ফের বাংলাদেশি পণ্যের ওপর মার্কিন ‍শুল্কের খড়গ, পোশাক খাতে উদ্বেগ 

যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তির পর শুল্ক নিয়ে স্বস্তির সুযোগ তৈরি হয়েছিল বাংলাদেশের। কিন্তু নতুন প্রস্তাবে আবারও অনিশ্চয়তা। চীন থেকে আমদানি, শ্রমিকের অধিকার ও উৎপাদন প্রণোদনা নিয়ে ওয়াশিংটনের আপত্তি কতটা জটিল করে তুলবে তৈরি পোশাক রপ্তানি পরিস্থিতিকে? 

আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পিএম

যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পণ্যের ওপর নতুন করে ১৮ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির কার্যালয় (ইউএসটিআর)। তৈরি পোশাকসহ বাংলাদেশের রপ্তানি খাতের জন্য এ প্রস্তাব নতুন উদ্বেগের। যুক্তরাষ্ট্র বাংলাদেশের সবচেয়ে বড় একক রপ্তানি বাজার। দেশটিতে বাংলাদেশের রপ্তানির বড় অংশই তৈরি পোশাক। 

বাংলাদেশের পাশাপাশি চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কম্বোডিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, তাইওয়ান ও ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধেও একই ধরনের পদক্ষেপের উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির বাণিজ্য প্রতিনিধি দপ্তর (ইউএসটিআর) বলছে, এসব অর্থনীতির শিল্পনীতি ও উৎপাদনব্যবস্থার কারণে যুক্তরাষ্ট্রের উৎপাদক ও রপ্তানিকারকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

তবে বাংলাদেশের জন্য নতুন শুল্কের প্রস্তাবটি এসেছে এমন এক সময়ে, যখন গত ৯ই ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি করেছে বাংলাদেশ। ফলে প্রশ্ন উঠেছে, চুক্তির পরও কেন নতুন শুল্কের উদ্যোগ, যুক্তরাষ্ট্রের আপত্তির জায়গাগুলো কী এবং প্রস্তাবটি চূড়ান্ত হলে বাংলাদেশ কতটা ক্ষতির মুখে পড়তে পারে?

কেন নতুন শুল্কের প্রস্তাব

গত বুধবার (২৫এ নভেম্বর) যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর (ইউএসটিআর) বাংলাদেশসহ ১৪টি দেশ ও অর্থনৈতিক অঞ্চলের বিরুদ্ধে নতুন শুল্ক আরোপের প্রস্তাব দেয়। ১৯৭৪ সালের বাণিজ্য আইনের ৩০১ ধারার আওতায় এসব দেশের শিল্প উৎপাদনে কাঠামোগত অতিরিক্ত সক্ষমতা ও উৎপাদনসংক্রান্ত নীতি তদন্ত করে এই প্রস্তাব দেওয়া হয়েছে।  

এতে বলা হয়, যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার ১৯৭৪ সালের বাণিজ্য আইনের ৩০১ ধারার আওতায় সিদ্ধান্ত নিয়েছেন যে উৎপাদনশিল্পের বিভিন্ন খাতে কাঠামোগত অতিরিক্ত উৎপাদন সক্ষমতা ও উৎপাদন বিষয়ে ১৪টি দেশের কর্মকাণ্ড, নীতি ও চর্চা অযৌক্তিক। এসব কর্মকাণ্ড যুক্তরাষ্ট্রের বাণিজ্যের ওপর বোঝা তৈরি করছে অথবা বাণিজ্যকে সীমিত করছে। ফলে ১৯৭৪ সালের বাণিজ্য আইনের ৩০১(বি) ধারার আওতায় এসব দেশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে।

ইউএসটিআরের দৃষ্টিতে বাংলাদেশের বিভিন্ন কর্মকাণ্ড, নীতি ও চর্চা অযৌক্তিক হিসাবে বিবেচিত হয়েছে। সেগুলো হলো শিল্প খাতের পরিকল্পনার মাধ্যমে উৎপাদন খাত ধরে রাখা ও সম্প্রসারণ করা, বিশেষ করে গুরুত্বপূর্ণ শিল্পে; উৎপাদন ও রপ্তানি বাড়াতে বিভিন্ন প্রণোদনা দেওয়া; শ্রমিকের অধিকার ও সুরক্ষায় যথেষ্ট ব্যবস্থা না নেওয়া; আর্থিক খাতে এমন নীতি অনুসরণ করা, যা বাজারব্যবস্থাকে বাধাগ্রস্ত করে; বিশ্বে অতিরিক্ত উৎপাদন ও উৎপাদনক্ষমতা মোকাবিলায় যথেষ্ট ব্যবস্থা না নেওয়া। এসবের কারণে বাংলাদেশ ও তৃতীয় দেশের বাজারে যুক্তরাষ্ট্রের উৎপাদক ও রপ্তানিকারকদের ব্যবসার সুযোগ কমছে; যুক্তরাষ্ট্রে উৎপাদন, রপ্তানি, কর্মসংস্থান ও বিনিয়োগ কমে দেশটির অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং অ-বাজার অর্থনীতির দেশগুলোর উপকরণের ওপর নির্ভরতা বাড়াসহ যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিরাপত্তার ঝুঁকি তৈরি হচ্ছে। তৈরি পোশাক ও পোশাকশিল্পে এর প্রভাব বিশেষভাবে বেশি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন শুল্ক বসাতে চায় যুক্তরাষ্ট্র

