মানি ম্যাটার্স

ব্যাংকে টাকা রাখলেই কি আবগারি শুল্ক দিতে হয়?

আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৩৫ পিএম

ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা রাখলেই কি কোনো শুল্ক দিতে হবে? অনেকের অ্যাকাউন্ট থেকে বছরের শেষে নির্দিষ্ট পরিমাণ টাকা কেটে নেওয়া হয়, যার নাম আবগারি শুল্ক বা এক্সাইজ ডিউটি। কিন্তু এই শুল্ক কেন কাটা হয়, কত টাকা কাটা হয় এবং কীসের ভিত্তিতে তা নির্ধারণ করা হয়?

আবগারি শুল্ক মূলত সরকার নির্ধারিত নির্দিষ্ট পণ্য ও সেবার ওপর আরোপিত এক ধরনের পরোক্ষ কর। বাংলাদেশে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে রাখা আমানতের ওপরও এই শুল্ক প্রযোজ্য। তবে ব্যাংক অ্যাকাউন্টে টাকা থাকলেই যে সবার কাছ থেকে শুল্ক কাটা হবে, ব্যাপারটা এমন না। এটা নির্ভর করে বছরের মধ্যে অ্যাকাউন্টে থাকা সর্বোচ্চ স্থিতির ওপর।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নির্দেশনা অনুযায়ী, বছরের কোনো সময় ব্যাংক অ্যাকাউন্টে থাকা টাকা চার লাখের বেশি হলেই আবগারি শুল্ক কাটা যাবে। এর আগে আবগারি শুল্কমুক্ত সীমা ছিলো তিন লাখ টাকা। ২০২৬ সালে এসে এই সীমা এক লাখ বাড়িয়ে চার লাখ করা হয়েছে। 

তার মানে কারো ব্যাংক অ্যাকাউন্টে ৪ লাখের বেশি টাকা থাকলে তাকে আবগারি শুল্ক দিতে হবে। অ্যাকাউন্টে কত টাকা থাকলে কত শুল্ক দিতে হবে তার একটা হার ঠিক করেছে রাজস্ব বোর্ড। কারো ব্যাংক অ্যাকাউন্টের সর্বোচ্চ স্থিতি ৪ লাখ থেকে ৫ লাখ টাকা পর্যন্ত হলে তার জন্য বছরে ১৫০ টাকা, ৫ লাখ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত ৫০০ টাকা এবং ১০ লাখ থেকে ৫০ লাখ টাকা পর্যন্ত ৩ হাজার টাকা আবগারি শুল্ক ঠিক করা হয়েছে। 

এছাড়াও কারো অ্যাকাউন্টে ৫০ লাখ টাকা থেকে ১ কোটি টাকা পর্যন্ত থাকলে তাকে ৫ হাজার টাকা শুল্ক দিতে হবে। ১ কোটি থেকে ২ কোটি পর্যন্ত ১০ হাজার টাকা, ২ কোটি থেকে ৫ কোটি পর্যন্ত ২০ হাজার টাকা আবগারি শুল্ক নির্ধারিত আছে। আর ৫ কোটি টাকার উপরে সর্বোচ্চ স্থিতি হলেই তাকে সর্বোচ্চ হারে সরকারকে আবগারি শুল্ক দিতে হবে, আর তা হলো ৫০ হাজার টাকা। 

অনেকেই অভিযোগ করে, অ্যাকাউন্টে ৪ লাখ টাকার কম থাকলেও অনেক সময় আবগারি শুল্ক কেটে নেওয়া হয়। এর কারণ হলো এই শুল্ক কোনো এক মূহূর্তের ব্যাঙ্ক হিসাবের স্থিতির উপর ভিত্তি করে নির্ধারিত হয় না। কোনো একটা বছরে ঐ হিসাবে সর্বোচ্চ স্থিতির উপর আবগারি শুল্ক ঠিক করা হয়। অর্থাৎ টাকা কাটার সময় অ্যাকাউন্টে ৪ লাখের কম থাকলেও সারা বছরে কোনো একটা সময় ব্যাংক ব্যালেন্স ৪ লাখের উপরে নিশ্চয়ই উঠেছিলো, যার উপর ভিত্তি করে আবগারি শুল্ক কেটে নেওয়া হয়েছে।  

ধরা যাক, বছরের কোনো একসময় অ্যাকাউন্টে ১২ লাখ টাকা জমা হয়েছিল। পরে সেই টাকা তুলে নেওয়ায় বছরের শেষে স্থিতি কমে ৩ লাখ টাকায় নেমে এসেছে। কিন্তু বছরের মধ্যে সর্বোচ্চ স্থিতি ১০ লাখ টাকার বেশি হওয়ায় ওই অ্যাকাউন্টের জন্য ৩ হাজার টাকা আবগারি শুল্ক প্রযোজ্য হবে।

সাধারণত ব্যাংকগুলো বছরের শেষ কর্মদিবসে, অর্থাৎ ডিসেম্বরের শেষ দিকে, অ্যাকাউন্ট থেকে স্বয়ংক্রিয়ভাবে এই শুল্ক কেটে নেয়। কোনো কোনো ক্ষেত্রে জানুয়ারির প্রথম দিকেও তা কাটা হতে পারে। একাধিক ব্যাংক অ্যাকাউন্ট থাকলে প্রতিটি অ্যাকাউন্টের স্থিতি আলাদাভাবে বিবেচনা করা হয়। ফলে একাধিক অ্যাকাউন্টে নির্ধারিত সীমার বেশি টাকা থাকলে প্রতিটি অ্যাকাউন্টের জন্য আলাদাভাবে আবগারি শুল্ক দিতে হতে পারে।

তাই অ্যাকাউন্টে বর্তমানে কত টাকা আছে, শুধু সেটি দেখলেই আবগারি শুল্কের হিসাব বোঝা যাবে না। বরং পুরো বছরে সর্বোচ্চ কত টাকা জমা ছিল, আবগারি শুল্কের ক্ষেত্রে সেটাই গুরুত্বপূর্ণ