয় না।
আজ আমরা বিদেশে যাওয়াকে অনেক সময় জীবনের চূড়ান্ত সাফল্য ভাবি। গ্রামের কোনো ছেলে ইউরোপে পৌঁছালে খবর ছড়ায়। পরিবার মিষ্টি বিলায়। আত্মীয়স্বজন ফোন করেন। তার ছবি ফেসবুকে ওঠে। অভিনন্দনের বন্যা বয়ে যায়।
তারপর?
ছেলেটি কেমন আছেন, তার ঘুম হয় কি না, তিনি ঠিকমতো খেতে পান কি না, কাজের জায়গায় কেউ তার সঙ্গে অন্যায় করছেন কি না—সেসব খবর খুব কমই জানা যায়। তিনি হয়তো একটি ঘরে আরও ছয়জনের সঙ্গে থাকেন। মাসের শেষে নিজের খরচ বাদ দিয়ে বাড়িতে টাকা পাঠান। মাঝেমধ্যে বাড়ি ফিরতে ইচ্ছা করে। কিন্তু ফেরেন না।
কারণ ফিরে গেলে কী বলবেন?
যে পরিবার জমি বিক্রি করে তাকে পাঠিয়েছে, যে প্রতিবেশীরা তাকে সফল মানুষ বলে জেনেছেন, যারা তার ভবিষ্যতের আয়ের ওপর নিজেদের আশা সাজিয়েছেন, তাদের সামনে ফিরে আসা সহজ নয়। বিদেশে যাওয়ার পেছনে এত টাকা, এত অপেক্ষা, এত কষ্ট জমে আছে যে, একসময় বিদেশেই থেকে যাওয়া বাধ্যবাধকতা হয়ে ওঠে।
প্রবাস তখন শুধু দূরত্ব নয়। ফিরে আসার পথটিও যেন ধীরে ধীরে আরো দীর্ঘ হয়ে যায়।
অথচ আমার কল্পিত পৃথিবীতে বিদেশে যাওয়ার মতো ফিরে আসাও একটি স্বাভাবিক সিদ্ধান্ত। সেখানে জীবনের একটি অধ্যায় অন্য দেশে কাটালেই বাকি জীবন সেখানেই কাটানোর বাধ্যবাধকতা তৈরি হয় না।
তবে এই পৃথিবী স্বর্গ নয়।
পাসপোর্ট উঠে গেলেই মানুষের লোভ, হিংসা, বৈষম্য উঠে যাবে না। ধনী-গরিবের ব্যবধান থাকবে। ভাষা না জানার অসুবিধা থাকবে। শহরে বাড়িভাড়া বাড়বে, কাজের প্রতিযোগিতা তৈরি হবে। বর্ণবিদ্বেষ, ধর্মবিদ্বেষও হয়তো থেকে যাবে।
ইউরোপের কোনো শহরে গিয়ে বাংলাদেশের একজন তরুণ হয়তো দেখবেন, তার নাম শুনে বাড়িওয়ালার মুখ বদলে গেছে। চাকরির সাক্ষাৎকারে যোগ্যতার চেয়ে গায়ের রং বেশি গুরুত্ব পাচ্ছে। মানুষকে অপছন্দ করার জন্য মানুষ যে কেবল পাসপোর্টের ওপর নির্ভর করে না, ইতিহাসে তার অজস্র প্রমাণ আছে।
তবে মানুষের চলাচলের স্বাধীনতার পাশাপাশি তার নিরাপত্তা ও অধিকারও নিশ্চিত করতে হবে। রাষ্ট্র থাকবে, আইন থাকবে, অপরাধের বিচার হবে। কাজের সুযোগ, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার ব্যবস্থাও করতে হবে। এসব সমস্যার সমাধান সহজ নয়। কিন্তু কঠিন প্রশ্নের উত্তর খোঁজার বদলে দরজা বন্ধ করে দেওয়াই কি সবচেয়ে বুদ্ধিমানের কাজ?
