রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরসহ লেখক ও চলচ্চিত্রকারদের গ্রাফিতিতে কালি দেওয়ার অভিযোগে রাষ্ট্রসংলাপ ফোরামের সদস্য সচিব আ ন ম আয়াসকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে আয়াস ও আরও তিনজনকে আটক করে শাহবাগ থানায় নেওয়া হয়।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে শিল্পকলা একাডেমির সামনে ৫ই অক্টোবর রাজধানীর সেগুনবাগিচার ফুটপাত দখলমুক্ত করা হয়। ফুটপাতের দেয়াল নান্দনিক রুপ দিতে শিল্পাচার্য জয়নুল আবেদিন, সত্যজিৎ রায়, রবীন্দ্রনাথ ঠাকুর, বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামসহ দেশের শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে অনবদ্য অবদান রাখা দশজন গুণী ব্যক্তির প্রতিকৃতি আঁকা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই গ্রাফিতিগুলো থেকে টার্গেট করে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে চুনকালি দেওয়ার চেষ্টা করছিল আয়াস। তখন সে ও তার কয়েকজন সঙ্গীরা বাধার মুখে পড়ে। একপর্যায়ে পুলিশ আয়াসসহ মোট চারজনকে আটক করে। তাদের মধ্যে একজন নারীও রয়েছে বলে জানান কর্তব্যরত এক পুলিশ কর্মকর্তা। তবে তাৎক্ষণিকভাবে বাকি তিনজনের নাম পরিচয় জানা যায়নি।
ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম আলাপ-কে জানান, আটক চারজন এখনো ডিবি হেফাজতে আছেন। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। শেষ হলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।