চীনের ওপর নির্ভরতা নিয়েও আপত্তি

বাংলাদেশের বিষয়ে ইউএসটিআরের অন্যতম আপত্তি চীন থেকে মধ্যবর্তী পণ্য আমদানি বৃদ্ধি। সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৭ থেকে ২০২৫ সালের মধ্যে চীন থেকে বাংলাদেশের মধ্যবর্তী পণ্য আমদানি ৭০০ কোটি ডলার বা ৬৮ শতাংশ বেড়েছে।

যুক্তরাষ্ট্রের যুক্তি, চীনের মতো ননমার্কেট ইকনমি দেশ থেকে কাঁচামাল ও উপকরণ আমদানির মাধ্যমে বাংলাদেশের উৎপাদনব্যবস্থা এমন একটি সরবরাহশৃঙ্খলের সঙ্গে যুক্ত হচ্ছে, যা যুক্তরাষ্ট্রের শিল্প ও অর্থনৈতিক নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করতে পারে।

বাংলাদেশের তৈরি পোশাকশিল্পে চীন থেকে আমদানি করা কাপড়, সুতা ও অন্যান্য উপকরণের ব্যবহার রয়েছে। ফলে এ আপত্তি পোশাকশিল্পের জন্যও গুরুত্বপূর্ণ। তবে চীন থেকে আমদানি করা উপকরণের ব্যবহারই যে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শুল্কের একমাত্র কারণ, বিষয়টি তেমন নয়। ইউএসটিআরের প্রতিবেদনে শ্রমনীতি, উৎপাদন প্রণোদনা ও শিল্পনীতিসহ একাধিক বিষয় উল্লেখ করা হয়েছে।

শ্রমিকদের মজুরি ও অধিকার নিয়েও প্রশ্ন তুলেছে যুক্তরাষ্ট্র। তাদের দাবি, কম মজুরি এবং শ্রমিকদের অধিকার বাস্তবায়নে দুর্বলতার কারণে বাংলাদেশের উৎপাদন ব্যয় কম থাকে। তবে শ্রম আইন সংশোধনের মাধ্যমে বাংলাদেশ কিছু অগ্রগতি করেছে বলেও প্রতিবেদনে স্বীকার করা হয়েছে। একই সঙ্গে শ্রমিকদের সংগঠন করার স্বাধীনতা ও যৌথ দর-কষাকষির অধিকার বাস্তবায়নে এখনও সমস্যা রয়েছে বলে মন্তব্য করেছে ইউএসটিআর।

শুল্কের চাপ পড়বে কার ওপর

বাংলাদেশের ওপর প্রস্তাবিত ১৮ শতাংশ শুল্ক কার্যকর হলে তার প্রভাব কীভাবে পড়বে, তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে পোশাক রপ্তানিকারকদের মধ্যে। তবে প্রস্তাবিত ১৮ শতাংশ শুল্ক আগের ১০ শতাংশের সঙ্গে সরাসরি যোগ হবে না। এটি আগের শুল্ককে প্রতিস্থাপন করার প্রস্তাব।

বর্তমানে বাংলাদেশের পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের গড় নিয়মিত শুল্কহার ১৫ দশমিক ৬২ শতাংশ। এর সঙ্গে গত জুলাইয়ে আরোপিত ১০ শতাংশ শুল্ক যুক্ত হয়ে গড় শুল্কের হিসাব দাঁড়ায় ২৫ দশমিক ৬২ শতাংশ। নতুন প্রস্তাব কার্যকর হলে ১০ শতাংশের পরিবর্তে ১৮ শতাংশ শুল্ক প্রযোজ্য হবে। সে হিসাবে গড় শুল্কের হিসাব দাঁড়াতে পারে ৩৩ দশমিক ৬২ শতাংশে। অর্থাৎ আগের তুলনায় বাড়তি চাপের পরিমাণ হবে প্রায় ৮ শতাংশ। পণ্যভেদে শুল্কের প্রকৃত হিসাব অবশ্য ভিন্ন হতে পারে।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার সিএনবিসিকে বলেছেন, দুই ধরনের শুল্ক সরাসরি যোগ করার বিষয়টি এখানে প্রযোজ্য নয়। তার ভাষ্য, হিসাব সমন্বয়ের পর শুল্কের প্রকৃত বাড়তি চাপ কয়েক শতাংশ হবে।