আমরা তো নিজেদের শহরের ক্ষেত্রেও প্রতিদিন এই প্রশ্নের মুখোমুখি হই।
ঢাকায় প্রতিদিন কত মানুষ আসেন। কেউ নদীভাঙনে ঘর হারিয়ে, কেউ চাকরির সন্ধানে, কেউ পড়াশোনা করতে। তাদের জন্য শহর সবসময় প্রস্তুত থাকে না। বাসা পাওয়া কঠিন হয়। রাস্তায় ভিড় বাড়ে। কাজের প্রতিযোগিতা তৈরি হয়। তবু তাদের সন্তানদের কেউ একদিন এই শহরের চিকিৎসক হন, শিক্ষক হন, শিল্পী হন। কেউ দোকান খোলেন, কেউ বাড়ি বানান। কেউ আবার কয়েক বছর পরে অন্য শহরে চলে যান।
একটি শহরের ইতিহাস আসলে এসে থাকা মানুষের ইতিহাসও।
সাংবাদিক ও লেখক ডগ সন্ডার্স তার অ্যারাইভাল সিটি বইয়ে পৃথিবীর বিভিন্ন শহরে নতুন আসা মানুষের জীবন নিয়ে লিখেছেন। শহরে তাদের প্রথম আশ্রয়, কাজ খোঁজা, নতুন সম্পর্ক তৈরি করা, ধীরে ধীরে নিজের জায়গা করে নেওয়ার গল্প।
শিকড়ের এক অদ্ভুত স্বভাব আছে। মানুষ যেখানে জন্মায়, সেখানেই শুধু শিকড় গজায় না। কখনও যেখানে এসে আশ্রয় পায়, সেখানেও মাটির গভীরে চলে যায়।
তাহলে দেশও কি কিছুটা এমন হতে পারত না?
আমার কল্পিত পৃথিবীতে ঢাকার চেহারা বদলে যায়। পুরান ঢাকার একটি সরু গলিতে ইরানের এক বৃদ্ধ বইয়ের দোকান খুলেছেন। দোকানের সামনে বাংলা অক্ষরে নাম লেখা। ভেতরে ফারসি কবিতার বই, বাংলা উপন্যাস, পুরোনো পত্রিকা। বিকেলে পাশের দোকানদারের সঙ্গে চা খান। বাংলা বলতে গিয়ে কখনও ভুল করেন। সেই ভুল শুনে সবাই হাসে। তিনিও হাসেন।
মিরপুরের একটি স্কুলে নেপাল থেকে আসা এক শিশু বাংলা শিখছে। প্রথমে বন্ধুদের কথা বুঝতে পারত না। এখন অন্যদের চেয়ে জোরে আবৃত্তি করে। বরিশালের নদীর ধারে আফ্রিকার কোনো দেশ থেকে আসা একটি পরিবার ঘর বানিয়েছে। তাদের সন্তান নদীর পাড়ে খেলতে খেলতে বড় হচ্ছে। বর্ষায় পানি বাড়লে ভয় পায়। শীতে পিঠা খায়। একদিন কেউ তাকে জিজ্ঞেস করল, তোমার বাড়ি কোথায়?
সে বলল, বরিশাল।
আমরা তখন তাকে কী বলব?
বিদেশি? অভিবাসী? নাকি বরিশালের মানুষ?
যে মাটিতে মানুষ জন্মায়, সেটির সঙ্গে তার সম্পর্ক গভীর। কিন্তু যে মাটিতে মানুষ জীবন কাটায়, ভালোবাসে, সন্তান বড় করে, স্বপ্ন দেখে, সেই মাটির সঙ্গে তার সম্পর্ক কি কম গভীর?
