প্রবীণ সাংবাদিক ও শিক্ষক শাহেদ কামাল মারা গেছেন

আপডেট : ০৫ জুলাই ২০২৬, ১০:৩৪ এএম

বাংলাদেশের প্রবীণ সাংবাদিক ও বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস-এর সাবেক বার্তা সম্পাদক শাহেদ কামাল আর নেই। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর সিকদার মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

পারিবারিক সূত্রের বরাতে বাসস জানিয়েছে, বার্ধক্যজনিত জটিলতার পাশাপাশি নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে শনিবার সকালে তাকে আইসিইউতে ভর্তি করা হয়।

রবিবার ধানমণ্ডির বাসভবন ‘সাঁঝের মায়া’ থেকে জানাজার জন্য তার মরদেহ নিয়ে যাওয়া হবে ধানমণ্ডির তাকওয়া মসজিদে।

দুপুর বারোটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ প্রাঙ্গণে শ্রদ্ধা প্রদর্শনের পর তার দ্বিতীয় জানাজা হবে বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে।

তারপর তার মরদেহ নেওয়া হবে জাতীয় প্রেসক্লাবে। বিকাল চারটায় তাকে দাফন করা হবে আজিমপুর কবরস্থানে।

১৯৫৭ সালে সাংবাদিকতা জীবন শুরু করেন শাহেদ কামাল। তৎকালীন অ্যাসোসিয়েটেড প্রেস অব পাকিস্তান এপিপি-তে কর্মজীবন শুরু হয়।

স্বাধীনতার পর প্রতিষ্ঠানটি বাংলাদেশ সংবাদ সংস্থা হিসাবে পুনর্গঠিত হলে সেখানেই দীর্ঘ সময় কাজ করেন। একই সঙ্গে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে খণ্ডকালীন শিক্ষক হিসেবে যুক্ত ছিলেন।

নটর ডেম কলেজে পড়াশোনা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে থেকেই তিনি সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

শাহেদ কামাল কবি সুফিয়া কামালের পুত্র।