জঙ্গি নেটওয়ার্কের নতুন সমীকরণ: তদন্তে বোমারু মামুন

আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৩৭ পিএম

মুখে সবসময় মাস্ক। কখনো কাঁধে, আবার কখনো হাতে ব্যাগ। কিন্তু সেই ব্যাগে কী থাকত? পুলিশের ভাষ্যে সেখানে থাকত বোমা আর ছুরি। একসময় দেশের অন্যতম ভয়ংকর জঙ্গি সংগঠন নব্য জেএমবির বোমা তৈরির প্রশিক্ষণ পাওয়া এই ব্যক্তি দীর্ঘদিন ছিলেন কারাগারে। একটি বহুল আলোচিত মামলায় আবার খালাসও পেয়েছেন। কিন্তু কারাগার থেকে বেরিয়ে কি সত্যিই থেমে গিয়েছিল তার তৎপরতা? নাকি আড়ালে নতুন করে গড়ে তুলছিলেন আরও বড় একটি নেটওয়ার্ক? সাভারে তার সন্ধানে অভিযান চালিয়ে পাওয়া গেল বিস্ফোরক, সন্দেহজনক রাসায়নিক, এমনকি সায়ানাইডেরও সন্ধান। লক্ষ্মীপুরের একটি বাজারে তিনটি ককটেল বিস্ফোরণের পর স্থানীয় লোকজনের হাতে ধরা পড়েন তিনি। তখন নিজের নাম একবার বলেন সাইফুল, আব্র কখনো বলেন সুজন। দাবি করেন, তিনি একজন কন্ট্রাক্ট কিলার। কিন্তু পুলিশি জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে সম্পূর্ণ ভিন্ন পরিচয়। তিনি নাজমুল হাসান মামুন—নব্য জেএমবির শীর্ষ পর্যায়ের নেতা, যিনি পরিচিত ‘বোমারু মামুন’ নামে। কিন্তু এই মামুন একা, নাকি তার পেছনে রয়েছে আরও বড় কোনো সংগঠিত চক্র?