পৃথিবীর প্রায় সব বড় শহরের ইতিহাস খুলে দেখলে এই প্রশ্নের উত্তর মেলে। মানুষ এসেছে। অন্য মানুষের সঙ্গে মিশেছে। নতুন ভাষা, খাবার, সংগীত, স্থাপত্য তৈরি হয়েছে। এক প্রজন্মের বিদেশি পরের প্রজন্মের স্থানীয় হয়েছেন। কোথাও সংঘাত হয়েছে, কোথাও বন্ধুত্ব। কোথাও মানুষ মানুষকে তাড়িয়েছে। কোথাও আশ্রয় দিয়েছে।
সভ্যতা কখনও নিখুঁত ছিল না। কিন্তু স্থিরও ছিল না।
মানুষের চলাচল বন্ধ থাকলে আজকের পৃথিবী হয়তো অনেকটাই অন্য রকম হতো। যে ভাষায় কথা বলি, তার শব্দভান্ডারেও দূর দেশের শ্রুতিচিহ্ন আছে। আমাদের খাবারের স্বাদে, পোশাকের নকশায়, গানের সুরে কত মানুষের যাতায়াত জমে আছে। যাকে এখন নিজের সংস্কৃতি বলে আগলে রাখি, তার ভেতরেও কত দূরের পথ এসে মিশেছে।
আমরা সেই পথগুলোর উত্তরাধিকারী। অথচ নতুন পথিকের সামনে দরজা বন্ধ করতে দ্বিধা করি না।
হয়তো এ কারণেই কল্পনার এই পৃথিবীতে দেশগুলো মুছে ফেলতে ইচ্ছা করে না।
বাংলাদেশ বাংলাদেশই থাকবে। তার নদী, ঋতু, ভাষা, ইতিহাস থাকবে। জাপানের মানুষ তাদের উৎসব করবেন। ইতালির মানুষ নিজেদের খাবার নিয়ে গর্ব করবেন। আফ্রিকার কোনো জনপদে সন্ধ্যা নামবে তার নিজস্ব সুরে। পৃথিবীর সব জায়গা এক হয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। বরং এত বৈচিত্র্য আছে বলেই পৃথিবীটা ঘুরে দেখার মতো।
নিজের বাড়িকে ভালোবাসতে প্রতিবেশীর দিকে খোলা জানালাটি বন্ধ করতে হয় না।
আরেকটি কথাও ভাবি।
যে মানুষ কোথাও যেতে পারেন না, তার নিজের দেশে থেকে যাওয়ার সিদ্ধান্ত কতটা স্বাধীন? আর যে মানুষ পৃথিবীর যেকোনো জায়গায় যেতে পারেন, তবু ফিরে আসেন নিজের উঠানে, নিজের ভাষায়, নিজের মানুষের কাছে—তার ফিরে আসার মধ্যে কি একটু বেশি ভালোবাসা নেই?
জন্মভূমির প্রতি টান আর সেখানে থেকে যাওয়ার বাধ্যবাধকতা এক জিনিস নয়।
একদিন হয়তো আমরা ‘অভিবাসন সংকট’ কথাটিকে অন্যভাবে বুঝতে শিখব। মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে, সেটিই সংকট নয়। হাজার হাজার বছর ধরে মানুষ তাই করে এসেছে। পাহাড় পেরিয়েছে, নদী পেরিয়েছে, মরুভূমি পেরিয়েছে। নতুন জনপদ বানিয়েছে। ভাষা, খাবার, গান, গল্প সঙ্গে করে নিয়ে গেছে।
সংকট বরং অন্য জায়গায়।
কাজের সন্ধানে একজন মানুষকে কেন নিজের জীবনের সব সঞ্চয় বাজি রাখতে হবে? নিরাপদ সড়ক, রেল কিংবা বিমানের বদলে কেন তাকে মরুভূমি পেরোতে হবে? কেন একটি ছোট নৌকায় গাদাগাদি করে সমুদ্রে নামতে হবে? কেন নিজের জন্মস্থানের কারণে একটি দেশের মানুষ অন্য দেশের মানুষের চেয়ে এত কম সুযোগ পাবেন?
কোন মুহূর্তে আমরা সিদ্ধান্ত নিলাম, পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার ইচ্ছাটি মানুষের স্বাভাবিক আকাঙ্ক্ষা নয়, বরং সন্দেহের বিষয়?
