বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন শুল্ক বসাতে চায় যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার ১৯৭৪ সালের বাণিজ্য আইনের ৩০১ ধারার আওতায় সিদ্ধান্ত নিয়েছেন যে উৎপাদনশিল্পের বিভিন্ন খাতে কাঠামোগত অতিরিক্ত উৎপাদন সক্ষমতা ও উৎপাদন বিষয়ে ১৪টি দেশের কর্মকাণ্ড, নীতি ও চর্চা অযৌক্তিক। এসব কর্মকাণ্ড যুক্তরাষ্ট্রের বাণিজ্যের ওপর বোঝা তৈরি করছে অথবা বাণিজ্যকে সীমিত করছে। ফলে ১৯৭৪ সালের বাণিজ্য আইনের ৩০১(বি) ধারার আওতায় এসব দেশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে।

আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ১২:২০ পিএম

যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের আওতায় পড়ছে বাংলাদেশসহ বিশ্বের ১৪টি দেশ ও অর্থনৈতিক অঞ্চল। বাংলাদেশের পণ্য আমদানিতে সর্বোচ্চ ১৮ শতাংশ নতুন শুল্ক আরোপের প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির কার্যালয় (ইউএসটিআর)।

তালিকায় বাংলাদেশের পাশাপাশি রয়েছে চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, কম্বোডিয়া, তাইওয়ান, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড ও ইউরোপীয় ইউনিয়ন।

নতুন এই প্রস্তাব কার্যকর হলে নিয়মিত শুল্কসহ যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের মোট শুল্কের হার দাঁড়াতে পারে ৩৩ দশমিক ৬২ শতাংশে। এতে বিশেষ করে তৈরি পোশাক রপ্তানিতে নতুন চাপ তৈরি হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

বুধবার মার্কিন বাণিজ্য প্রতিনিধির দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন শুল্ক আরোপের প্রস্তাব তুলে ধরা হয়। 

এতে বলা হয়, যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার ১৯৭৪ সালের বাণিজ্য আইনের ৩০১ ধারার আওতায় সিদ্ধান্ত নিয়েছেন যে উৎপাদনশিল্পের বিভিন্ন খাতে কাঠামোগত অতিরিক্ত উৎপাদন সক্ষমতা ও উৎপাদন বিষয়ে ১৪টি দেশের কর্মকাণ্ড, নীতি ও চর্চা অযৌক্তিক। এসব কর্মকাণ্ড যুক্তরাষ্ট্রের বাণিজ্যের ওপর বোঝা তৈরি করছে অথবা বাণিজ্যকে সীমিত করছে। ফলে ১৯৭৪ সালের বাণিজ্য আইনের ৩০১(বি) ধারার আওতায় এসব দেশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে।  

নতুন প্রস্তাবে বাংলাদেশি পণ্যে সর্বোচ্চ ১৮ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপের কথা বলা হয়েছে। তবে এটি জুলাইয়ে আরোপ করা ১০ শতাংশ শুল্কের সঙ্গে যোগ হবে না; বরং সেটিকে প্রতিস্থাপন করবে। বাংলাদেশি পণ্যের ওপর বর্তমানে গড় নিয়মিত শুল্ক ১৫ দশমিক ৬২ শতাংশ। ফলে সব মিলিয়ে মোট শুল্কের হার ২৫ দশমিক ৬২ শতাংশ। বর্তমান আরোপিত শুল্ক এর সাথে যোগ হবে।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জামিসন গ্রিয়ার বলেছেন, নতুন শুল্ক আগের শুল্কের সঙ্গে যোগ করে আরোপ করা হবে না। বিদ্যমান শুল্কব্যবস্থা বিবেচনায় নিয়ে নতুন হার নির্ধারণ করা হবে।

নতুন শুল্কের প্রস্তাব এখনো চূড়ান্ত হয়নি। আগামী ৫ জানুয়ারি পর্যন্ত এ বিষয়ে লিখিত মতামত জমা দেওয়ার সুযোগ রেখেছে ইউএসটিআর। ২৫এ জানুয়ারি থেকে এ বিষয়ে শুনানি শুরু হবে। শুনানি ও পর্যালোচনা শেষে শুল্কের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।