গুম ও হত্যার মামলায় সাবেক এমপি মুক্তা গ্রেপ্তার

আপডেট : ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৩০ পিএম

পঞ্চগড়ে রিকশাচালক আল আমিনকে গুম ও হত্যার মামলায় সাবেক সংসদ সদস্য নাইমুজ্জামান ভূঁইয়া মুক্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে সদর উপজেলার কাজীপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) আশীষ কুমার শীল গ্রেপ্তারের বিষয়টি বাসস’কে নিশ্চিত করেছেন।

একই দিনে আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন পঞ্চগরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোশারফ হোসেন।

মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের হওয়া গণঅভ্যুত্থানে অংশ নেওয়ার পর রিকশাচালক আল আমিন নিখোঁজ হন। এ ঘটনায় তার বাবা মনু মিয়া গত ১০ই সেপ্টেম্বর পঞ্চগড় সদর থানায় গুম ও হত্যার অভিযোগে মামলা করেন। মামলায় সাবেক এমপি নাইমুজ্জামান ভূঁইয়া মুক্তাসহ ১৯ জনের নাম উল্লেখ করা হয়। এতে অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, আল আমিনকে গুম ও হত্যার অভিযোগের মামলাসহ বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় মুক্তার বিরুদ্ধে মোট ১২টি মামলা রয়েছে।

নাইমুজ্জামান ভূঁইয়া মুক্তা পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পঞ্চগড় জেলার সহসভাপতি।