আন্দোলনকারীদের মুক্তি না দিলে অনশনের ঘোষণা সোনম ওয়াংচুকের

আপডেট : ১০ অক্টোবর ২০২৬, ০৬:১২ পিএম

ভারতের দিল্লিতে আটক আন্দোলনকারীদের ২৪ ঘণ্টার মধ্যে মুক্তি না দিলে ফের অনশন বা শান্তিপূর্ণ পদযাত্রা শুরু করার কথা বিবেচনা করবেন বলে জানিয়েছেন সমাজকর্মী সোনম ওয়াংচুক।

সামাজিক মাধ্যম এক্স পোস্টে এক ভিডিওবার্তায় দিল্লিতে বিক্ষোভকারীদের বিরুদ্ধে পুলিশের অভিযানের নিন্দা জানান তিনি। পরিস্থিতিকে ভারতের ৭০-এর দশকে জারি করা জরুরি অবস্থার সঙ্গে তুলনা করেন ওয়াংচুক। ওই সময়ে দেশটিতে নাগরিক স্বাধীনতা ও অধিকার স্থগিত করা হয়েছিল।

ভিডিওবার্তায় ওয়াংচুক বলেন, “আগামী ২৪ ঘণ্টার মধ্যে আটক ব্যক্তিদের মুক্তি দেওয়া না হলে আমাকে শান্তিপূর্ণ প্রতিবাদের পথ বিবেচনা করতে হবে। দিল্লি বা লেহতে অবস্থান কর্মসূচি, অনশন কিংবা শান্তিপূর্ণ পদযাত্রা হতে পারে।”

তবে সরকার আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধান করবে বলে আশা প্রকাশ করেন তিনি। সে ক্ষেত্রে নতুন করে আন্দোলনে নামার প্রয়োজন হবে না বলেও আশা করেন ওয়াংচুক।

এর আগে জুলাইয়ে ককরোচ জনতা পার্টির প্রথম দফার বিক্ষোভের সময় ২৬ দিন অনশন করেছিলেন ওয়াংচুক। তার অংশগ্রহণ আন্দোলনটির প্রতি জনসমর্থন বাড়াতে ভূমিকা রেখেছিল।