ভারতের রাজধানী দিল্লিতে আটক ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের দাদি মারা গেছেন। গত কয়েক দিন অসুস্থ থাকার পর নিজ গ্রাম সন্তুক পিম্পরিতে তার মৃত্যু হয়।
শনিবার বিমানবন্দরে পুলিশের হাতে আটক হওয়ার পরও দিল্লিতে অবস্থান করছেন দলটির এই নেতা।
দ্য ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, দাদির মৃত্যুর খবর তাকে জানিয়েছে দিল্লি পুলিশ। এখন তিনি আটক অবস্থায় থেকে বিক্ষোভ চালিয়ে যাবেন, নাকি দাদির শেষকৃত্যে অংশ নিতে ফিরে যাবেন—সেই সিদ্ধান্ত তাকেই নিতে হবে বলে জানিয়েছে পুলিশ সূত্র।
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে জন্তর মন্তরে দলীয় বিক্ষোভে যোগ দিতে মুম্বাই থেকে দিল্লি যাচ্ছিলেন দীপকে। দলটির অভিযোগ, রাজধানীতে বিমান অবতরণের পরপরই তাকে এবং দলের আরও দুই নেতা সৌরভ দাস ও আশুতোষ রানকাকে আটক করে দিল্লি পুলিশ।
তিন নেতা আটক থাকায় বিক্ষোভের নেতৃত্ব দেওয়ার জন্য সংগঠনের দায়িত্বপ্রাপ্ত অজিঙ্কা শিন্ডেকে মনোনীত করেছে ককরোচ জনতা পার্টি।