বিজিএমইএর মিডিয়া কমিটির চেয়ারম্যান মাসুদ কবির আলাপ-কে বলেন, সম্প্রতি শ্রমিকদের মজুরি বাড়ানোসহ নানা কারণে পোশাকশিল্পের উৎপাদন ব্যয় বেড়েছে। এর মধ্যে নতুন করে শুল্ক বাড়লে শিল্পে বড় ধরনের প্রভাব পড়বে।

মাসুদ কবির বলেন, “এ ধরনের শুল্ক বাড়ানোর বিষয়টি আগে থেকে আমাদের জানা ছিল না। এখন যুক্তরাষ্ট্রের যেসব ক্রেতা বাংলাদেশে আসবেন, তারা যদি বলেন, ১৮ শতাংশ বাড়তি শুল্কের বোঝা তারা বহন করতে পারবেন না, সেটি রপ্তানিকারকদেরই বহন করতে হবে। কিন্তু আমাদের কাঁচামাল কেনা হয়ে গেছে। এখন আর সেখান থেকে পিছিয়ে আসার সুযোগ নেই। ফলে ক্রেতাদের সঙ্গে ১৮ শতাংশ হোক বা ১০ শতাংশ, এ নিয়ে দর কষাকষি করতে হবে।”

তিনি আরও বলেন, “একদিকে কয়েক সপ্তাহ ধরে কারখানা বন্ধ ছিল, অন্যদিকে শ্রমিকদের মজুরি বেড়েছে। সব মিলিয়ে পোশাকশিল্পের ওপর বড় ধরনের প্রভাব পড়বে। যুক্তরাষ্ট্রের বাজারে বর্তমানে কত পরিমাণ ক্রয়াদেশ রয়েছে, তা এখনো আমরা হিসাব করিনি। তবে প্রভাব যে বড় হবে, তা বোঝা যাচ্ছে।”

মাসুদ কবির জানান, নতুন শুল্কের প্রস্তাব নিয়ে এখনো সরকারের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা করেনি বিজিএমইএ। তবে শিগগিরই এ বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা করা হবে। তার ভাষায়, “আলোচনা করলেই যে শুল্ক কমবে, এমন নিশ্চয়তা নেই।”

যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার

রপ্তানি আদেশ কমার আশঙ্কা

২০২৪ সালে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানির পরিমাণ ছিল প্রায় ৮৪০ কোটি ডলার। এর মধ্যে তৈরি পোশাকের রপ্তানি ছিল ৭৩৪ কোটি ডলারের মতো। বাংলাদেশের পোশাকশিল্পের জন্য যুক্তরাষ্ট্র একটি গুরুত্বপূর্ণ বাজার। ফলে নতুন শুল্ক কার্যকর হলে এ বাজারে রপ্তানি আদেশ কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।

অর্থনীতিবিদ মাসরুর রিয়াজ আলাপ-কে বলেন, নতুন শুল্কের প্রস্তাব বাংলাদেশের কাছে অপ্রত্যাশিত ছিল। তার মতে, এ ধরনের সিদ্ধান্তের আগাম পূর্বাভাস পাওয়া এবং যুক্তরাষ্ট্রের নীতিগত পরিবর্তন নিয়মিত পর্যবেক্ষণ করা প্রয়োজন ছিল। তিনি বলেন, ‘আমাদের বড় দুর্বলতা হলো, এ ধরনের সিদ্ধান্তের আগাম পূর্বাভাস আমরা পাইনি।’

নতুন শুল্ক কার্যকর হলে বাংলাদেশের রপ্তানিকারকেরা দুই ধরনের ক্ষতির মুখে পড়তে পারেন বলে মনে করেন এই অর্থনীতিবিদ। বাড়তি শুল্কের পুরোটা মার্কিন ভোক্তাদের ওপর চাপানো হলে পণ্যের দাম বাড়বে। এতে ভোক্তাদের চাহিদা কমে বাংলাদেশের রপ্তানি আদেশ কমতে পারে। অন্যদিকে আমদানিকারকেরা শুল্কের পুরো চাপ ভোক্তাদের ওপর দিতে না চাইলে বাংলাদেশি রপ্তানিকারকদের পণ্যের দাম কমানোর চাপ দিতে পারেন।

মাসরুর রিয়াজের মতে, মূল্যস্ফীতি, শ্রমিকদের মজুরি বৃদ্ধি ও জ্বালানির দাম বাড়ায় বাংলাদেশের উৎপাদন ব্যয় এমনিতেই বেড়েছে। ফলে বাড়তি শুল্কের চাপ সামলানো কঠিন হতে পারে। বিশেষ করে মাঝারি ও ছোট কারখানাগুলো বেশি চাপে পড়তে পারে।