আমরা যে সভ্যতা গড়েছি, সেখানে মানুষ সমুদ্রের তলায় যায়, মহাকাশে যায়। চাঁদে আবার মানুষের বসতি গড়ার স্বপ্ন দেখে। দূরের গ্রহে প্রাণ আছে কি না, তার সন্ধান করে। পৃথিবীর বাইরে যাওয়ার পথ খুলতে এত আয়োজন। অথচ এই পৃথিবীরই এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার পথ খুলে দেওয়ার কথা ভাবলে আমরা ভয় পাই।
হয়তো ভয়টা অমূলক নয়। অপরিচিত মানুষের আগমন আমাদের পরিচিত জীবনে পরিবর্তন আনে। সেই পরিবর্তনের সঙ্গে অনিশ্চয়তাও আসে। কিন্তু ইতিহাসে প্রায় সব বড় পরিবর্তনের সঙ্গেই অনিশ্চয়তা ছিল। অনিশ্চয়তার ভয়ে যদি মানুষ চলাচল বন্ধ করত, সভ্যতার ইতিহাস এত দীর্ঘ হতো না।
আমাদের পূর্বপুরুষেরা নিশ্চয়ই কোনো একদিন অচেনা পথের সামনে দাঁড়িয়ে ভেবেছিলেন, ওপারে কী আছে? সেখানে খাবার পাওয়া যাবে? আশ্রয় মিলবে? মানুষ কেমন?
তারপরও তারা হেঁটেছিলেন।
আমাদের আজকের পৃথিবী সেই হাঁটার উত্তরাধিকার।
তবু কী আশ্চর্য, আমরা সেই পথের ওপর দাঁড়িয়ে নতুন পথিককে বলি, আপনার অনুমতি নেই।
রাত হয়ে এসেছে। আবার গ্রিসের সেই ছোট দ্বীপটির কথা ভাবি।
বৃষ্টি থেমেছে। বন্দরের আলো সমুদ্রের কালো জলে ছড়িয়ে পড়েছে। খুলনার তরুণটি ফেরিতে উঠেছেন। তার কাজ হয়নি। হাতে বেশি টাকা নেই। সামনে কী করবেন, জানেন না। হয়তো কয়েক দিন পরে আবার কাজ খুঁজবেন। হয়তো অন্য কোথাও যাবেন। হয়তো খুলনাতেই থেকে যাবেন।
কোনো সিদ্ধান্তই তার জীবনের শেষ সিদ্ধান্ত নয়।
অন্যদিকে খুলনার বাড়িটিতে মা ছেলের ঘরের জানালা খুলে দিয়েছেন। অনেক দিন বন্ধ থাকার কারণে ঘরে কেমন স্যাঁতসেঁতে গন্ধ। বিছানার চাদর বদলেছেন। বালিশ দুটো রোদে দিয়েছেন। তারপর রান্নাঘরে এসে ভাবছেন, ছেলে কোন মাছটা খেতে বেশি ভালোবাসে।
এই পৃথিবীটি এখনও নেই।
হয়তো কোনো দিন হবে না। তবু কল্পনা করতে ইচ্ছা হয়। কারণ এমন পৃথিবীর জন্য নতুন কোনো মহাদেশ আবিষ্কার করতে হবে না। নতুন নদী, পাহাড়, সমুদ্রও লাগবে না।
পৃথিবীটি ঠিক এখানেই আছে।
সেই একই মাটি, একই আকাশ, একই মানুষের ক্ষুধা, প্রেম, ভয়, ঘরে ফেরার আকাঙ্ক্ষা।
শুধু সেখানে কোথাও যাওয়ার জন্য মানুষকে নিজের জন্মের কৈফিয়ত দিতে হয় না। ভালো জীবনের সন্ধানে মৃত্যুর সঙ্গে দর-কষাকষি করতে হয় না।
আর পৃথিবীর অন্য প্রান্তে দাঁড়িয়ে বাড়ি ফিরতে ইচ্ছা হলে ফোনটা তুলে শুধু বলা যায়—
মা, কাল রওনা দেব।