প্রতিযোগী দেশগুলোর প্রসঙ্গ টেনে মাসরুর রিয়াজ বলেন, ভারত ও ভিয়েতনামের মতো দেশগুলোর পণ্যেও যুক্তরাষ্ট্র শুল্ক আরোপের প্রস্তাব করেছে। তবে অতীতে রিসিপ্রকাল টেরিফ আরোপের পর দেখা গেছে, প্রতিযোগী দেশগুলো অপেক্ষাকৃত স্থিতিশীল বাজারে আগ্রাসীভাবে নিজেদের বাজার অংশ বাড়ানোর চেষ্টা করে। এতে বাংলাদেশের রপ্তানিকারকেরা চাপের মুখে পড়েন। কারণ, উৎপাদনশীলতা কম ও উৎপাদন ব্যয় বেশি হওয়ায় ভারত বা ভিয়েতনামের মতো দেশগুলোর তুলনায় বাংলাদেশি রপ্তানিকারকদের পক্ষে বড় অঙ্কের মূল্যছাড় দেওয়া কঠিন।

বাণিজ্য চুক্তির পরও কেন নতুন প্রস্তাব

গত ৯ই ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করে বাংলাদেশ। ওই চুক্তির আওতায় বাংলাদেশের পণ্যের জন্য পারস্পরিক শুল্কহার ১৯ শতাংশ নির্ধারণ করা হয়েছিল। পাশাপাশি যুক্তরাষ্ট্রের তুলা ও কৃত্রিম তন্তু ব্যবহার করে বাংলাদেশে তৈরি নির্দিষ্ট পরিমাণ পোশাক ও বস্ত্রপণ্যের ক্ষেত্রে পারস্পরিক শুল্ক শূন্য রাখার সুযোগও রাখা হয়েছিল।

তবে নতুন ১৮ শতাংশ শুল্কের প্রস্তাবটি ওই চুক্তির আওতাভুক্ত পারস্পরিক শুল্কের বিষয় থেকে আলাদা। ইউএসটিআর ট্রেড অ্যাক্টের ৩০১ ধারায় যে তদন্ত করেছে, তার ভিত্তিতেই নতুন প্রস্তাব এসেছে। অর্থাৎ ফেব্রুয়ারির বাণিজ্য চুক্তি থাকলেও যুক্তরাষ্ট্রের এই তদন্ত ও শুল্ক প্রস্তাব আলাদা প্রক্রিয়ায় এগোচ্ছে।

অর্থনীতিবিদ মাসরুর রিয়াজ বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সাম্প্রতিক সময়ে ভালো অর্থনৈতিক বোঝাপড়া তৈরি হয়েছিল। দুই পক্ষই বাণিজ্যিক সম্পর্ক এগিয়ে নিতে বিভিন্ন উদ্যোগ নিয়েছিল। এমন পরিস্থিতিতে নতুন শুল্কের প্রস্তাব বাংলাদেশের কাছে অপ্রত্যাশিত ছিল।

বিশেষ করে তৈরি পোশাক রপ্তানিতে নতুন চাপ তৈরি হওয়ার আশঙ্কা

আলোচনার সুযোগ কতটা

প্রস্তাবিত শুল্ক এখনো চূড়ান্ত হয়নি। ইউএসটিআর এ বিষয়ে জনমত ও লিখিত মতামত দেওয়ার সুযোগ রেখেছে ২০২৭ সালের ৫ জানুয়ারি পর্যন্ত। শুনানি শুরু হওয়ার কথা ২৫ জানুয়ারি। এ প্রক্রিয়ার পর যুক্তরাষ্ট্র চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

এ সময়ের মধ্যে বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সুযোগ রয়েছে। তবে শুধু শুল্ক কমানোর অনুরোধ করলেই হবে না; ইউএসটিআরের প্রতিবেদনে উত্থাপিত অভিযোগগুলোরও জবাব দিতে হবে। বিশেষ করে শ্রমিকদের অধিকার, উৎপাদন প্রণোদনা, চীন থেকে কাঁচামাল আমদানির নির্ভরতা এবং শিল্পনীতির বিষয়ে বাংলাদেশের অবস্থান ব্যাখ্যা করা প্রয়োজন।

মাসরুর রিয়াজ বলেন, ‘আগেই জানতে পারলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ ও দর-কষাকষির সুযোগ থাকত।’ তার মতে, আগাম সংকেত পাওয়া গেলে প্রয়োজনে অন্য কোনো বিষয়ে ছাড় দিয়ে হলেও শুল্কের চাপ কমাতে আলোচনা করা যেত।